ভোট শেষ হয়েছে সারা দেশে
টানটান উত্তেজনার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সারা দেশে।
কনকনে শীতে রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটের চিত্র পাঠিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা:
দিনাজপুর
প্রচণ্ড শীতের মধ্যেও বিভিন্ন কেন্দ্র ঘুরে সমর্থকদের উপস্থিতিতে উৎসবের আমেজ দেখা গেছে। এ জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ প্রার্থী।
জেলার ছয়টি আসনের নয়টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়নের ৭৯১টি কেন্দ্রে এই ভোট চলছে। কেন্দ্রগুলোর মোট ভোটারের সংখ্যা ২২ লাখ সাড়ে আট হাজার।
অন্যদিকে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম একাডেমি স্কুল কেন্দ্রে সকাল সোয়া ৯টায় ভোট দেন। দিনাজপুর-৪ আসনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী খানসামা টঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেন।
বাগেরহাট
বিভিন্ন কেন্দ্র ঘুরে কনকনে শীতের সকালে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
বাগেরহাটে চারটি আসন।
সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
অন্যদিকে নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার, র্যাব, কোস্টগার্ডের প্রায় আট হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার কাছে নিয়োজিত আছে। এসব বাহিনীর পাশাপাশি বাড়তি নিরাপত্তা দিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
ভোট দিতে আসা রিজিয়া পারভীন বলেন, “যে প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবে ও যাকে আমরা সব সময় সুখে-দুঃখে পাশে পাব তাকেই ভোট দেব।”
ভোট দেওয়া শেষে বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার প্রতীক, সাধারণ জনগনের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিলাম।
“জয়ের ব্যাপারে আমি আশাবাদী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম। আশা রাখছি সারাদিন পরিবেশ এমন শান্তিপূর্ণ থাকবে।”
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোলা
ভোলায় চারটি আসনের জন্য ৪৬৭টি কেন্দ্রে ভোট চলছে।
ভোলা-১ সদর আসনের আওয়ামীলীগ পদপ্রার্থী বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাড়ে ৮টায় বিএনপি প্রার্থী আলহাজ্জ গোলাম নবী আলমগীর শহরের বাংলা স্কুল কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
ভোট দেওয়া শেষে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “৭০ এর নির্বাচনে জনগণ যেভাবে বঙ্গবন্ধুকে নির্বাচিত করেছে এবারও জনগণ একই ভাবে শেখ হাসিনাকে নির্বাচিত করবে।”
তবে একই কেন্দ্রে ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর অভিযোগ করে বলন, “প্রিজাইডিং অফিসারের সামনেই সন্ত্রাসীরা ভোটারদের ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে, ভোটাররা ভোট দিতে পারছে না। কেন্দ্রে ভোট দেওয়ার কোনো পরিবেশ নেই।
“এটা প্রহসনের নির্বাচন।”
অপরদিকে ভোলা-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ভোটারদের উপস্থিতি প্রমাণ করে তার প্রতিদ্বন্দ্বী মেজর হাফিজ উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হবে।”
হবিগঞ্জ
হবিগঞ্জের চারটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হবিগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “হবিগঞ্জবাসীর উপর আমার আস্থা আছে। আশা করি তারা উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আজ সারাদিন নৌকা মার্কায় ভোট দেবে।”
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজু রায় বলেন, “যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তার কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জের প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
“সেনাবাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও সেনা টহল জোরদার করা হয়েছে।”
হবিগঞ্জের চারটি আসনে ৬৬৩টি ভোট কেন্দ্রে ১৪ লাখ ২৫ হাজার পাঁচশত ৬৪ জন ভোটার রয়েছেন।
মুন্সীগঞ্জ
জেলার তিনটি আসনে ছয়টি উপজেলায় কেন্দ্র রয়েছে ৪৬১টি। এরমধ্যে ২২৬টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলার মোট ভোটার ১১ লাখ ৬৩ হাজার ১৯৬ জন। এর মধ্যে নারী ভোটার পাঁচ লাখ ৬৫ হাজার ৩৬৩ জন এবং পুরুষ ভোটার পাঁচ লাখ ৯৭ হাজার ৮৩৩।
জেলার তিনটি আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকে মোট ২২ জন প্রার্থী লড়ছেন।
টাঙ্গাইল
টাঙ্গাইলে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আটটি আসনের এক হাজার একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।
টাঙ্গাইলের আটটি আসনে মোট ভোটার রয়েছে ২৭ লাখ আট হাজার ৩৯৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৮৯ হাজার ৯১১জন এবং নারী ভোটার ১৪ লাখ চার হাজার ৪৮৭জন। এদের মধ্যে নতুন ভোটার রয়েছেন ৪১ হাজার ৩৩৭জন।
টাঙ্গাইলের আটটি আসনে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা
কনকনে শীত উপেক্ষা করে গাইবান্ধার চারটি সংসদীয় আসনের চারশ ৭৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোট কেন্দ্রগুলোর মধ্যে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে অর্ধশতাধিক। এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
গাইবান্ধা-২ (সদর) আসনের হরিণসিংহা আর্দশ উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা নারী আসমা বেগম বলেন, “পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা দেখে ভালোও লাগছে।
আবদুল মালেক নামে আরেক ভোটার বলেন, “সকাল সকাল এসে ভোট দিলাম, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ।”
গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, গোটা জেলার নিরাপত্তায় প্রায় তিন হাজার পুলিশ কাজ করছে। এ ছাড়া সেনাবাহিনীর ১৬ প্লাটুন, বিজিবির ১৭ প্লাটুন, র্যাবের ছয় প্লাটুন সদস্য, ভোটকেন্দ্রগুলোতে পাঁচ হাজার ৫৭৬ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান তিনি।
গাইবান্ধার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন ৩১ জন। তবে শেষ মহুর্তে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী ফারুক কবীর আহমেদের প্রার্থীতা বাতিল হওয়ায় মাঠে রয়েছেন ৩০ জন প্রার্থী।
যশোর
বিভিন্ন কেন্দ্রে তীব্র শীতের মধ্যে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নির্বাচনে যশোরের ছয়টি আসনে মোট প্রার্থী ৩৭ জন। এর মধ্যে যশোর-১ (শার্শা উপজেলা) আসনে প্রার্থী চারজন, যশোর-২ ( চৌগাছা ও ঝিকরগাছা) আসনে সাত জন, যশোর-৩ (সদর) আসনে ছয় জন, যশোর-৪ (বাঘারপাড়া) আসনে আট জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে সাত জন ও যশোর-৬ ( কেশবপুর) আসনে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয়টি আসনে মোট ভোটার ২০ লাখ ৯২ হাজার ৩৫৭ জন।
