২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো উদ্বেগ নেই, আমরা প্রস্তত: ইসি শাহাদাত

পাল্টাপাল্টি অভিযোগ ও বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যেই রোববার একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 01:50 AM

Updated : 11 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

ভোটের দুদিন আগেও রাজনৈতিক উত্তাপ থাকলেও কোনো ধরনের উদ্বেগ নেই বলে ভোটারদের আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, “আমরা ভোটের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভোটের দুদিন আগ পর্যন্ত যা যা প্রস্তুতি নেওয়া দরকার, সব খানি নেওয়া হয়েছে।”

একাদশ সংসদ নির্বাচনের দুদিন আগে বৃহস্পতিবার নির্বাচন ভবনে স্থাপিত ‘আইন শৃঙ্খলাপরিস্থিতি নিয়ে ইসির নিয়ন্ত্রণ কক্ষে’ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ নির্বাচন কমিশনার।

মতভিন্নতার কারণে আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বুধবার এক বার্তায় ‘ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ’ প্রকাশ করেছিলেন।

২০ ডিসেম্বর ২৯৯ আসনে ভোট হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট হবে ২৭ জানুয়ারি।

এবারই প্রথম সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোট হচ্ছে।

ইভিএমে কীভাবে সহজ পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন, তার প্রশিক্ষণ চলার কথাও বলেন নির্বাচন কমিশনার শাহাদাত।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী। জরুরি প্রয়োজনে পরিবহন কাজের জন্য প্রস্তুত রয়েছে সশস্ত্রবাহিনীর দুটি হেলিকপ্টার।

বেসামরিক প্রশাসনকে সহায়তা করতেই ভোটে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান সাবেক সেনা কর্মকর্তা শাহাদাত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তা কখনও দাবি করিনি আমরা।

“আমাদের পুলিশ, বিজিবি, র‌্যাব রয়েছে মাঠে; সেখানে কোনো ঘটনা ঘটলে প্রথমে পুলিশ দেখবে, এরপর বিজিবি, র‌্যাব রয়েছে; যেখানে তারা ফেইলিউর হবে সেখানে সশস্ত্রবাহিনী যাবে। পুলিশিংয়ের কাজ সশস্ত্র বাহিনী করে না।”

ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থী ও দলের সব প্রচার বন্ধ করার বিধি রয়েছে।

শাহাদাত বলেন, “শুক্রবার সকাল ৮টার পর ভোটের প্রচারণা বন্ধ থাকবে।”

Image
ভোটের বাকি আর মাত্র তিনদিন। বুধবার চট্টগ্রামের জিমনেসিয়াম থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠান নির্বাচন কমিশনের কর্মীরা। ছবি: সুমন বাবু

ভোটের বাকি আর মাত্র তিনদিন। বুধবার চট্টগ্রামের জিমনেসিয়াম থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠান নির্বাচন কমিশনের কর্মীরা। ছবি: সুমন বাবু

‘উদ্বিগ্ন নই’

নির্বাচন কমিশনে আসা দল ও প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার শাহাদাত চৌধুরী বলেন, “দৈনিক ভিত্তিতে আসনভিত্তিক আমরা সিদ্ধান্ত পাঠিয়েছি। আমাদের সিস্টেমটা হচ্ছে- রিটার্নিং অফিসারের কাছে সব পাঠিয়ে দিয়েছি আমরা। সেখানে নির্বাহী হাকিম, নির্বাচনী তদন্ত কমিটি আচরণবিধি সংক্রান্ত বিষয় দেখবে। সত্যতা পেলে ব্যবস্থা, সেখানে সত্যতা পায়নি আর কিছু করার নেই।”

বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টসহ নানা মহল ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত বলেন, “আমি উদ্বেগজনক পরিস্থিতি আছে বলে মনে করি না। এবার দল ও প্রার্থীর সংখ্যা বেশি, কিছুটা উত্তেজনা রয়েছে, সত্য। কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন করা হবে।”