কুড়িগ্রামের ৪টি আসনেই বিএনপির ভরাডুবি
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ ফল ঘোষণা করেন।
কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
এই জেলায় একটি আসনেও বিএনপির প্রার্থীরা জেতেননি।
বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ ফল ঘোষণা করেন।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতের আনোয়ারুল ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে শাপলা কলি প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী আতিকুর রহমান।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ১ লাখ ৫ হাজার ১৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪০৩ ভোট।
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৭৬২ ভোট।
প্রত্যেক আসনে ৬২ থেকে ৬৪ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল বলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানিয়েছেন।
