Published : 29 Jan 2026, 07:00 PM
নওগাঁ শহরে নির্বাচনি জনসভা মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে তিনি এটিম মাঠের মঞ্চে উঠলে করতালি দিয়ে স্বাগত জানান সমর্থকরা; হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি নেতা।
সমাবেশে নওগাঁ ও জয়পুরহাটের ৮টি আসনের প্রার্থী উপস্থিত রয়েছেন। তারা হলেন— মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), সামসুজ্জোহা খান (নওগাঁ-২), ফজলে হুদা (নওগাঁ-৩), ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ-৫), শেখ মো. রেজাউল ইসলাম (নওগাঁ-৬); মাসুদ রানা প্রধান (জয়পুরহাট-১) ও আব্দুল বারী (জয়পুরহাট-২)।
এদিন দুপুরে রাজশাহীতে সুফি সাধক শাহ মখদুম (র.) মাজার জিয়ারতের মাধ্যমে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। শিক্ষানগরীর মাদ্রাসা মাঠে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের জনসভা শেষে পাশের জেলা নওগাঁয় আসেন তিনি। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।
নওগাঁর সমাবেশ শেষ করে তারেক রহমান নিজের জেলা বগুড়ার পথে রওনা হবেন। রাতে আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলের তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকালে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
এরপর শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনি জনসভা রয়েছে। এ সফর কালে বিএনপি চেয়ারম্যান দুইদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।
সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি।
এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
একদিন বাদে মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন।