২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিএনপি প্রার্থীর এজেন্ট পরিচয়ে থানায় ‘ঘুষ সেধে’ গ্রেপ্তার

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর এজেন্ট পরিচয় দিয়ে থানায় গিয়ে ঘুষ সাধার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 01:43 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

গ্রেপ্তার মো. রিয়াজুল ইসলাম নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে সদর থানায় গ্রেপ্তার করা হয়।

তবে ওই নামে বিএনপির কোনো কর্মী বা এজেন্ট নেই দাবি করে দলটির স্থানীয় নেতারা বলছেন, এটা ‘ষড়যন্ত্রের অংশ’।

নড়াইল সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন বলেন, রিয়াজুল ইসলাম নামে ওই ব্যক্তি থানায় এসে নিজেকে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দেন।

“এ সময় তিনি পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা বের করে বলেন, বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদ জাপল ভাই এই টাকা পাঠিয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “রিয়াজুল ইসলাম নামে কেউ বিএনপি কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নয়। দল এবং আমার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য আমার নাম বলা হয়েছে।”

এ ব্যাপারে মাহাবুব মোর্শেদ জাপলকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।