২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঝামেলাহীন ভোটের সকাল

রাতে বাঁশখালী ও পটিয়ায় নির্বাচনী সহিংসতায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটলেও সকালে কোনো ধরনের অঘটন ছাড়াই চট্টগ্রাম নগরী ও জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 10:16 AM

Updated : 19 Aug 2022, 03:10 PM

সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে দুই ঘণ্টায় চট্টগ্রাম ৯, ১০ এবং ১২ আসন ছাড়াও কয়েকটি আসনের ভোটকেন্দ্র ঘুরে এবং ভোটারদের সাথে কথা বলে শান্তিপূর্ণ ভোটের খবর পাওয়া গেছে।

নগরীর চর চাক্তাই স্কুল কেন্দ্রের ভোটার রিকশাচালক নূর মোহাম্মদ সকাল ৮টা ১০ মিনিটে ভোট দিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে ভোট দিছি। তারপর রিকশা লইয়া বার হইছি। ভোট দিতে কোনো সমস্যা নেই। মেশিনে (ইভিএম) ভোট দিছি।

“যারা দেশে শান্তি আনব তারা জিতুক। মারামারি কাটাকাটি আর ভালা লাগেনা।”

নগরীর দামপাড়া পুলিশ লাইন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর মো. হারুনুর রশিদ বলেন, “লাইনে দাঁড়িয়ে ভোট দিতে কোনো সমস্যাই হয়নি। খুব সুন্দরভাবে সুষ্ঠু ভোট হচ্ছে। বাসায় এসে অন্যদের বলেছি তাড়াতাড়ি ভোট দিতে যেতে।”

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানকার বাসিন্দা জসিম উদ্দিন চৌধুরী।

রাতে পটিয়ায় এক যুবলীগকর্মী খুন হলেও এ ঘটনার কোনো প্রভাব ভোটারদের মধ্যে পড়েনি বলেও জানান তিনি।

“ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। মানুষ উৎসবের আমেজে ভোট দিচ্ছে।”

চট্টগ্রাম মহানগরীতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলার কথা বলেছেন মহানগর পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান।

সকাল ১০টার দিকে নগরীর জামালখান এলাকায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কেন্দ্রটি চট্টগ্রাম-৯ আসনের (কোতোয়ালী-বাকলিয়া) অর্ন্তগত।

পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বলেন, “আমার মহানগরে উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন।

“এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। কোথাও কোথাও লম্বা লাইন আছে। এ কারণে কয়েকটি কেন্দ্রে ধীরগতি থাকতে পারে। তবে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।”

কোনো কোনো কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি এমন অভিযোগের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, “এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।

“অভিযোগ পেলে তাদের এজেন্টকে আমরা গিয়ে কেন্দ্রে দিয়ে আসব।”

সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার মোট এক হাজার ৮৯৯টি কেন্দ্রে ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটর ২৯ লাখ ১২ হাজার ৭২ জন এবং নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৮৯ জন।

নগরী ও জেলার মোট ১৬ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নৌকা প্রতীকের প্রার্থী ১৫ জন। এদের মধ্যে ১৩ জন আওয়ামী লীগের, একজন বাংলাদেশ জাসদের, একজন তরিকত ফেডারেশনের। মহাজোটের শরিক একজন জাতীয় পার্টির একজন লড়ছেন লাঙ্গল নিয়ে।

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ১৬ জন। তাদের মধ্যে বিএনপির ১২ জন, এলডিপির দুইজন, জামায়াতে ইসলামীর একজন এবং কল্যাণ পার্টির একজন প্রার্থী হয়েছেন।