বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার কেন্দ্রগুলোয় নজর পুলিশের
চট্টগ্রাম জেলার ১৩০০ ভোটকেন্দ্রের মধ্যে সাড়ে ৮০০টি ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে দুইশর বেশি কেন্দ্র দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায়।
তবে পুলিশ বলছে, অতীত মাথায় রেখে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত।
চট্টগ্রাম মহানগর ও এর বাইরের মোট ১৬ সংসদীয় আসনের এক হাজার ৮৯৯ কেন্দ্রের মধ্যে এক হাজার ৩০২টি জেলা পুলিশের আওতায়। বাকী ৫৯৭টি কেন্দ্র নগর পুলিশের অধীনে।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক হাজার ৩০২টি কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৮৬৫টি ‘গুরুত্বপূর্ণ,’ ৩৫৮টি ‘সাধারণ’ ও ৭৯টি ভোট কেন্দ্রকে ‘বিশেষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিন ভাগে ভাগ করা হলেও সব আসনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা (চট্টগ্রাম-৩) সন্দ্বীপ, (চট্টগ্রাম-১৫) সাতকানিয়া-লোহাগাড়া ও (চট্টগ্রাম-১৬) বাঁশখালীর কেন্দ্রগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি।”
কোনো আসন নিয়ে পুলিশের শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে মিনা বলেন, “আমরা অনেক কিছু শুনেছি। তবে আজকে পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি। নাশকতাকারীদের বিষয়ে আমরা অ্যালার্ট আছি। আজকে থেকে আরও বেশি অ্যালার্ট।”
চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
যুদ্ধাপরাধীদের বিচার ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছিল জামায়াতে ইসলামী।
জামায়াতের নাশকতায় পুলিশসহ বেশ কয়েকজন নিহত হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাঁশখালী আদালত ও উপজেলা প্রশাসন কার্যালয়।
এবার সংসদ নির্বাচনেও এই তিন উপজেলার ভোট কেন্দ্রগুলোর দিকে বেশি নজর পুলিশের।
এসপি মিনা বলেন, “আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। নাশকতার বিষয়ে জিরো টলারেন্স। কেউ উল্টাপাল্টা করলে ডাইরেক্ট অ্যাকশন। কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না।
“আমাদের ক্যাপাসিটি এখন ব্যাপক। প্রতিটি থানায় অফিসার ফোর্সে ভরে গেছে। তাই কোনো ধরনের টেনশন নেই আমাদের।”
বিভিন্ন কেন্দ্রে পুলিশ মোতায়েনের কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা মিনা বলেন, চট্টগ্রামে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য থাকবে। দ্বিতীয় স্তরে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এসআইর নেতৃত্বে অন্তত ২০০ মোবাইল টিম থাকবে।
তৃতীয় স্তরে পরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে থাকবে স্ট্রাইকিং ফোর্স, সন্দ্বীপে নৌবাহিনী এবং অন্য উপজেলাগুলোতে সেনা সদস্যরা টহলে থাকবেন। এরপর কোনো ভূমিকা নিতে গেলে তারা ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব করবেন।
চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
“আমাদের সাজানো নিরাপত্তা ব্যবস্থার বাইরেও কিছু প্রস্তুতি থাকবে। যাতে করে কোনোভাবে গতবারের মতো রাস্তা ব্লক কিংবা গাছ কাটা না হয়। যাতে কেউ ‘স্যাবোটাজ’ করতে না পারে।”
মহাসড়কে সেনা টহলের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এপিসি (সাঁজোয়া যান) রাখা হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম রাখা হবে।
চট্টগ্রাম জেলায় সাড়ে তিন হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে এসপি মিনা বলেন, প্রতিটি কেন্দ্রে গুরুত্ব বুঝে তিনজন পুলিশ সদস্য, দুইজন অস্ত্রধারী আনসারসহ ১২ জন আনসার থাকবে।
এর বাইরে পৌরসভা সদরের কেন্দ্রগুলোতে নারী কনস্টেবল মোতায়েনের কথাও জানান তিনি।
পুলিশ সুপার মিনা বলেন, “কোনো রকম সহিংসতা হওয়ার কোনো সুযোগ নাই। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। ভোট হবে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ হবে।
“যে যতই অপপ্রচার করুক না কেন আমাদের কাছে কোনো ‘নেগেটিভ মেসেজ’ নেই। যেহেতু সবাই অংশ নিয়েছে তাই গতবারের মতো কোনো শঙ্কা দেখছি না।”
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জোরারগঞ্জ থানার ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫২টিকে ‘গুরুত্বপূর্ণ’ ও তিনটি কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করছে পুলিশ।
ফটিকছড়ি থানার ৭৮টি, ভূজপুরে ৪৪টি, সীতাকুণ্ডে ৬৩, হাটহাজারীতে ৭৩, রাউজানে ২১, রাঙ্গুনিয়ায় ৬০, বোয়ালখালীর ৩৮টি, পটিয়ায় ৪২ আনোয়ারায় ৩০, বাঁশখালীর ৭৮ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এছাড়াও চট্টগ্রাম-১৪ আসনের সাতকানিয়া উপজেলা অংশের ২৬টি এবং চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া-লোহাগাড়া আসনে সাতকানিয়া থানার অন্তর্গত ৮৮টি কেন্দ্রের মধ্যে ৬৬টি এবং লোহাগাড়া থানার ৫৯টি কেন্দ্রের সবকটিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এছাড়াও সন্দ্বীপের ৭৯টি কেন্দ্রকে ‘বিশেষ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
মহানগরে ‘গুরুত্বপূর্ণ’ ২০০ কেন্দ্র
চট্টগ্রাম নগরীর ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ২০০টিকে ‘গুরুত্বপূর্ণ’ চিহ্নিত করেছে নগর পুলিশ।
এর মধ্যে কোতোয়ালী থানায় ৪৫টি সাধারণ ও ২৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চকবাজার থানায় সাতটি গুরুত্বপূর্ণ ও ১৩টি সাধারণ কেন্দ্র। বাকলিয়া এলাকায় ১১টি গুরুত্বপূর্ণ ও ২৮টি সাধারণ ও সদরঘাট থানার নয়টি গুরুত্বপূর্ণ ও ১৬টি সাধারণ কেন্দ্র।
চান্দগাঁও থানার ২৫টি গুরুত্বপূর্ণ ৩৬টি সাধারণ কেন্দ্র, পাঁচলাইশ থানায় ২৪টি সাধারণ ও নয়টি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বায়েজিদ বোস্তামী থানায় ১২টি গুরুত্বপূর্ণ ও ৩৭টি সাধারণ কেন্দ্র। খুলশী থানায় ১৩টি গুরুত্বপূর্ণ ২৪ সাধারণ, ডবলমুরিং থানায় ১৪টি গুরুত্বপূর্ণ, ৩১টি সাধারণ কেন্দ্র।
এদিকে হালিশহর থানায় ১০টি গুরুত্বপূর্ণ, ২০টি সাধারণ কেন্দ্র, পাহাড়তলী থানায় ১১টি গুরুত্বপূর্ণ, ১৫টি সাধারণ, আকবর শাহ থানায় পাঁচটি গুরুত্বপূর্ণ, ১৩টি সাধারণ কেন্দ্র, বন্দর থানায় ১৫টি গুরুত্বপূর্ণ, ২৮ টি সাধারণ, ইপিজেড থানায় ১২টি গুরুত্বপূর্ণ, ২২টি সাধারণ কেন্দ্র।
পতেঙ্গা থানায় পাঁচটি গুরুত্বপূর্ণ ১৯টি সাধারণ কেন্দ্র ও কর্ণফুলী থানায় ১৬টি গুরুত্বপূর্ণ ও ২৬টি সাধারণ কেন্দ্র।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের টহলসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। তারপরও ২৮ ডিসেম্বর থেকে নগরীতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। আর পরদিন কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে পুলিশ।”
নগরীতে পুলিশের ২০০টি মোবাইল টিম থাকবে। এছাড়াও থাকবে স্ট্রাইকিং ফোর্স। বিভিন্ন এলাকায় গুরুত্ব দেখে মোবাইল টিম থাকবে। পুলিশের সাথে র্যাব, সেনা, বিজিবি সদস্যরাও টহলে থাকবে।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন ও সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও ১২ জন করে আনসার সদস্য থাকবে প্রতিটি কেন্দ্রে।
