এখন পর্যন্ত পরিস্থিতি ভালো, ৩ ঘন্টার মাথায় সিইসি
ভোটের পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্বেগ প্রকাশের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে।
রোববার সকাল ১১টায় ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় তিনি সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালোই। দুয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
“নোয়াখালীর একটা জায়গায় গণ্ডগোলা হয়েছে বোধ হয়। আর চট্টগ্রামের একটা জায়গায়, দুয়েকটা জায়গায় স্থগিত আছে ভোট।”
সকাল পৌনে ১১টার পর রাজধানীর উত্তরার ৫ নম্বরে সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূরুল হুদা। সিইসির আগে একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী হোসনে আরা হুদা।
এর আগে সকাল ৯টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন অভিযোগ করেছিলেন, সারাদেশের ভোটকেন্দ্র দখলের কারণে অনেকে ভোট দিতে পারছেন না।
তিনি সাংবাদিকদের বলেছিলেন, “মিনিটে মিনিটে টেলিফোন কল আসছে যে, ‘কামাল ভাই আমাদের এখানে রাতেই হয়ে গেছে, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেল।’ এগুলো আমার পকেটে ভর্তি।
“জায়গায় জায়গায় যে খবরগুলো পাচ্ছি, এটা উদ্বেগজনক। এগুলো খুবই দুঃখজনক, লজ্জ্বাজনক।”
বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই জাল ভোট দেওয়া এবং কেন্দ্রে ধানের শীষের প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো ঢাকায় বসে তো নিয়ন্ত্রণ করা যাবে না। তাদের নির্দেশ দেওয়া আছে যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে।
“তারা চেষ্টা করবে নিয়ন্ত্রণে রাখতে। পরিস্থিতি যদি তাদের নিয়ন্ত্রণে রাখতে না পারে তাহলে ভোট বন্ধ করে দেওয়ার নিয়ম আছে। এটাতো যারা দেশব্যাপী নির্বাচনের দায়িত্বে আছে তারা দায়িত্ব পালন করে যাবে।”
নিজের কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট দেখেছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “আমি খেয়াল করি নাই। সেটা জিজ্ঞাসা করি নাই।”
সেখানে ধানের শীষের এজেন্ট দেখা যাচ্ছে না বলে জানালে সিইসি বলেন, “এটাতো এজেন্ট বলতে পারে। এজেন্টরা না আসলে এজেন্ট থাকবে না।”
তাদের আসতে বাধা দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “সেটাতো আমি জানি না। কেউ বলেছে আসতে পারে নাই? এরকম বলেছে? আমার কাছে বলেনি।”
নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন শেষ হোক তারপর এসেস করা যাবে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে।”
