২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হামলার পর সাতকানিয়ার এক কেন্দ্রে ভোট বন্ধ

চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়ার একটি কেন্দ্রে জামায়াতে ইসলামীর অনুসারীদের হামলায় একজন গুলিবিদ্ধ হওয়ার পর সেখানে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 01:38 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

রোববার বেলা পৌনে ১২টার দিকে সাতকানিয়ার পূর্ব ছদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলায় আবদুর রহমান নামের একজন আহত হন।

স্থানীয়রা তাকে আওয়ামী লীগের কর্মী বললেও পুলিশ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলাম ধানের শীষের প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সাতকানিয়া থানার ওসি মো. শফিউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখলে নিতে চার থেকে পাঁচশ লোক নিয়ে আসে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

“এসময় দুই পক্ষে সংঘর্ষ হয়। আবদুর রহমান নামের একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর এখানে ভোটগ্রহণ বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।”

এই আসনে তিন লাখ ৮৮ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে দুই লাখ চার হাজার ১৭০ জন পুরুষ এবং এক লাখ ৮৩ হাজার ৯৬৭ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৪৭টি কেন্দ্রের ৭৭২ ভোট কক্ষে।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়ায় দলটির নেতারা এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে রয়েছেন।