ঢাকা-৯: সরব সাবেরের বিপরীতে ‘নীরব ভোট বিপ্লবের’ আশা আফরোজা সমর্থকদের
ঢাকা-৯ আসনের পুরো এলাকায় বলতে গেলে নির্বাচনী প্রচারে বলতে গেলে একচেটিয়া আধিপত্য নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরীর।
সাবেরের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা আব্বাস প্রচারের শুরুতে মাঠে থাকলেও তিন দফা হামলার পর এখন আর সক্রিয় নন। তারপরও আফরোজার সমর্থকরা বলছেন, বিএনপির এই প্রার্থীই নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১২, ৭১, ৭২, ৭৩, ৭৪ ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৯ আসন।
এই আসনের ভোটার সংখ্যা চার লাখ ২৫ হাজার ৫০১ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১৫ হাজার ৭৫৯ জন এবং মহিলা দুই লাখ নয় হাজার ৭৪২ জন।
এই আসনে সাবের হোসেন, আফরোজা আব্বাসের সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মাহফুজা আক্তার (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মানিক মিয়া (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (টেলিভিশন), বাংলাদেশ মুসলিম লীগের মো. আ. মোতালেব (হারিকেন) এবং জাকের পার্টির মো. হুমায়ন কবীর (গোলাপ ফুল)।
বুধবার ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ছোট ছোট ট্রাক, রিক্সা ও ভ্যানে করে ভোটকে কেন্দ্র করে উচ্চশব্দে গান বাজিয়ে গণসংযোগ চালাচ্ছেন সাবের হোসেনের কর্মী-সমর্থকরা। বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে লিফলেটও বিলি করছেন তারা।
বুধবার বনশ্রী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বুধবার বিকালে বনশ্রী এলাকায় গণসংযোগ করেন সাবের হোসেন। বনশ্রীতে ইস্টার্ন বনবিথী শপিং কমপ্লেক্স এলাকায় পথসভা করেন সাবের। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। এদিন আফরোজা আব্বাস এমনকি তার সমর্থকদেরও মাঠে দেখা যায়নি।
গত ১২ ডিসেম্বর বাসাবো বৌদ্ধমন্দির ও মাদারটেক চৌরাস্তা এবং ১৮ ডিসেম্বর দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে আফরোজার গণসংযোগে হামলা হয়।
সবশেষ গত ২৩ ডিসেম্বর মানিকনগর পুকুরপাড় এলাকায় গণসংযোগে নেমে হামলার মুখে পড়ের আফরোজা আব্বাস। এরপর থেকে তাকে আর মাঠে দেখা যাচ্ছে না।
তিন দফা হামলার শিকার হয়ে গত মঙ্গলবার নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে আফরোজা বলেন, “আমার নেতাকর্মীরা প্রস্তুত থাকলেও প্রচারণায় মাঠে নামতে প্রশাসন নিষেধ করেছে। আমিও চাই না আমার সমর্থকদের রক্ত ঝরুক।”
গত ১২ ডিসেম্বর আফরোজা আব্বাসের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।
ভোটের শেষ মুহূর্তে এসে বিএনপিপ্রার্থীর প্রচারে না থাকাটা এই আসনের ভোটারদের মধ্যেও আলোচিত হচ্ছে।
অনেকটা ফাঁকা মাঠে ক্ষমতাসীন দলের সাংসদ সাবের হোসেন প্রচারে এগিয়ে থাকলেও ব্যালটে সিল মারার ক্ষেত্রে তা খুব বেশি প্রভাব রাখবে না বলেও মনে করছেন কেউ কেউ।
মধ্য বাসাবোতে হাবিব নামের একজন দোকানী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একতরফা প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে মাঠেই দেখা যাচ্ছে না।”
আফরোজা বাসাবো এলাকায় পোস্টার লাগাতে পারেননি জানিয়ে তিনি বলেন, “বিএনপির ভোটাররা এখন চুপচাপ থাকলেও ভোটের দিন ঠিকই বের হবেন।”
বাসাবো এলাকার পরিবহন শ্রমিকদের সাবেরের পক্ষে শোডাউনে অংশ নিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন গোড়ানের তালুকদার গলির বাসিন্দা হাবিব।
গত ১২ ডিসেম্বর আফরোজা আব্বাসের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।
“তবে যে দলের প্রার্থীই জিতুক না কেন, সবাই যদি সমানভাবে প্রচার চালাতে পারত তাহলে ভালো হত। সব দলের মিছিল-মিটিং থাকলে নির্বাচনী পরিবেশ আরও জমে উঠত।”
নিজেকে বিএনপিকর্মী দাবি করে এনায়েত হোসেন নামে বাসাবোর ওহাব কলোনীর একজন ভোটার বলেন, “সরকারি দলের ক্যাডার আর পুলিশের ভয়ে আমরা মাঠে নামতেই পারছি না, তাই এবার ব্যালট বিপ্লব হবে, আফরোজা আব্বাস এমপি নির্বাচিত হবেন।”
পূর্ব গোড়ানের ভোটার আশরাফুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের প্রার্থী ভোটের আগেই মাঠ দখল করে নিয়েছেন, ভোটের দিন যদি তারা কেন্দ্র দখল না করেন তবে এই আসনে এমপি হবেন আফরোজা আব্বাস।
দক্ষিণ মুগদাপাড়ার একটি রেস্তোরাঁর মালিক শর্তে বলেন, “বিএনপির প্রার্থী যে প্রচার চালাতে পারছেন না, সেটা মাথায় রেখেই ভোটাররা ভোট দেবেন।”
ঢাকা-৯ আসনে অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিক মিয়ার পক্ষে বুধবার কয়েকটি খণ্ড মিছিল হয়েছে। এছাড়া এই এলাকায় তার পোস্টারও চোখে পড়েছে। অন্যদের প্রার্থিতা কার্যত কাগজেকলমে।
