২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ ডিসেম্বর ‘ভোট বিপ্লবের’ ডাক কামাল হোসেনের

ভোটের প্রচারের শেষ দিন সংবাদ সম্মেলনে এসে মানুষকে ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 05:20 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, “ধানের শীষ দলের নয়, এটা জনগণের ঐক্যের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে দেশকে মুক্ত করুন।”

নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়ে আসা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৃহস্পতিবার বিকালে ঢাকার পুরানা পল্টনের জামান টাওয়ারে কামালের কার্যালয়ে ‘জরুরি’ বৈঠকে বসেন। নির্বাচনের দুদিন আগে কামাল ‘জরুরি’ বৈঠক ডাকায় তৈরি হয় গুঞ্জন।

তবে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে ভোটের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কামাল হোসেন দেশের মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ভোট বিপ্লবের মাধ্যমে দেশ ‘দলীয়করণ মুক্ত’ হবে এবং ‘দেশের মালিক’ হবে জনগণ।

“আমি বিশ্বাস করি, আগামী ৩০ ডিসেম্বর ভোটের বিপ্লব করবেন আপনারা সবাই। আমরা সবাই মিলে ভোটের বিপ্লব করব এবং ১৬ ডিসেম্বর যেমন আমরা বিজয় অর্জন করেছি, ৩০ ডিসেম্বর আমরা সেইভাবে বিজয় অর্জন করব- জনগণের বিজয়, আমাদের সকলেরই বিজয়। এই কয়েকটা দল যারা আমরা ঐক্যফ্রন্ট করেছি এটা আমাদের বিজয় নয় এটা হবে সকলেরই বিজয়।”

দেশের মানুষ ভালো নেই মন্তব্য করে কামাল বলেন, “তারা পরিবর্তন চায়, ভোটের মাধ্যমে চায়, শান্তিপূর্ণভাবে চায়। আমাদের হলো ভোটের বিপ্লব। একাত্তরে তো ভালোভাবে করে দেখিয়েছি, তারপরে কয়েকবার দেখিয়েছি।”

সারা দেশে জনগণের সাড়ায় ধানের শীষের জয়ের আভাস পাচ্ছেন দাবি করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, “ইনশাল্লাহ জনগণ বিজয়ী হবে, আপনারা বিজয়ী হবেন।… সারাদেশ থেকে আমরা প্রতিদিন খবর পাচ্ছি, তারা বলছেন আমাদের এখানে যে আন্দন-উল্লাস… মানুষ বিশ্বাস করছে যে হয়েই গেছে। দুদিন অপেক্ষা না।”

কামাল বলেন, “আমরা স্বৈরাচারকে পরাজিত করেছি। জয়ী আমরা হয়েছি। স্বৈরাচার বিজয়ী হলে একাত্তর হত না, বাংলাদেশ হত না। অতীতে আমরা বিজয় অর্জন করেছি। কাদের সিদ্দিকী আমার পাশে বসা। বিজয়ী যোদ্ধা।”

বাংলার মানুষ অস্ত্রের কাছে, অর্থের কাছে মাথা নত করেনি, করবেও না-  এমন মন্তব্য করে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান গণফোরাম সভাপতি কামাল।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শক্তভাবে ঐক্যবদ্ধ থাকুন। ভোট দিতে যেতে হবে। লাইনে দাঁড়িয়ে সকালে সকালে গিয়ে ভোট দিতে হবে।

“গণনার সময় এজেন্ট ও প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। গণণার ফলাফল, সেটা স্বাক্ষর করে নিয়ে আসবেন। ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা বিজয়ী হব, ভোট বিপ্লব হবে।”

কামাল হোসেনের ভাষায় বাংলাদেশের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শিবির দুই ভাগে বিভক্ত। 

“একদিকে হল দেশের ১৬ কোটি মানুষ, আরেকদিকে যারা অহংকারের সুরে কথা বলে এবং এই ধারণা করে যে তারা দেশের মালিক। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, দেশের মালিক তারা নয়, দেশের মালিক ১৬ কোটি জনগণ।”

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা মনে করিয়ে দিয়ে কামাল বলেন, মুক্তিযোদ্ধারা যে ‘গণতান্ত্রিক’ বাংলাদেশের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন, তা পূরণ না হলে সেই উদযাপন বৃথা যাবে।    

গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে উন্নয়নও অর্থহীন মন্তব্য করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন ঐক্যফ্রন্টের এই নেতা।  

কামাল বলেন, “আমরা দলীয়করণের বিপক্ষে। আমরা দলীয়করণ থেকে মুক্ত করার জন্য সরকারে যেতে চাচ্ছি। রাষ্ট্র ও সরকারি কর্মচারী যারা, আছে সবাইকে বলছি, আপনারা দলীয়করণের শিকার হবেন না। দলীয়করণ হচ্ছে জমিদারি হওয়া।

“আমরা তো ৫০ এর দশকে আন্দোলন করে এই জমিদারি থেকে মুক্ত হয়েছিলাম। আমরা প্রজা থাকব না, জমিদার যা বলবে আমরা মাথা পেতে নেব- এটা হবে না। ইনশাল্লাহ ৩০ ডিসেম্বর আমরা ভোট দিয়ে দলীয়করণ থেকে মুক্ত হব।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ কায়সার, মোমিনুল ইসলাম, জাহেদ উর রহমান স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নেন।

প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সারাদেশের নির্বাচনী পরিস্থিতি, সহিংসতা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী ও গণদলের সভাপতি গোলাম মাওলা চৌধুরী বৈঠকে ছিলেন।