কেন্দ্রে যেতে সংখ্যালঘুদের উৎসাহ দিয়েছে সিএমপি: কমিশনার
চট্টগ্রাম মহানগরীতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা শনাক্ত করে তাদের ভোট দেয়ার জন্য অনুপ্রাণিত করার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান।
শনিবার সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০০১ থেকে ২০১৪ সালের নির্বাচন পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা করেছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোটকেন্দ্রসহ সব জায়গায় নিরাপত্তা দিতে সক্ষম।
“আমরা নগরীর সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো শনাক্ত করেছি। পাশাপাশি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য মোটিভেশন করা হয়েছে।”
নগরীরতে সাড়ে ছয় হাজার পুলিশ ও সাত হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সিএমপি কমিশনার জানান, চট্টগ্রাম মহানগরীর ৫৯৭টি কেন্দ্রের প্রতিটিতে তিন থেকে পাঁচজন করে পুলিশ, দুইজন অস্ত্রধারীসহ ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।
প্রতি পাঁচটি কেন্দ্রের জন্য একটি মোবাইল টিম এবং থানায় একজন পরিদর্শকের নেতৃত্বে একটি করে স্ট্রাইকিং টিম করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সহকারী কমিশনার থেকে অতিরিক্ত উপ-কমিশনারের নেতৃত্বে বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা পুলিশ কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানান সিএমপি কমিশনার মাহাবুবর।
যেসব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে সেসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার পাশাপাশি সিএমপি নিয়ন্ত্রণ কক্ষে পুলিশের সঙ্গে সেনা ও বিজিবি কর্মকর্তারাও থাকবেন জানান তিনি।
এছাড়া যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সিএমপির সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ও কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) শ্যামল কান্তি নাথ।
সিএমপি থেকে পাওয়া তথ্য মতে, চট্টগ্রাম নগরীর ৫৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০০টিকে ‘গুরুত্বপূর্ণ’ ও ৩৯৭টিকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করেছে।
এর মধ্যে কোতোয়ালী থানায় ৪৫টি সাধারণ ও ২৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চকবাজার থানায় সাতটি গুরুত্বপূর্ণ ও ১৩টি সাধারণ কেন্দ্র। বাকলিয়া এলাকায় ১১টি গুরুত্বপূর্ণ ও ২৮টি সাধারণ ও সদরঘাট থানার নয়টি গুরুত্বপূর্ণ ও ১৬টি সাধারণ কেন্দ্র।
চান্দগাঁও থানার ২৫টি গুরুত্বপূর্ণ ৩৬টি সাধারণ কেন্দ্র, পাঁচলাইশ থানায় ২৪টি সাধারণ ও নয়টি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বায়েজিদ বোস্তামী থানায় ১২ টি গুরুত্বপূর্ণ ও ৩৭ টি সাধারণ কেন্দ্র। খুলশী থানায় ১৩টি গুরুত্বপূর্ণ ২৪ সাধারণ, ডবলমুরিং থানায় ১৪টি গুরুত্বপূর্ণ, ৩১টি সাধারণ কেন্দ্র।
হালিশহর থানায় ১০টি গুরুত্বপূর্ণ, ২০টি সাধারণ কেন্দ্র, পাহাড়তলী থানায় ১১টি গুরুত্বপূর্ণ, ১৫টি সাধারণ, আকবর শাহ থানায় পাঁচটি গুরুত্বপূর্ণ, ১৩টি সাধারণ কেন্দ্র, বন্দর থানায় ১৫টি গুরুত্বপূর্ণ, ২৮ টি সাধারণ, ইপিজেড থানায় ১২টি গুরুত্বপূর্ণ, ২২টি সাধারণ কেন্দ্র।
পতেঙ্গা থানায় পাঁচটি গুরুত্বপূর্ণ ১৯টি সাধারণ কেন্দ্র ও কর্ণফুলী থানায় ১৬টি গুরুত্বপূর্ণ ও ২৬টি সাধারণ কেন্দ্র।
