ঢাকা-১২: নীরবই থাকলেন নীরব, চনমনে কামাল
ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়ালেও বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব মাঠেই নামেননি।
২৬৭টি মামলার সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় যুবদল সভাপতি নীরবকে না পেয়ে মাঠে নামেননি তার অনুসারী নেতা-কর্মী, সমর্থকরারও।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নেতাকর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি পথসভা করে ভোট চেয়েছেন আসাদুজ্জামান কামাল।
২৮ ডিসেম্বর সকালে প্রচার শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক নিয়ে দুপুর থেকে বিশাল শোভাযাত্রা করেছেন কামাল।
তেজতুরী বাজার এলাকার ভোটার সাদেক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীর দায়িত্বে থেকে ভোটের প্রচারণায় বাড়তি সুবিধা পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির প্রার্থী নাকি ভয়েই এলাকায় আসেননি।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১২ আসন। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৮৪০ জন। এরমধ্যে এক লাখ ৮০ হাজার ৩১৮ জন পুরুষ এবং এক লাখ ৫৯ হাজার ৫২২ জন মহিলা।
কামাল ও নীরবের সঙ্গে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শওকত আলী হায়দার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ আব্দুল রহিম সাকি (জোনায়েদ সাকি), জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার এবং ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান ভোটের লড়াইয়ে রয়েছেন।
নীরবের চেয়ে জোনায়েদ সাকি ও শওকতের প্রচার বেশি দেখা গেলেও সাদেক মিয়ার মতে, মূল লড়াই আসাদুজ্জামান কামালের সঙ্গে নীরবেরই হবে। তবে এগিয়ে থাকবেন কামাল।
ভোটের খবর কী- প্রশ্ন করতেই রাজাবাজারের বাসিন্দা রশিদ খান বলেন, “আমাদের এলাকায় সব জায়গায়ই নৌকার পোস্টার, ধানের শীষের খবরই নেই।
“নৌকার পক্ষে দলে দলে মিছিল, মাইকিং হয়েছে। নৌকার ভোটের গান তো অলিতে-গলিতে শুনতাছি। বিএনপির প্রার্থীর কোনো প্রচারণা দেখিনি।”
সাইফুল আলম নীরব আড়াই শতাধিক মামলা মাথায় নিয়ে হন বিএনপির প্রার্থী
২০০৮ সালে বিএনপির মো. শাহাবউদ্দিনকে হারিয়ে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আসাদুজ্জামান কামাল। বিএনপিবিহীন নির্বাচনে ২০১৪ সালে ঢাকা-১২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।
বিএনপির প্রার্থী ভোটের মাঠে না নামায় এবাও কামাল ‘অনায়াসে’ জিতবেন বলে মনে করছেন গ্রীণ রোড এলাকার মুদি দোকানি বোরহান উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিএনপির প্রার্থীর বিরুদ্ধে যে শত শত মামলা আছে তা আওয়ামী লীগের লোকদের মুখে শুনেছি। মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীই জিতবেন।”
পুরো মনিপুরীপাড়া এলাকার অলি-গলিতে শুধুই নৌকার পোস্টার। সম্পূর্ণ আবাসিক এই এলাকার ভোটারদের মুখেও নীরবের মাঠে না নামার আলোচনা।
সাদিক নামে এক কলেজ শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পা ছুঁয়ে সালাম-কালাম করেও ভোট পাওয়া যায় না, আর মাঠে না নামলে কে তাকে (নীরব) ভোট দেবে?”
এই মনিপুরীপাড়ার আরেক বাসিন্দা কালাম খান মনে করেন, প্রচারে মাঠে না নামলেও ভোট পাবেন বিএনপির প্রার্থী নীরব।
“যারা ভোট দিব, তাদের ঘাড়ে তো আর মামলা নাই। মাঠে নামুক আর না নামুক বিএনপি-জামায়াতের ভোট তো আর আওয়ামী লীগের বাক্সে যাবে না। যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, তারাও বিএনপিকে ভোট দেবে।”
তেজকুনীপাড়া, ইন্দিরারোড, উত্তর শেরে বাংলানগর, বড় মগবাজার, নয়াটোলা, মিরেরবাগসহ ঢাকা-১২ আসনের অধিকাংশ এলাকায় শুধুই নৌকার পোস্টার দেখা যায়।
ঢাকার তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় নির্বাচনী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
শেষ দিনের প্রচার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনই আমি আমার এলাকার জনগণের সঙ্গে কথা বলি এবং তাদের কাছেই থাকি। আজকে মিছিল বের করেছিলাম … মিছিলটি এতই বিশাল ছিল যে আমরা যেখান দিয়ে গিয়েছি মিছিলের পাশে যারা ছিল তারাও মিছিলে এসে যোগ দিয়েছেন।
“মানুষ স্বতঃস্ফুর্তভাবে নৌকার জন্য যে জয়গান বলল, নৌকা জিতবে বলে স্লোগান দিল, এতেই প্রতীয়মান হয় এবারও আমাদের প্রধানমন্ত্রী পাস করবেন এবং চতুর্থবারের মতো সরকার গঠন করবেন।”
নির্বাচনকে ঘিরে নাশকতা শঙ্কা নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, দক্ষ এবং পেশাদার। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি রয়েছে, গোয়েন্দা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।
“কাজেই কোনো নাশকতা করার প্রচেষ্টা যদি কেউ চালায় বা করে তাকে আমরা শানক্ত করে যথাযথভাবে ধরে বিচারের মুখোমুখি করতে পারব।”
নির্বাচনী প্রচারে ঢাকা-১২ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি। ছবি: আব্দুল্লাহ আল মমীন
বাম নেতা জোনায়েদ সাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে লেভেল প্লেলিং ফিল্ডের যে কথা বলা হয়েছিল, তার কিছুই হয়নি, একতরফা পরিবেশ।
“আমরা নানান ধরনের বাধার সম্মুখীন হয়েছি, কর্মীরা বাধাপ্রাপ্ত হয়েছেন। আমার সাতজনকর্মীকে পেটানো হয়েছে, এদের দুজনের হাত ভেঙে দেওয়া হয়েছে।”
সাকি বলেন, “ভীষণ, ভয়াবহ আতঙ্কের জায়গাটা আছে। আমরা ভয়মুক্ত বাংলাদেশের জন্য লড়ছি, তাই মানুষদেরও বলেছি ভোট আপনার অধিকার, যাকে যোগ্য মনে হয় তাকেই ভোট দিন, নিজের ভোটটা নিজে দিন।”
বিএনপির প্রার্থী নীরব মাঠে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
ভোটে কেন নীরব নামেননি, সে বিষয়ে তার অনুসারী কোনো নেতাই কথা বলতে রাজি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাঠে নামার সাহস কারোই থাকার কথা না।”
