২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-৪: ধানে-লাঙ্গলে জমজমাট

অধিকাংশ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা যখন পোস্টার সাঁটাতে না দেওয়ার বা প্রচারে বাধার অভিযোগ করেছে, সেখানে ময়মনসিংহে ভোটের প্রচারের চিত্র ছিল একেবারেই অন্যরকম।

ওবায়দুর মাসুম

ও ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 04:45 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

ময়মনসিংহ শহর এবং সদর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে প্রচারের পুরোটা সময় মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বর্তমান এমপি রওশন এরশাদের বিপরীতে সমানতালে প্রচার চালিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

নতুন এ সিটি করপোরেশনের প্রতিটি গলিতে ঝুলছে ধানের শীষ ও লাঙ্গলের পোস্টার। শহরের বিভিন্ন সড়কে দেখা গেছে হাতপাখা, কাস্তে এবং আমের প্রচারণাও। সামনে-পেছনে মাইক নিয়ে প্রার্থীদের পক্ষে নানা স্লোগান ও দলীয় গান শুনিয়ে ছুটে চলেছে অটোরিকশা-ইজিবাইক।

ময়মনসিংহের এ আসনে রওশন এরশাদ, আবু ওয়াহাব ছাড়াও কাস্তে প্রতীক নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত, হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলনের মো. নাসির উদ্দিন, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মো. হামিদুল ইসলাম নির্বাচন করছেন।

তবে ভোটের আলোচনা ঘুরছে মূলত জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দকে ঘিরে।

সংখ্যার দিক দিয়ে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ ভোটারের আসন। এখান থেকে আওয়ামীলীগ ও বিএনপি দুই দলের প্রার্থী একাধিকবার বিজয়ী হয়েছেন। ফলে এবারও প্রধান দুই প্রার্থীর সামনে প্রায় সমান সুযোগ দেখছেন ভোটাররা।

ওয়াহাব ছাড়াও বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ দলের মনোনয়ন চেয়েছিলেন। জাহিদ হোসেন মনোনয়ন পেলেও ফৌজদারি মামলায় সাজার কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে গেছে।

এরশাদবিরোধী আন্দোলনের সময় ময়মনসিংহের রাজনীতির মাঠে সক্রিয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওয়াহাব প্রার্থী হয়েছেন এবারই প্রথম। দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের সংগঠিত করেছেন। মনোনয়নবঞ্চিত সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান দুলুর নেতাকর্মীরা শুরুতে কিছুটা সরে থাকলেও সপ্তাহখানেক আগে দুলুর সমর্থন পেয়েছেন ওয়াহাব।

বিএনপিকর্মীরা আশা করছেন, রাজনীতিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মেশার কারণে ওয়াহাব আকন্দের ভোট বাড়াতে পারে। তাছাড়া আওয়ামী লীগ দলীয় প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেওয়ায় কিছুটা সুবিধা পেতে পারেন তিনি। তাছাড়া ময়মনসিংহে জামায়াতের ভোটও ধানের শীষের বাক্সে পড়বে।

ধানের শীষের কর্মীদের ভরসা যোগাচ্ছে সবশেষ উপজেলা পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যানসহ তিনটি পদেই বিএনপির প্রার্থীরা জয়ী হন।  

ময়মনসিংহ নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বলেন, “ভোটাররা রওশন এরশাদকে কাছে পান না। অন্যদিকে ধানের শীষের প্রার্থী সব সময় রাজপথে সক্রিয়, স্থানীয় বাসিন্দারা বিপদে-আপদে তাকে কাছে পায়। এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীরাও উজ্জীবিত। আমাদের শতভাগ আশা, ওয়াহাব জয় ছিনিয়ে আনবেন।”

অন্যদিকে আওয়ামী লীগের অধ্যক্ষ মতিউর রহমান, তার ছেলে মহিতুর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম ময়মনসিংহ-৪ থেকে মনোনয়ন চাইলেও আওয়ামী লীগ আসনটি ফাঁকা রেখেছে তাদের জোটসঙ্গী জাতীয় পার্টির জন্য। শামীম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিলেও পরে সরে দাঁড়িয়েছেন।  

আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন, শুরুর দিকে জেলা ও শহর আওয়ামী লীগের একটি অংশ রওশনের পক্ষে ছিলেন না। তবে এখন মহাজোটের প্রার্থীকে জেতাতে তারা একাট্টা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও লাঙ্গলের প্রচারে অংশ নিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন।

তাছাড়া রওশন এরশাদের বাড়ি ময়মনসিংহে বলে এ আসনের প্রতি তার দাবি আলাদা বলেই মনে করেন জাতীয় পার্টির কর্মীরা। ময়মনসিংহ বিভাগ, সিটি করপোরেশন, শিক্ষাবোর্ড, ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা-ময়মনসিংহ সড়ক চার লেইন করা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত করা, ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র খনন প্রকল্প, হালুয়াঘাটে পূর্ণাঙ্গ স্থলবন্দর করার মত উন্নয়ন কাজগুলোও মহাজোট প্রার্থীর পক্ষে ভোট টানতে ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।

বৃহস্পতিবার শহরের টাউনহল এলাকায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের কর্মীদের নিয়ে লাঙ্গলের পক্ষে গণসংযোগ করছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সিটি করপোরেশন প্রশাসক ইকরামুল হক টিটু।

তিনি বলেন, “আমরা লোকজনের সঙ্গে কথা বলেছি। মহাজোট সরকারের এসব অর্জনগুলো তুলে ধরছি। গত অক্টোবরে দুইশর বেশি প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ময়মনসিংহের মানুষ মনে করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মহাজোটকে আবার জয়ী করতে হবে।”

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন, “গত ৫ বছরে এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন রওশন এরশাদ। এজন্য গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সবাই আন্তরিকভাবে কাজ করছে।”

এই প্রচারে রওশন এরশাদ নিজে অংশ নিতে না পারলেও তাতে কোনো বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন না জাহাঙ্গীর।

তিনি বলেন, “শেখ হাসিনা গোপালগঞ্জ কয়বার গেছেন? খালেদা জিয়া যে বগুড়া থেকে এমপি হতেন, সেখানে তিনি কয়বার গিয়েছেন? উনি (রওশন) জাতীয় নেত্রী, তিনি মানুষের যে দাবিগুলো বাস্তবায়ন করেছেন সেটাই আসল।”

ভোটারদের হিসাব-নিকাশ

নির্বাচন সামনে রেখে ভোটাররাও তাদের পছন্দ-অপছন্দ মিলিয়ে দেখছেন।

শহরের কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জাওয়াদ হোসেন ধ্রুব বলেন, ময়মনসিংহে জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগের প্রভাব বেশি। তবে আওয়ামী লীগ রওসনকে আসন ছেড়ে দেওয়ায় সবাই তার পক্ষে কাজ করছে।

“আমি আশা করি নৌকা পাস করবে। কারণ এর কোনো বিকল্প নেই। এই সরকার পঞ্চাশ ভাগ উন্নয়ন করে থাকলে সেখান থেকে তারা শুরু করবে। আর অন্য কেউ সরকারে এলে তাকে জিরো থেকে শুরু করতে হবে।”

শহরের জিলা স্কুল সড়কের বাসিন্দা হিমেল পড়েন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। লাঙ্গল ও ধানের শীষের মধ্যে ভালো লড়াইয়ের আভাস দেখছেন তিনি।

“বাইরের প্রচার দেখে মনে হচ্ছে লাঙ্গল বা মহাজোটের প্রভাব বেশি। কিন্তু আমার মনে হয় ভেতরে ভেতরে বিএনপির সমর্থনও অনেক ভালো। তারা দীর্ঘদিন ক্ষমতায় নাই, তবে এ আসনে বিএনপি তিনবার পাস করেছে।”

এখন পর্যন্ত নির্বাচনের যে অবস্থা তাতে বিএনপির সম্ভাবনা ভালো বলে মনে করছেন শহরের নওমহল এলাকার বাসিন্দা তানভীর হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রওশন এরশাদ এখানকার মেয়ে হলেও তাকে খুব একটা পাওয়া যায় না। এটা প্রভাব ফেলতে পারে। ময়মনসিংহে বিএনপি-আওয়ামী লীগের অবস্থান সমান সমান। জাতীয় পার্টির অবস্থান তিন নম্বরে।

“যদি আমি এলাকার উন্নয়নের চিন্তা করি তাহলে মহাজোট থেকে আওয়ামী লীগের প্রার্থী দিলে ভালো হত। কারণ আমাদের কোনো সমস্যা হলে এলাকার এমপির কাছে যাব। কিন্তু তিনি সাংসদ থাকার সময় গত পাঁচ বছর ময়মনসিংহের মানুষ দশদিনও তার চেহারা দেখে নাই। আওয়ামীলীগ বা বিএনপি যেই পাস করুক, আমরা এমপি পাইতাম।”

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট গাঙ্গিনারপার এলাকার ব্যবসায়ী আজমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়মনসিংহ শহরের মানুষ শান্তিপ্রিয়। কোনো সহিংসতা এখানে হয়নি। আশা করি ভোট সুষ্ঠু হলে বিএনপি পাস করবে।”

আনোয়ার হোসেন নামে এক রিকশাচালক বলেন, গত নির্বাচনে রওশন এরশাদ এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। এবার নিজের ভোটটি তিনি দিতে চান।

ব্রহ্মপুত্র নদী পার হলেই খাগডহর ইউনিয়ন। খেয়া পার হয়ে ক্ষেতের আল ধরে হেঁটে চলাচল করেন কয়েকটি গ্রামের মানুষ। সড়কপথে শহরে আসতে কয়েক কিলোমিটার ঘুরতে হয়। শহরের পাশের এ এলাকায় উন্নয়ন চান স্থানীয় বাসিন্দারা।

জেলখানার চরের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, রাস্তাঘাটের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা যে করবে তাকেই তিনি ভোট দিবেন।

“এই এলাকার মানুষ এখনও উন্নয়নের ছোঁয়া পাই নাই। আমাদের এলাকায় বেকারের সংখ্যা বেশি। এজন্য ময়মনসিংহ অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলা জরুরি। এবার যে দলই ক্ষমতায় যাক, আমাদের আশা থাকবে ময়মনসিংহের উত্তরে একটা ইপিজেড করুক। যাতে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়ে।”

সুশীল চন্দ্র মজুমদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, নতুন বিভাগ হওয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ভোট তিনি লাঙ্গলকে দেবেন।

“এই এলাকায় যে উন্নয়ন করবে, সেরম লোক তো লাগব। হেইরম উপযুক্ত লোক নাই এই এলাকায়। আমার ধারণা লাঙ্গলই পাস করব। রওশন এরশাদের জন্মস্থান নিজের এলাকা। বাপের দ্যাশ হিসেবে তার একটা প্রভাব আছে। হেরপরে আওয়ামী লীগের জোডে।”

তবে এবার ভোটের কোনো আমেজ ‘পাচ্ছেন না’ ময়মনসিংহ শহরের পূর্ব দিকের পরাণগঞ্জ ইউনিয়নের বাঘাডোবা গ্রামের মুদি দোকানি কাজিম উদ্দিন।

“অন্যান্য জায়গায় হানাহানি মারামারি, সদরে তার কোনো বালাই নাই। আমরা দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেব।”

বর্তমান সরকারের সময় আমরা ময়মনসিংহ বিভাগ পেলেও ভোট দেওয়ার সময় ‘কিছুটা হিসাব নিকাশ’ করবেন বলে জানালেন কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ বাজারের বাসিন্দা হরমুজ আলী।

“আঙ্গর এমপি ম্যাডামকে খুব একটা কাছে না পেলেও তার প্রতি সন্তুষ্ট। তবে ভোট আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দেব।”

ময়মনসিংহহের এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৭ হাজার ৩১ জন। স্বাধীনতার পর থেকে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা তিনবার করে এবং জাতীয় পার্টির প্রার্থীরা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের টিকেটে ১৯৭৩ সালে আবদুল মালেক, ১৯৮৬ ও ২০০৮ সালের মতিউর রহমান সাংসদ হন। ১৯৭৯ সালে বিএনপির জয়নুল আবেদীন, ১৯৯১ সালে একেএম ফজলুল হক, ২০০১ সালে দেলোয়ার হোসেন খান দুলু এ আসনে জয়ী হন। আর জাতীয় পার্টি থেকে ১৯৯৬ সালে এরশাদ এবং ২০১৪ সালে রওশন এরশাদ এখানে জয় পান। এছাড়া ১৯৮৮ সালের বেগম মমতাজ ওয়াহাব এখানে জয়ী হয়েছিলেন।