২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৪: ‘দাপুটে’ আসলামে কোণঠাসা সাজুর ‘রাতে প্রচার’

মিরপুর-শাহ আলী ও  দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে টানা দুই মেয়াদের সাংসদ আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলামের ‘দাপটে’ কোণঠাসা হয়ে পড়া বিএনপির প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা সেরেছেন রাতের আঁধারে।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 07:15 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

নির্বাচনী প্রচারণার একেবারে শেষ দিকে মাঠে নামে গণতান্ত্রিক বাম জোট। বিএনপি-আওয়ামী লীগের ‘অত্যাচার-নিপীড়নের’ প্রতিবাদে মাঠে নেমে দিন বদলের শপথ, নাগরিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় তারা।

প্রভাবশালী আসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে মিরপুরের শাহ আলী ও দারুস সালাম এলাকার বাসিন্দাদের। অন্যদিকে মিরপুর অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এস এ খালেকের ছেলে সাজু ধানের শীষের প্রার্থী হওয়ায় বিএনপি সমর্থকরা বলেন, সুষ্ঠু ভোট হলে জয় তাদেরই হবে।

এই দুই প্রার্থীর বাইরে হাতপাখা মার্কায় ইসলামী আন্দোলনের প্রার্থী ভোট চাইতে ঘুরেছেন দ্বারে দ্বারে, রাজধানীর অন্য সব আসনের মতো নৌকা প্রতীকের পর সবচেয়ে বেশি তাদেরই পোস্টার দেখা গেছে।

তবে এই অঞ্চলের নারী ভোটারদের অনেকে বলেছেন, নারীদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়া এই দলকে কখনো ভোট দেবেন না তারা।

ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর, শাহ আলী ও দারুস সালাম নিয়ে গঠিত হয়েছে ঢাকা-১৪ আসন। এ আসনে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডগুলো।

Image
গাবতলী লালকুটি এলাকায় ঢাকা-১৪ আসনের নৌকার প্রার্থী আসলামুল হকের নির্বাচনী প্রচার ক্যাম্পে সমর্থকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

গাবতলী লালকুটি এলাকায় ঢাকা-১৪ আসনের নৌকার প্রার্থী আসলামুল হকের নির্বাচনী প্রচার ক্যাম্পে সমর্থকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

নির্বাচনী প্রচারের মাঠে দুই প্রধান রাজনৈতিক দলই একে অপর পক্ষের দুর্নীতি-সন্ত্রাসের কথা বলে। আসন ধরে রাখার সঙ্গে আসন পুনরুদ্ধারের লড়াইও তাই বেশ জমজমাট এখানে।

১৯৭৩, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে এখানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। মাঝে ১৯৭৯, ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থীরা মিরপুর অঞ্চলের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পায়। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন আসলামুল হক।

দখল, টেন্ডারবাজি, সরকারি কর্মকর্তাদের হুমকি, মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ নানা সমালোচনা রয়েছে আসলামুল হক আসলামের বিরুদ্ধে।

আসলামুল হক দীর্ঘদিন শাহ আলী থানা আওয়ামী লীগের রাজনীতি করেছেন। পরে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন।

বাসের কাঠামো নির্মাণ ও পরে জমি কেনাবেচায় মধ্যস্ততার ব্যবসা করতে গিয়ে দাঁড় করিয়ে ফেলেন মায়িশা প্রপার্টি ডেভেপলমেন্ট। এই মায়িশা’র মাধ্যমে সাংসদ আসলাম দেদারসে ‘জমি দখল করে যাচ্ছেন’ বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

গাবতলীর বাসিন্দা ফরিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমপি সাহেব কত মানুষের জমি কাইড়া নিসে, হেইডা কি কইয়া শেষ করন যাইব? বেশি কথা কইতে গেলে, তার পোলাপাইনে ডর দেহায়। জানে মাইরা ফালাইব।”

রাজধানীর কল্যাণপুরের খালে অবৈধ স্থাপনা স্থাপনা উচ্ছেদ করতে গেলে সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন আসলামুল হক। এই সাংসদের বিরুদ্ধে  মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার জমি দখলের অভিযোগও উঠেছিল, পরে এই অভিযোগে মামলাও হয়েছিল তার বিরুদ্ধে।

Image
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় ঢাকা-১৪ আসনের নৌকার প্রার্থী আসলামুল হকের নির্বাচনী প্রচারে তার সমর্থকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় ঢাকা-১৪ আসনের নৌকার প্রার্থী আসলামুল হকের নির্বাচনী প্রচারে তার সমর্থকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

ওই ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধাদের মারধরের অভিযোগও উঠেছিল আসলামুলের বিরুদ্ধে। পাল্টায় তিনি মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছিলেন বলে গণমাধ্যমেও খবর আসে। এর বাইরে জমি দখলের আরও অনেক অভিযোগ রয়েছে এই সাংসদের বিরুদ্ধে।

নির্বাচনী এলাকার রূপনগর ও শিয়ালনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি বন্ধ হলেও মাদকের বিস্তৃতি বলে এলাকাবাসী জানিয়েছেন।

রূপনগরের বাসিন্দা মোহাম্মদ নাসির বলেন, “পোলাপাইনে ওপেন গাঞ্জা টানে, ইয়াবা-টিয়াবা খায়। কত ভালা পোলাপাইন এই সবে জড়ায়া নষ্ট হইয়া গেসে। কলেজের পোলাপাইন রাজনীতির কী বুঝে? হেগোরেও টাইনা লইয়া যায়। আমরা নিরূপায়।”

সাংসদ ‘সমর্থকদের’ চাঁদাবাজির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বিস্তৃত করতে পারছেন না বলে অভিযোগ করেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার ব্যবসায়ী মোহাম্মদ খলিল।

তিনি বলেন, “বিএনপির সময়ে খালেক সাহেবের অত্যাচারে টিকতে পারি নাই। এখন আসলাম সাহেব। আমরা যামু কই? ভাবছিলাম আওয়ামী লীগ এবার নতুন কাউকে আনব এই এলাকায়। কিন্তু আমাদের আশা তো আর জানে না তারা!”

এসবের পরেও দলকে গুছিয়ে এনে নির্বাচনী প্রচারে সরব আসলামের জয়ের বিষয়ে আশাবাদী তার সমর্থকরা।

দারুস সালাম থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান রাসেল বলেন, “বিএনপির আমলে রাজনৈতিক হামলা, মামলায় এলোমেলো হয়ে যাওয়া দলকে গুছিয়ে নিয়েছেন আসলামুল হক আসলাম। দলকে সংগঠিত করেছেন পরে। তার চেয়ে প্রভাব আর কোনো নেতার হতে পারে না।”

এলাকার বাসিন্দাদের অভিযোগ নিয়ে কথা বলতে সাংসদ আসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

এবার নির্বাচনী কমিশনে আসলামের দেওয়া হলফনামা থেকে জানা গেছে, ব্যবসায়ী আসলামের বার্ষিক আয় ৩৫ লাখ টাকা। ১ কোটি টাকার স্থাবর সম্পত্তির পাশাপাশি ৭ কোটি ৩৪ লাখ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তার।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছিলেন ২৩ লাখ টাকা। তখন তার স্থাবর সম্পত্তি ছিল ৯৫ লাখ টাকার, অস্থাবর সম্পত্তি ছিল ৩ কোটি টাকার।

‘রাতের আঁধারে’ নির্বাচনী প্রচারণায় বিএনপি 

আওয়ামী লীগের দাপটে দিনের আলোয় নির্বাচনী প্রচারণা চালাতে না পেরে বিএনপি শেষে ‘রাতের আঁধারে’ তা করেছে বলে জানিয়েছেন দারুস সালামের টেকনিক্যাল এলাকার বাসিন্দারা।

জাতীয় পার্টি ও বিএনপির মনোনয়ন নিয়ে আগে মিরপুর থেকে সংসদ সদস্য হওয়া এস এ খালেকের ছেলে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু এখানে ধানের শীষের প্রার্থী।

আবাসন ব্যবসায়ী সাজু রাজনীতির ময়দানে নতুন হলেও তার বাবা খালেকের প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছেন নির্বাচনী প্রচারণায়।  

‘পুলিশের ধরপাকড়ে’ নির্বাচনী ক্যাম্প করতে পারেননি বলে অভিযোগ করেন সাজু। পরে নিজের বাড়িতেই নির্বাচনী অফিস খুলেছেন বলে জানান তিনি।

রাতে নির্বাচনী প্রচারের বিষয়ে তিনি বলেন, “আমার নির্বাচনী ক্যাম্প করব কি করে? আওয়ামী লীগের লোকজন সব ভেঙ্গে-চুরে ফেলেছে। তবে আমি বসে নাই ভয় পেয়ে। বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে আমার দলের লোকজন নির্বাচনী প্রচারণা চালিয়েছে।”

নির্বাচনের দিন ভোটগ্রহণ ‘সুষ্ঠু’ হলে মিরপুরের শাহ আলী থানা ও দারুস সালাম থানার বাসিন্দারা আওয়ামী লীগের ‘অপশাসনের জবাব দেবে’ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি শাসনামলে এই অঞ্চলে দুর্ভোগ, নিপীড়ন-নির্যাতনের কথা তুললে তিনি আর কিছু বলতে রাজি হননি।

নির্বাচন কমিশনে হলফনামায় সাজু তার বার্ষিক আয় দেখিয়েছেন ২ কোটি টাকা; তার অস্থাবর সম্পত্তি রয়েছে ৬ কোটি টাকার, আর স্থাবর সম্পত্তি রয়েছে ৯ কোটি টাকার।

শেষ মুহূর্তে কাস্তের প্রচারণা

মিরপুরের এই আসন থেকে এবার সিপিবির হয়ে লড়ছেন রিয়াজ উদ্দিন। নির্বাচনী প্রচারণার শেষ দিকে তাকে মিরপুরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাতে দেখা যায়।

এলাকাবাসী জানিয়েছেন, তার দলের সমর্থকরা আওয়ামী লীগ ও বিএনপির সময়ে নানা দুঃশাসনের কথা উল্লেখ করে কাস্তে প্রতীকে ভোট চেয়েছেন।

এবার এই আসন থেকে বিএনএফের মো. আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের মো. আবু ইউসুফ, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাকের পার্টির মো. জাকির হোসেন প্রার্থী হলেও তাদের অবস্থা ততোটা ভালো নয় বলেই স্থানীয়রা জানিয়েছেন।