নোয়াখালী-৫: গুটিয়ে আছেন মওদুদ, মাঠ দখল কাদেরের
জাতীয় রাজনীতির আলোচিত দুই চরিত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ভোটের লড়াইয়ে আছেন নোয়াখালী-৫ আসনে। দেশের বিভিন্ন এলাকার মতো এখানে নৌকার তুলনায় নির্বাচনী প্রচারে পিছিয়ে ধানের শীষের প্রার্থী।
কোম্পানিগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী মওদুদের কর্মী-সমর্থকরা নির্বাচনের মাঠে নেই। কয়েকদিন ধরে তিনি নিজেও ঘর থেকে বের হচ্ছেন না। ৩০ ডিসেম্বর ভোটের দিন ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে উপস্থিত হবেন কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
অপরদিকে নৌকার প্রার্থী ওবায়দুল কাদেরের প্রচার-প্রচারণায় পোস্টার, ব্যানার এবং সভা-সমাবেশে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। ক্ষমতাসীন দলের এই নেতা নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও পথসভায় মানুষের কাছে ভোট চাইছেন।
কোম্পানিগঞ্জ ও কবিরহাট এলাকায় ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়ক, বাজার ও বাড়ির আশপাশে নৌকার পোস্টার-ব্যানারে সয়লাব। অল্প কিছু হাতপাখা ও অন্যন্যা দলের প্রতীকের পোস্টার দেখা গেলেও ধানের শীষের কোনো পোস্টার-ব্যানার চোখে পড়েনি। এমনকি কোথাও ধানের শীষের পক্ষে মাইকিং বা অন্য কোনোভাবে গণসংযোগ করার খবর পাওয়া যায়নি।
শুধু কোম্পানিগঞ্জে মওদুদ আহমদের বাড়িতে ধানের শীষের কিছু পোস্টার ঝুলে থাকতে দেখা গেছে।
বসুরহাটের ভোটার মাহফুজুর রহমান বলেন, “প্রথম দিকে ধানের শীষের কিছু পোস্টার লাগানো হয়েছিল, এরপর এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আর কেউ লাগায়নি।”
স্থানীয় অনেকের মতে, নৌকার কাছে ধানের শীষ যেন ভিড়তেই পারছে না। নির্বাচনী প্রচারে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায় না। প্রকাশ্য কেউ ধানের শীষের প্রচারে আসছেন না।
নৌকার লোকেরা ‘ভয়ভীতি দেখিয়ে’ বিএনপির বহু নেতাকর্মীকে এলাকা ছাড়া করেছে এবং পুলিশও তাদের হয়রানি করছে বলে তারা জানিয়েছেন।
বিএনপি নেতা মওদুদ বলেছেন, হামলার ভয়ে ২৪ ডিসেম্বর থেকে তিনি ‘নিরাপত্তাহীনতার’ কারণে গণসংযোগ করতে পারছেন না।
মওদুদের কিছু পোস্টার আছে শুধু তার বাড়ির কাছে
নোয়াখালী-৫ আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মওদুদ আহমেদ ও ওবায়দুল কাদের একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে টানা চারটি নির্বাচন করেছেন। ওই সব নির্বাচনে দুইবার করে জয়-পরাজয় হয়েছে তাদের।
১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন জাতীয় পার্টির নেতা মওদুদ আহমেদ লাঙ্গলের প্রার্থী হয়ে তিন হাজার ৫৩১ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী ওবায়দুল কাদেরকে হারান। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে মওদুদ বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করলে তাকে ১১ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে হারান নৌকার প্রার্থী ওবায়দুল কাদের।
আবার ২০০১ সালের নির্বাচনে কাদেরকে ৩৮ হাজার ৬০৬ ভোটে হারান মওদুদ। এরপর তাদের মধ্যে সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ওবায়দুল কাদের এক হাজার ৩৭১ ভোটে মওদুদকে হারান।
এরপর ২০১৪ সালে বিএনপিবিহীনি নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচিত হন।
এর আগেও আরও দুইবার এই আসন থেকেই সংসদ সদস্য ছিলেন ব্যারিস্টার মওদুদ। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় বিএনপি থেকে এবং পরে দল পাল্টিয়ে এরশাদের জাতীয় পার্টিতে গিয়ে ১৯৮৬ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয় ভোটারা মনে করেন, এ আসন থেকে জয়ী প্রার্থীর দলই ক্ষমতায় আসেন। এই পর্যন্ত এমন দৃষ্টান্তই দেখা গেছে।
এছাড়া প্রধান দুই দলের ‘হেভিওয়েট’ দুই নেতা এ আসনে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা করাতে এই এলাকার নির্বাচন নিয়ে পুরো দেশের মানুষের মধ্যে আগ্রহ কাজ করে।
মওদুদ আহমদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৪ তারিখ চর কাঁকড়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় আমি গণসংযোগ করতে গেলে সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমার জীবনহানির চেষ্টা করে। তারা হামলা চালিয়ে আমার পাঁচ কর্মীকে গুরুতর আহত করে। আমার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। সেদিন থেকে এখন পর্যন্ত আমি নিরাপত্তাহীনতার কারণে কোনো গণসংযোগ করতে পারি না।”
এ ঘটনাসহ অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন, পুলিশ ও জেলা প্রশাসকের কাছে ২৪টি অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, তাতে কোনো প্রতিকার আসেনি।
নির্বাচনের বিষয়ে মওদুদ আহমদ বলেন, “ভোট তো হবে না। ভোট জালিয়াতি হবে। ভোটার ও আমার এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। মহিলাদেরও ছাড় দেওয়া হবে না।”
এদিকে বৃহস্পতিবার দুপুরে বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় মওদুদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আপনার লোকদের আপনি কেন্দ্রে আসতে বলবেন। ভয় পান কেন? মওদুদ ভাইয়ের গায়ে হাত দিলে সেটা আমার গায়ে হাত দেওয়া হবে। বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে থাকে, ২-৪ জনের জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না।”
জনসভায় তিনি এই বক্তব্য দিলেও মওদুদ অভিযোগ করেছেন, নির্বাচনী এলাকায় তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদের।
ধানের শীষের প্রার্থী বলেন, “মন্ত্রী সাহেব আমাকে প্রতিহত করার ঘোষাণ দেওয়ার পর এরই জের ধরে সারা নির্বাচনী এলাকায় সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হয়েছে। হেলমেটের বদলে ককটেল নিয়ে তারা ঘুরে বেড়ায়। ধানের শীষের মাইকিং করতে দেওয়া হয় না। আটটি মাইক ভেঙে দিয়েছে, কয়েকটি লুট করেছে তারা।”
তবে এবার ২০০১ সালের মতো নির্বাচন হবে না দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সারা দিন ভোট চলবে, মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কোম্পানিগঞ্জের বাসিন্দা আবু হাসান মো. নোমান বলেন, “আমাদের প্রতিটি এজেন্টকে বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। পুলিশ গিয়ে হয়রানি করছে। এই অবস্থায় ভোটের দিন তারা কেন্দ্রে আসতে পারবে কি না সেই নিয়ে শঙ্কিত আমরা।”
দুই উপজেলার বসুরহাট ও কবিরহাট দুটি পৌরসভা ছাড়াও ১৫টি ইউনিয়ন নিয়ে নোয়াখালী-৫ আসনে ভোটার আছেন তিন লাখ ৩১ হাজার ৭৯৩ জন। এই আসনে এবার ১২৪টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
নোয়াখালীর এ আসনটিতে এবার আটজন প্রার্থী হয়েছেন। নৌকা এবং ধানের শীষ ছাড়াও অন্যান্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নাছের (হাতপাখা), বিএনএফের মমতাজ বেগম (টেলিভিশন), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ সামছুদ্দোহা (চেয়ার), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম (লাঙ্গল), বাসদের সিরাজ উল্যাহ (মই) ও স্বতন্ত্র গাজী মো. জুলফিকার হায়দার (ডাব)।
তবে লাঙ্গলের প্রার্থী সাইফুল ইসলাম গত সোমবার নৌকার প্রার্থী ওবায়দুল কাদেরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
