২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়: পুলিশ কমিশনার 

প্রার্থী ও এজেন্টদের ‘অতি উৎসাহের কারণে’ ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে মন্তব্য করে ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সিটি করপোরেশনের কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 03:15 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা মহানগরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নৈরাজ্য করলে তা কঠোর হস্তে দমন করা হবে।”

সারা দেশে রোববার যে ২৯৯ আসনে ভোট হচ্ছে তার মধ্যে ঢাকা জেলায় পড়েছে ২০টি। আর ঢাকা মহানগরের ১৫টি আসনে দুই হাজার ১১৩টি কেন্দ্রে ভোট নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

ভোট ঘিরে গুজব ছড়ানো প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “একটি স্বার্থান্বেষী মহল গুজব রটায়। এজন্য সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অন্যান্য বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয় করে পুলিশ  কাজ করছে।”