২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট বর্জন পার্থের

অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 05:39 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

ভোটগ্রহণের মাঝপথে রোববার দুপুরে তিনি বলেন, শুরু থেকেই নির্বাচনের ‘পরিবেশ ছিল না’, তারপরও তিনি সুষ্ঠু ভোটের আশায় ছিলেন।

গুলশান, বনানী, সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে পার্থের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফারুক।

বিএনপি ভোটগ্রহণের মধ্যে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে; তাদের এজেন্টদের বের করে দেওয়া হয় বলেও দলটির অভিযোগ।

পার্থ বলেন, “আমাদের প্রথম মিটিংয়েই আমাদের কর্মীদের গ্রেপ্তার করেছে। তারপর তারা আমাদের নির্বাচন করতেই দেয় নাই।”

সেনানিবাস এলাকার কয়েকটি কেন্দ্র ছাড়া আর কোথাও ধানের শীষের এজেন্টকে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

“মনে করেছিলাম নির্বাচনটা ভালো করে করবে। দেখি সকাল সাড়ে ৭টা-সাড়ে ৮টার দিকে আমাদের নারী পোলিং এজেন্টদের মেরে কালাচাঁদপুর, শাহজাদপুর, তিতুমীর কলেজ, কড়াইল সেন্টার থেকে বের করে দিয়েছে। কোথাও বেঁধে রেখেছে, মোবাইল নিয়ে গেছে।”

পার্থ বলেন, নিকেতন কেন্দ্র থেকে তাকেও বের করে দেওয়া হয়েছে।

“বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে আমার কর্মীর মাথায় পিস্তল ধরেছে পুলিশ। আরেক জায়গায় পুলিশ আমার পোলিং এজেন্টকে হ্যান্ডকাফ পরিয়ে রেখেছে।”

তিনি অভিযোগ করেন, অনেক স্থানে পোলিং এজেন্ট ঠিক করেছে পুলিশ।

“এজেন্টদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রিজাইডিং অফিসার। যেখানে ৩৫টা পোলিং এজেন্ট থাকার কথা সেখানে পাঁচজন আছে। পুলিশ ঠিক করে এজেন্ট থাকবে কি থাকবে না।”