২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নৌকায় ভোট চেয়ে অ্যাম্বুলেন্স শোভাযাত্রা

“নৌকা মার্কায় ভোট দিন আজীবন সেবা নিন” শ্লোগান নিয়ে মাগুরায় অ্যাম্বুলেন্স শোভাযাত্রা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 02:31 PM

Updated : 08 Apr 2022, 07:32 PM

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান শিখরের পক্ষে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার অ্যাম্বুলেন্স ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই শোভাযাত্রা বের হয়। ৪০টি অ্যাম্বুলেন্সের শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় চালক ছাড়া অ্যাম্বুলেন্সে আর কেউ ছিল না।

অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ফরহাদ হোসেন বলেন, “সাইফুজ্জামান শিখর জনপ্রতিনিধি না হয়েও মাগুরায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা।

“মাগুরা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় রূপান্তরিত করতে তার অবদানই বেশি। ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ এখানে হচ্ছে; যার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এতেও রয়েছে তার অবদান। তাই আমরা চাই তিনি নির্বাচিত হন।”

শিখর নির্বাচিত হলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাগুরায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি দাবি করেন।

শিখর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন খান।