ঢাকায় ধানের শীষের সালাহউদ্দিনের ওপর হামলার অভিযোগ
ভোটের দিন সকালে ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনাটিকে ‘সাজানো’ বলছে পুলিশ।
সালাহউদ্দিনের ছেলে রবীন জানিয়েছেন, রোববার সকাল সোয়া নয়টার পরে তার বাবা শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে গেলে তার ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রবীন টেলিফোনে বলেন, “হামলায় তাদের ১৫-১৬ জন আহত হয়েছে। তার বাবার পিঠে ও পেটে কোপ লেগেছে।ডাক্তারা বলেছে তার রক্ত বন্ধ করা যাচ্ছে না। অবস্থা আশঙ্কাজনক।”
যোগাযোগ করা হলে অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “কর্তব্যরত চিকিৎকরা তাকে দেখছেন। প্রাথমিকভাবে তাকে কী চিকিৎসা দেওয়া হবে সেটা চিকিৎসকরা দেখার পর জানা যাবে।”
বিএনপির সাবেক এই সাংসদের শরীরিক অবস্থা জানতে চাইলে হাসপাতালের এই কর্মকর্তা বলেন, “তিনি হেঁটে হাসপাতালে ঢুকেছেন। সচেতন আচরণ করছেন। তেমন গুরুতর কিছু মনে হয়নি।”
যে কেন্দ্রে সালাহউদ্দিনের ওপর হামলার অভিযোগ, সেখানকার প্রিজাইডিং অফিসার এসএম রোজাউল করিম বলেন, “সকাল থেকে পর্যন্ত ধানের শীষের কোনো এজেন্ট আমার কাছে আসেনি। কিন্তু সালাহউদ্দিন সাহেব বারবারই অভিযোগ করছেন উনার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
“আমি তাকে এজেন্ট পাঠাতে বলেছি। বলেছি সুন্দর পরিবেশ আছে। কিন্তু উনি কোনো কথা না শুনে প্রত্যেকটি বুথের মধ্যে সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে খারাপ ব্যবহার করেছেন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে সালাহউদ্দিন ওই কেন্দ্রে। সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থকরা স্লোগান দিচ্ছিল। সালাহউদ্দিন কেন্দ্র থেকে বের হওয়ার সময় মহাজোটের সমর্থকদের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তার ওপর হামলা হয়।
তবে হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন।
তিনি বলেন, “এটি একটি সাজানো ঘটনা। উনি নিজেই সেখানকার লোকজন ও প্রিজাইডিং অফিসারের সাথে খারাপ ব্যবহার করেছেন। এমনকি ধাক্কাধাক্কিও করেছেন।”
তদন্তে সত্য ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও ঘটনা তদন্ত করে দেখার কথা বলেছেন।
“ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে ভোটাররা। ভোটের পরেও কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি।” সকালে তেজগাঁও কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কাজী মোবারক হোসেন জানিয়েছেন, শ্যামপুরের ওই কেন্দ্রে বর্তমানে পুলিশ-র্যাবের ব্যাপক উপস্থিতি রয়েছে ।
এই আসনে সালাহউদ্দিনের মূল প্রতিপক্ষ মহাজোটের শরিক জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে ভোটে রয়েছেন।
