২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দৃশ্যমান প্রচারে এগিয়ে নৌকা, ‘কৌশলী’ ধানের শীষ

চট্টগ্রামের নির্বাচনী মাঠে দৃশ্যমান প্রচারে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা এগিয়ে থাকলেও বিএনপি জোটের প্রার্থীরা ঘরে ঘরে ‘কৌশলী’ প্রচারকেই গুরুত্ব দিচ্ছেন বেশি।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 01:17 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

বিএনপি প্রার্থী, নেতাকর্মী, সমর্থকদের অভিযোগ- গণগ্রেপ্তার, হামলা এবং নির্যাতনের ভয়ে তারা বাধ্য হয়েই ভোটের প্রচারে ‘কৌশলী’ হয়েছেন।

যদিও মহানগরীর তুলনায় মফস্বলের আসনগুলোতে বিএনপি বা তাদের নেতৃত্বাধীন জোট প্রার্থীদের পোস্টার-ব্যানার বেশি দেখা গেছে। তারপরও কর্মীরা বাধা এড়িয়ে ঘরে ঘরে গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন, আর তাতে ভালো সাড়াও মিলছে বলে তাদের দাবি।

অবশ্য প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, তারা ইচ্ছে করেই নির্বাচনী ব্যানার-পোস্টার লাগাচ্ছেন না। তাদের কাউকে বাধাও দেওয়া হচ্ছে না। 

Image
নৌকার ব্যানার-পোস্টারের ভিড়ে ধানের শীষের উঁকিঝুঁকি

নৌকার ব্যানার-পোস্টারের ভিড়ে ধানের শীষের উঁকিঝুঁকি

বড় দুই দল  জোটের বাইরে বাম জোট, ইসলামীদলসহ অন্যান্য দলের প্রার্থীদের প্রচার ঠিকই চোখে পড়ছে চট্টগ্রামে।    

চট্টগ্রাম জেলায় মোট ১৬টি আসনে নির্বাচন হবে। এর মধ্যে পুরো মহানগরী ও বাইরের কিছু অংশ মিলিয়ে ছয়টি আসন রয়েছে।

চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ধানের শীষের প্রার্থী মহানগর বিএনপির সভাপতি কারাবান্দি শাহাদাত হোসেন। এর বাইরে কমিউনিস্ট পার্টি, ইসলামী ফ্রন্ট, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলনসহ আরও ছয় প্রার্থী রয়েছেন।

এই আসনের বিভিন্ন এলাকা নৌকার প্রার্থীর পেস্টার ও ব্যানারে ভরে গেলেও ধানের শীষের ব্যানার-পোস্টারের দেখা মেলে মাঝে মধ্যে। কাস্তে, হাতপাখা, বটগাছ প্রতীকের ব্যানার বা গণসংযোগও সীমিত।

নগরীর বাকলিয়া, মাস্টারপুল, দেওয়ানবাজার, চকবাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপিকর্মীরা ছোট ছোট দলে ঘরে ঘরে গিয়ে শাহাদাতের পক্ষে প্রচারে যাচ্ছেন। শাহাদাতের নির্বাচন পরচিালনার সাথে সংশ্লিষ্টরা বিষয়টি স্বীকার করেছেন।

চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন কারাবন্দি থাকায় তার নির্বাচনী কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল আনেয়ার।

Image
চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পোস্টা-ব্যানারই বেশি।

চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পোস্টা-ব্যানারই বেশি।

তিনি বলেন, “প্রচার শুরুর দিকে আমরা অনেক পোস্টার লাগিয়েছিলাম। প্রায় সব ছিঁড়ে ফেলা হয়েছে। যারা পোস্টার লাগাচ্ছিল তাদের অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কর্মী যারা কারাগারের বাইরে আছে তারা হামলা-গ্রেপ্তারের ভয়ে পোস্টার লাগাতে সাহস করছে না।”

শাহাদাতের প্রচারের জন্য এক লাখের বেশি পোস্টার ছাপানো হলেও অধিকাংশই লাগানো যায়নি। তবে বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে লিফলেট দিয়ে তার জন্য একটি ভোট চাওয়া হচ্ছে জানিয়ে বদরুল বলেন, “এতে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে ভোটের মেসেজ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”

এছাড়া গত শুক্রবারে নির্বাচনী এলাকার দুই শতাধিক মসজিদে শাহাদাতের মায়ের একটি চিঠি বিতরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থী নিজে যেতে না পারলেও, প্রচারে বাধা দিলেও এতে সাড়া পড়েছে খুব ভালো।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে হামলা, বাধা দেওয়ার অভিযোগ করলেও বিএনপিপ্রার্থী আবদুল্লাহ আল নোমান তা ডিঙিয়ে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে এখানেও পোস্টার-ব্যানারে এগিয়ে আওয়ামী লীগের আফসারুল আমীন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাধার কারণে প্রচার করতে পারছি না। তারা পোস্টার ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে। নতুন করে লাগাতে পারছি না।

তবে কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ-আওয়ামী লীগের কর্মীরা মিলে পোস্টার ব্যানার ছিঁড়তে পারবে কিন্তু মানুষের আন্তরিকতা তো কাড়তে পারবে না। সুতরাং আমরা আমাদের কাজ করার চেষ্টা করছি।”

Image
চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী মইনউদ্দীন খান বাদলের পোস্টারে ঢাকা পড়েছে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের পোস্টার।

চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী মইনউদ্দীন খান বাদলের পোস্টারে ঢাকা পড়েছে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের পোস্টার।

৫০ বছরের বেশি সময় ধরে রাজনীতি করছেন দাবি করে নোমান বলেন, “সবাই আমাকে চেনে। আমাকে চেনার জন্য পোস্টারের প্রয়োজন নেই। সুষ্ঠু ভোট হলে এবং পরিবেশ পেলে রায় জনগণ আমাদের পক্ষেই দেবে।”

এছাড়া চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিয়মিত প্রচারে থাকলেও পোস্টার-ব্যানার লাগানোতে নৌকার প্রার্থী এমএ লতিফের চেয়ে পিছিয়ে আছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় প্রার্থী অনেকেই গ্রেপ্তার, দলের প্রচারে গ্রেপ্তার করা হচ্ছে, পোস্টার লাগালে ছিড়ে ফেলা হচ্ছে, পোস্টার লাগাতে গেলে সেখান থেকে গ্রেপ্তার করছে।”

এ অবস্থায় নির্বাচনী প্রচার চালানো অনেকটাই অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, “এর মধ্যেও চট্টগ্রাম মহানগরে বিএনপির প্রার্থী সমর্থকরা তাদের প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা নিয়মিতই নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাদের অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।”

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম দক্ষিণ জেলার এক বিএনপিনেতা বলেন, সব জায়গায় হামলা, মামলা, গণগ্রেপ্তার থাকলেও চট্টগ্রাম মহানগরের তুলনায় মফস্বল এলাকায় বিএনপির প্রচার কিছুটা বেশি আছে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বাঁশখালী, উত্তরের ফটিকছড়ি ও সীতাকুণ্ডে প্রচার তুলনামূলক ভালো।

Image
বাধা দেওয়ার অভিযোগ তুললেও প্রায়ই গণসংযোগে যাচ্ছেন চট্টগ্রাম-১০ আসরে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ; চৌধুরী।

বাধা দেওয়ার অভিযোগ তুললেও প্রায়ই গণসংযোগে যাচ্ছেন চট্টগ্রাম-১০ আসরে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ; চৌধুরী।

তবে বিরোধীদের এসব অভিযোগ অস্বীকার করে নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, “বিএনপি প্রার্থীরা প্রচার চালাতে পারছেন না সেটা পুরো অসত্য বক্তব্য। তাদের সুসংগঠিত কর্মীবাহিনী মাঠেও নেই। অথচ ভাব দেখাচ্ছে এমন যেন মাঠে নামতে পারছে না।

“তারা মাঠে থাকলে তো কেউ বাধা দিবে। রাজনৈতিক দৈনতার কারণে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে শুধু অভিযোগ করছে। প্রচারণায় সবার জন্য অবারিত সুযোগ আছে। তারা শুধু ব্যতিব্যস্ত করার জন্য এসব নালিশ করছে।”

চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী বলেন, “বিএনপি গোপন রাজনৈতিক সংগঠনের মডেল অনুসরণ করছে। আগেও তারা এধরনের সংগঠনকে পৃষ্ঠপোষকতা করেছে।

“প্রকাশ্য প্রচারণায় কেউ তাদের বাধা দিলে আমি তাদের প্রচারণা চালানোর দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু বিএনপি যদি এসব মিথ্যে অভিযোগ তুলে গোপনে নাশকতা করার পরিকল্পনা করে তাহলে দলের সবাইকে নিয়ে তা প্রতিহত করা হবে।”