২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা বিএনপি চেয়ারম্যানের।

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 08:02 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যা সাতটার কিছু পরে পরবর্তী সরকারপ্রধান হতে যাওয়া তারেক রহমান দলের নেতাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধী দল হতে যাওয়া জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।

এরপর বিএনপি চেয়ারম্যানের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল।

আগের দিনই বিএনপির তরফে জানানো হয়েছিল দলের চেয়ারম্যান এবারের ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী এক সময়ের জোটসঙ্গী জামায়াতের প্রধান শফিকুরের বাসায় যাবেন।

এবার ভোটে জামায়াত জোটের সঙ্গী ছিল জুলাই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত দল এনসিপি। বিএনপির চেয়ারম্যান এ দলের আহ্বায়ক ও অভ্যুত্থানের সামনের সারিতে থাকা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাসাতে যাবেন বলে শনিবার জানানো হয়েছিল।

এদিন জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সঙ্গে রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা।

এসময় জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

এ সৌজন্য সাক্ষাতের বিষয়ে বিএনপির ফেইসবুক পেইজে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জামায়াত আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপি নেতারা বলেন, দলের একাধিক জ্যেষ্ঠ নেতার পরামর্শে তারেক এবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত আমিরের বাসায় গেছেন।

অপরদিকে এ সাক্ষাতের বিষয়ে জামায়াত আমির শফিকুর শনিবার মধ্যরাতে তার ফেইসবুক পেইজে লেখেন, “আজ (রোববার) বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতকালে অত্যন্ত কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হওয়ার কথা বলবেন।”