২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহর থেকে গ্রাম: চায়ের কাপের ভোট ভাবনা

কেউ চারদিকে ভোটের আমেজ দেখছেন, কারো আবার মন ভরছে না। কেউ দারুণ আশাবাদী, কারো মনে শঙ্কা।

বিডিনিউজ২৪

মাছুম কামাল ও পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 10:52 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

মহাখালীর একটি বহুতল ভবনের লিফটে একজন বেসরকারি চাকরিজীবী তার কয়েকজন সহকর্মীকে বলছিলেন, শুধু ভোট দেওয়ার জন্যই এবার গ্রামে যাবেন; কারণ ‘অনেক বছর পর’ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। 

তার সহকর্মীদের একজন ঠাট্টাচ্ছলে উত্তর দিলেন, “যদি গিয়ে দেখেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে?” 

রংপুরের বাসিন্দা নূর হোসেন অবশ্য তেমন কোনো আশঙ্কা এবার দেখছেন না। বাড়ি নীলফামারীর ডিমলায় হলেও কর্মসূত্রে তিনি থাকেন রংপুর শহরে। 

ভোটের মাঠের পরিস্থিতি কেমন জানতে চাইলে নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “রংপুর শহরে তেমন কোনো রাজনৈতিক সংঘাতের আশঙ্কা দেখছি না। মানুষের মধ্যে নির্বাচনের আমেজ পুরোপুরি দেখা যাচ্ছে। 

“আগের সরকারের আমলে মানুষ যেমন একে অপরের সঙ্গে দেখা হলে ভোট দেওয়া হয়ে গেছে কি না জানতে চেয়ে টিপ্পনী কাটত, এবার চায়ের কাপে আলোচনা কিন্তু তেমন নয়। ভোট দেওয়ার আলাপ নিয়ে এবার সবাই সিরিয়াস।” 

আর একদিন বাদে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত তারা প্রচারের সুযোগ পাবে। ফলে, শহরে-গ্রামে এখন ভোটের আলোচনাই মুখ্য। 

প্রার্থীদের পক্ষে তাদের কর্মীরা ভোট চেয়ে পাড়া-মহল্লায় লিফলেট বিলি করছেন, চালাচ্ছেন গণসংযোগ। গানে-গানে মাইক বাজিয়ে পাড়া-মহল্লায় চলছের প্রার্থীদের প্রচার। প্রার্থীরা নিজেরাও চষে বেড়াচ্ছেন হাট-বাজার, পাড়া-মহল্লা আর চায়ের দোকানে। 

ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

এবারের ভোট নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ২০ জনের সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তাদের মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

ভোটারদের কেউ-কেউ আইন-শৃঙ্খলা নিয়ে আশঙ্কার কথা বললেও, কেউ আবার নির্ভার রয়েছেন। 

কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রবিউল আউয়াল বিজয় মনে করেন, চব্বিশ পরবর্তী এই নির্বাচন আর দশটা নির্বাচনের মত হবে না। 

“এই নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক মতামতের প্রতিফলন হবে, কিংবা টেকসই কোনো সংস্কার হবে বলে আমি বিশ্বাস করি না। তবুও দীর্ঘদিনের গণতান্ত্রিক শূন্যতা কাটিয়ে উঠতে এবং নতুন এক গণতান্ত্রিক যাত্রা শুরুর জন্য এই নির্বাচন একটি মাইলফলক হবে।”

কেউ-কেউ আবার ভোট নিয়ে তেমন আগ্রহ পাচ্ছেন না। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসা তাবাসসুম এবারই প্রথম ভোটার হয়েছে। কিন্তু তা নিয়ে তার মধ্যে কোনো উত্তেজনা নেই। 

রাইসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “ভোট দেব কিনা এখনো জানি না।”

অন্যদিকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া আক্তার মিম ভোট নিয়ে দারুণ আশাবাদী। তার ভাষ্য, “জেন-জিরা যেহেতু একটা ‘রেভোলিউলেশন’ করেছে, আমার মনে হয় এবার ভোট হবে একটু ডিফরেন্ট।”

একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরিনার ভাষ্য, “এবার রাতের ভোট হবে না, একটু ফেয়ার নির্বাচন হবে, এটাই আশা করি।”

ভোটের মিছিল

ভোটের মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে তাজুলের চায়ের দোকানে সন্ধ্যা নামতেই আড্ডায় মাতে গ্রামের মানুষ। এখন সেই আড্ডার মূল বিষয় নির্বাচন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আয়েত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাজুল কাকার দোকান তো নির্বাচনে জমজমাট। তবে আমাদের গ্রামে কোনো সহিংসতা হইব না ইনশাল্লাহ।”

বরিশালের শাহের হাসান কর্মসূত্রে থাকেন সিলেটে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণ দীর্ঘ সময় পরে তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছে। ফলে, সর্বস্তরের মানুষ ভোট দেওয়ার জন্য উচ্ছ্বসিত। সিলেটে তো দেখতেই পাচ্ছি। এ ছাড়া বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, গ্রামাঞ্চলে ভোটের আমেজ আরও বেশি।”

ভোট কেমন হবে–প্রশ্ন করলে তিনি বললেন, “নির্বাচনে কিছু জায়গায় বিএনপি পেশী শক্তি প্রয়োগ করতে পারে এমন আশঙ্কা আমার আছে। এমনকি পতিত আওয়ামী লীগও কোথাও-কোথাও সক্রিয় রয়েছে।”

চাঁদপুরের সুমন হোসেনের আশা, এবারের নির্বাচন হবে ‘উৎসবমুখর’। 

“মানুষ তিনটি পাতানো নির্বাচনের পর এবারের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আশা করছি নির্বাচন জমজমাট হবে।”

‘সংখ্যালঘুদের’ উভয়সংকট

রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরীনের বিবেচনায়, এবারের ভোটে আনন্দ যতটা আছে, উৎকণ্ঠ আছে তারচেয়ে বেশি।

কেন এমন ভাবছেন তিনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের উত্তর, “আমি ভোট দেখছি দুটো জায়গা থেকে, একটা হলো যে অধিকার, আরেকটা হল উচ্ছ্বাসের জায়গা। 

“আমার অধিকারটা আমি বাস্তবায়ন করছি একটা আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এবারের ভোটটা অনেক বেশি ভয়ের, অনেক বেশি উৎকণ্ঠার, অনেক বেশি আশঙ্কার, অনেক বেশি অনিরাপদের।”

ভোট দেওয়া নিয়ে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা চাপে থাকবেন বলে মনে করেন জোবাইদা নাসরীন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন জায়গায় আগে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের বলা হত আওয়ামী লীগের ‘ভোটব্যাংক’। এখন তারা ভোটকেন্দ্রে গেলে জামায়াত ভাববে, বিএনপিকে ভোট দিচ্ছে। আর বিএনপি ভাববে তারা জামায়াতকে ভোট দিচ্ছে। আর ভোটকেন্দ্রে না গেলে ভাবা হবে, এরা আওয়ামী লীগের ভোটার। এজন্য যায়নি।

“এখন এই যে একটা চাপ, ভোট একটা চাপের বিষয় হয়ে গেছে। শুধু তাই নয়, আপনি যদি সংখ্যালঘুর বাইরেও দেখেন, যেমন-আমাদের বন্ধুদের কেউ কেউ হয়ত ভোট দিতে যাবে না। কিন্তু, তারাও কিন্তু একটা চাপে আছে, আশঙ্কায় আছে। ভোট দিতে না গেলে তাদেরকে বলা হতে পারে ‘আওয়ামী দোসর’। এ কারণে ভোট একটা চাপ এবং ভয়ে পরিণত হয়েছে। ভোট নিয়ে একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। এটা কিন্তু ভোটের মাঠে খুব ভালো সংকেত নয়।”

জোবাইদা নাসরীনের কথার সূত্র ধরে অন্তত ১০ জন হিন্দু ভোটারের সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তাদের মধ্যে ৮ জন নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।

তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে, ভাতিজাদের বলছি, নির্বাচন নিয়ে বাইরে কোনো আলাপ না করতে। এখন তো একটু ভয় আছেই। কোন কথা থেইক্যা আবার কী হয়?”

মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা পরেশ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন পর নির্বাচন হইতেছে, ভোট দিতে যামু। এখন ভোটকেন্দ্রে ঝামেলা হয় কিনা, এটা নিয়ে ভাবতেছি। ওই দিন যদি দেখি যে ভালোমতোই হইতেছে, তাইলে ভোট দিমু।”

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে যে উৎসাহ থাকার কথা ছিল, তা দেখছেন না লেখক ও রাজনীতি গবেষক মহিউদ্দিন আহমদ। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের মাঠের পরিস্থিতিটা আমার কাছে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। যদিও বলা হচ্ছে সবাই সমান সুযোগ পাচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একটা বিশেষ দলের পক্ষে জোয়ার তৈরির চেষ্টা চলছে।

“সাধারণ মানুষের মধ্যে ভোটের চেয়ে বেশি আলোচনা হচ্ছে যে, ফলাফল তো ‘আগেই নির্ধারিত’ হয়ে আছে। এটাকে আমরা এক ধরনের ‘প্রি-ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে পারি। মানুষের মনে যে উৎসাহ থাকার কথা ছিল, সেটা আমি দেখছি না।”

তবুও প্রশ্ন

এবারের সংসদ নির্বাচনে ২৯৯ আসনে দুই হাজারের কিছু বেশি প্রার্থী রয়েছেন। এর মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী, বাকিরা ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী। 

আর বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন।

নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে রোববার মাঠে নেমেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে গেল শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, “সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাত দিন থাকবে।”

তবে সব মিলিয়ে ভোটের আমেজ যতটা থাকলে স্বাভাবিত বলা যেত, ততটা দেখছেন না রাজনীতি বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “বড় একটি দল নির্বাচনে আসেনি এবং অন্যান্য দলের যারা এসেছে, তারা খুব বেশি পরিচিত মুখ না। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে। 

“কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টকশোতে আমরা দেখছি যে, একটা বড় ধরনের প্রপাগান্ডা বা ক্যাম্পেইন চলছে। সেখানে এমন একটা আবহ তৈরি করা হচ্ছে যে, একটি নির্দিষ্ট দলই ক্ষমতায় আসছে। এই যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আমরা বলি, সেটা এবারের নির্বাচনে একদমই অনুপস্থিত।”

প্রশাসন এবং অন্যান্য অংশীজনদের আচরণে আসিফ শাহানের মনে হয়েছে, তারা এরইমধ্যে ‘একটি পক্ষ’ নিয়ে ফেলেছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এক ধরনের আশঙ্কা আছে। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ ফেব্রুয়ারি যখন ভোট হবে, তখন যদি সংঘাত বা সংঘর্ষ বাড়ে, তাহলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যাবে কি না তা নিয়ে সন্দেহ আছে। মাঠে প্রচুর অবৈধ অস্ত্র দেখা যাচ্ছে এবং পুলিশ বা অন্যান্য বাহিনীর যে নিরপেক্ষ ভূমিকা থাকার কথা, সেটা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, “ভোট হবে, তবে ভোটের আরও যে কয়দিন আছে, এর মধ্যে উত্তেজনা থাকবে সবার মধ্যে।”

তার ভাষ্য, “পথে-ঘাটে, আলাপ-আলোচনায় যেটা শুনছি, যে অলরেডি বিএনপি ক্ষমতায় চলে গেছে। এটা আমার কাছে মনে হচ্ছে। সকল স্টেকহোল্ডার, সকল পক্ষ মিলে যেন বিএনপি জিতেছে—মোটামুটি এটা চালু হয়ে এসেছে চারদিকে। বিএনপি ক্ষমতায় আসছে। 

“এই প্রচার মানুষের মধ্যে বদ্ধমূল হওয়ার পেছনে আমার মনে হয়, বিশেষ করে নির্বাচনি মাঠের যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা একদমই কাজ করেনি। কোন দল ক্ষমতায় আসবে বা না আসবে, আমি কাকে চাই সেটা আমি বলছি না। তবে লেভেল প্লেয়িং ফিল্ডটা হয়নি।”