২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচল সীমিত, নেমেছে বিজিবি

সকাল ৮টার পর থেকেই সংসদ ভবনের একদিকে মানিক মিয়া এভিনিউ ও আরেকদিকের লেক রোডে সাধারণ যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 10:48 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর ভূমিকায় দেখা গেছে। ঢাকার সড়কে নেমেছে বিজিবিও।

শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নগরের গুরুত্বপূর্ণ দুটো সড়ক বন্ধ থাকায় কিছু এলাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অবশ্য আগেভাগেই ট্রাফিক নির্দেশনা দিয়ে বিকল্প পথ বাতলে দিয়েছিল।

শপথ নিতে মঙ্গলবার সকাল ৯টার আগে থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল ১০টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ৮টার পর থেকেই সংসদ ভবনের একদিকে মানিক মিয়া এভিনিউ ও আরেকদিকের লেক রোডে সাধারণ যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। যানবাহনগুলোকে জুলাই জাদুঘরের পাশের সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সড়কে যানজটের কারণে শপথ নিতে যাওয়া নির্বাচিত সংসদ সদস্যদের অনেককে দূরে গাড়ি রেখে হেঁটে যেতে দেখা যায়। পুরো এলাকা পুলিশ, র‍্যাব ও বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের উল্টো দিকে মোহাম্মদপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসা যানবাহনগুলোকে শক্তভাবে নিয়ন্ত্রণ করে পুলিশ। আসাদ এভিনিউ এলাকার অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়, রাস্তা ও ফুটপাথে ভাসমান ব্যবসায়ীদেরও নিয়ন্ত্রণ করা হয়।

তবে এতকিছুর পরেও সকাল থেকেই জুলাই জাদুঘর (সাবেক গণভবন) মোড়, থেকে শুরু করে আড়ংয়ের মোড়, ফার্মগেইট, ধানমণ্ডি ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়।

ব্যাক্তিগত গাড়ির চালক মো. শাকিল বলছেন, “আমি স্কুলে বাচ্চা নিয়া আসছিলাম। পুলিশ রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। কিন্তু গণভবন থেকে শুরু হইছে বাম্পার টু বাম্পার জ্যাম। এইটুকু মোড় পার হইতে আধঘণ্টা লাইগা গেল।”

আশপাশের সড়কগুলোতে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ বেড়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নেমেছে বিজিবিও। সকারে বিজিবির এক বার্তায় বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সকালে সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪ টায় জাতীয় সংসদের সাউথ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। ৬৪ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড়ো স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ২০টি স্থানে এলইডি স্ক্রিনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।