২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট বর্জন করলেন ধানের শীষ-লাঙ্গলের ৩ প্রার্থী

প্রতিনিধিদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে খুলনায় তিন আসনের তিন প্রার্থী ভোট বর্জন করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 12:50 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

তাদের মধ্যে দুইজন ঐক্যফ্রন্টের। তারা হলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের গোলাম পরওয়ার ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আবুল কালাম আজাদ।

গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির। আর আজাদ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির। তাদের প্রতীক ধানের শীষ।

অন্যজন হলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভরায়। তার প্রতীক লাঙ্গল।

গোলাম পরওয়ার রোববার সকাল ১০টায় ফুলতলায় সাংবাদিকদের বলেন, “১৩৩টা কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ভোটারদের বলা হচ্ছে, নৌকায় ভোট দিতে হবে। না হলে পুলিশে দেওয়া হবে।

“এভাবে চললে আমি কোনো ভোট পাব না। ফলে এই নির্বাচনকে আমি বৈধতা দেব না। তাই ভোট বর্জন করলাম।”

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষেও একই অভিযোগ আনা হয়েছে।

আজাদ নাশকতার মামলায় কারাগারে রয়েছেন।

তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির শাহ আলম বেলা ১২টায় ঘোষণা দেন, “এই নির্বাচনে আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এ নির্বাচন বর্জন করছি।”

এছাড়া ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভরায়।

তিনি অভিযোগ করেন, “আমার নেতাকর্মীরা ভোটকেন্দ্রে যেতে পারছে না। এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই ভোট বর্জন করছি।”