২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হাজারীর দাপট, নেই ধানের শীষ

ফেনী-২ (সদর) আসনের নির্বাচনী এলাকায় একচেটিয়া প্রচারে পুরো শহর দখল করে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। শহরের যেদিকে চোখ যায় শুধু নৌকা আর নৌকার প্রচারণা। অপরদিকে ধানের শীষ যেন ভিড়তেই পারছে না।

তাবারুল হক

ও নাজমুল হক শামীম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 01:38 AM

Updated : 11 Oct 2022, 12:52 PM

ধানের শীষসহ অন্যান্য দলের প্রার্থীরা অভিযোগ করেছেন, নৌকার লোকদের বাধার কারণে তারা কোনো ধরনের প্রচারণা করতে পারছেন না। এমনকি ভাঙ্গার ভয়ে তাদের মাইক ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী জয়নাল আবদিন।

সরেজমিনে দেখা যায়, শহরের ভেতরের প্রধান ‘ট্রাংক রোডসহ’ প্রতিটি অলিগলি নৌকা প্রতীকের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বড় বড় বিলবোর্ডে ঢেকে দেওয়া হয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) ধানের শীষের কোনো পোস্টার ও অন্যান্য প্রচার-প্রচারণা চোখে পড়েনি।

তবে শহর ঘুরে হাতপাখা প্রতীকের কিছু পোস্টার দেখা গেছে। আর বিএনপি প্রার্থীর বাড়ির পাশে কয়েকটি ধানের শীষের পোস্টার খুঁজে পাওয়া যায়; এসব পোস্টারের পাশেও নৌকার পোস্টার ঝুলতে দেখা গেছে।

Image
ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিন (ভিপি জয়নাল)

ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিন (ভিপি জয়নাল)

নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর লোকদের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের কোথাও যদি ধানের শীষের পোস্টার লাগানো হয়, এর দুই-এক ঘণ্টার মধ্যে ছিঁড়ে ফেলছে ক্ষমতাসীন দলের লোকেরা। মাইকিং করতে গেলে মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত নয়টি মাইক ভেঙ্গে দিয়েছে তারা। তাদের ভয়ে দোকান থেকে এখন আর কেউ আমাদের কাছে মাইকই ভাড়া দেয় না, এই কারণে কয়েকটি মাইক কিনতে হয়েছে।”

এছাড়া বিএনপি প্রার্থীর সাথে তার বাড়িতে দলীয় নেতাকর্মীরা দেখা করতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী।

এ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রচারণাতেও বাধা পাওয়ার অভিযোগ করেছেন দলটির প্রার্থী জসীম উদ্দীন।

তিনি বলেন, “আমাদের প্রচারণার সামর্থ্য কম, তারপরও যতটুকু প্রচারের চেষ্টা আছে, পোস্টার ঝুলাতে গেলে বাধা বা মাইকিং করতে গেলে মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে।”

এক শ্রেণির ‘রাজনৈতিক দুর্বৃত্তরা’ এ ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে নিজাম হাজারী বলছেন, শহরে ধানের শীষের কোনো পোস্টারই লাগানো হয়নি। বিএনপির প্রচার-প্রচারণায়ও তাদের কেউ বাধা দেয়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (বিএনপি) যদি পোস্টার না লাগায় সেই দায়িত্ব তো আমার না। তবে নির্বাচনে কয়েকটা পোস্টার হয়ত কেউ ছিঁড়ে থাকতে পারে, সেটা তো বড় কিছু না।”

Image
নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী

নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী

নিজাম হাজারী দাবি করেন, ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের সাথে তার কোনো বিরোধ নেই। তার নির্বাচনী কাজে ‘বাধা দেওয়া হচ্ছে না’।

এ আসনের আলোচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারী ২০০১ সালের নির্বাচনের পরপর রাজনীতির মাঠ থেকে সটকে পড়লে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন হাজারী বংশেরই সদস্য নিজাম হাজারী।

একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত ফেনী-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৬৮২।

এ আসনে পাঁচজন প্রার্থী হয়েছেন। নৌকা, ধানের শীষ ও কোদাল ছাড়া অন্য দুই প্রার্থী হলেন- বাংলাদেশ ইসলামী আন্দোলনের নুরুল করিম বেলালী (পাতপাখা) ও জাকের পার্টির মো. নজরুল ইসলাম (গোলাপ ফুল)।

এক হাজারী থেকে আরেক হাজারী

ফেনী-২ আসনে ১৯৮৬ থেকে ২০০১ সালের নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জয়নাল আবেদীন হাজারী (জয়নাল হাজারী)। এরপর ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হন বর্তমান বিএনপির প্রার্থী জয়নাল আবদিন (ভিপি জয়নাল) তিনি ২০০১ সালের নির্বাচনে জয়নাল হাজারী ও ২০০৮ সালের নির্বাচনে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে হারান।

অন্যদিকে নিজাম হাজারী ২০১১ সাল থেকে ২০১৪ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত ফেনী পৌরসভার মেয়র ছিলেন। এরপর বিএনপিবিহীন ২০১৪ সালের নির্বাচনে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য হন।

দুই প্রার্থীর বাড়ির পরিবেশ

বুধবার দুপুরে ফেনী শহরের মাস্টারপাড়ায় নিজাম হাজারীর বাড়ির সামনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান ও স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমার দেখা মেলে।

কিন্তু বিকালে শহরের ফলেশ্বর এলাকায় বিএনপির প্রার্থী জয়নাল আবদীনের বাড়িতে বাইরের কোনো মানুষের উপস্থিতি দেখা যায়নি। বাড়িটিতে সুনসান নীরবতা লক্ষ করা যায়।

জয়নাল আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাড়িতে আমার দলের কোনো নেতাকর্মী দেখা করতে আসলে বাধা দেওয়া হচ্ছে। আমার বাড়ির আশপাশে ওরা লোক দিয়ে পাহারা বসিয়েছে, রাস্তার মুখে খুঁটিতে সিটি ক্যামেরা বসানো হয়েছে। আমার সাথে দেখা করতে চেষ্টা করার কারণে অনেককে পিটিয়েছে তারা।”

তারপরও কোনো সংঘাতে না জড়িয়ে নির্বাচন করতে চান জানিয়ে তিনি বলেন, “অনেক বাধার পরও আমি কৌশলে আমার প্রচারণা অব্যাহত রেখেছি। ভোটাররা ধানের শীষে ভোট দিতে চায়। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে আমার বিজয় হবেই।”

নিজাম হাজারী বলেন, “উনি (ভিপি জয়নাল) তো আমার বড় ভাই। আমার সাথে দেখা হলে তাকে জড়িয়ে ধরি। নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর তার সাথে কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। তিনি যদি জয়লাভ করেন তাহলে সবার আগে তাকে আমি ফুলের মালা দিতে যাব। আমাদের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।”

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌকার পক্ষে মানুষের ব্যাপক সাড়া মিলছে। গত এক বছর ধরে নৌকার পক্ষে আমাদের প্রচারণা চলছে। মাঠ আমাদের পক্ষেই আছে।”

তিনি বলেন, “শেখ হাসিনার নির্দেশনায় ফেনী-১ ও ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থীদের পক্ষেও আমাদের প্রচারণা অব্যাহত আছে। ইনশাল্লাহ, এবারও জেলার সবগুলো আসনে আমাদের বিজয় হবে।”

ভোটারদের ভাষ্য

স্থানীয়রা জানিয়েছেন, জয়নাল হাজারীর সময় এই ফেনী ছিল ‘সন্ত্রাসের রাজত্ব’। ২০০১ সালের নির্বাচনের পর জয়নাল হাজারী রাজনীতি থেকে হারিয়ে যান। এরপর তার অনুপস্থিতিতে দুই মেয়াদে আসনটি বিএনপির দখলে থাকার পর আওয়ামী লীগ থেকে নিজাম হাজারী সংসদ সদস্য হন। এরপর ফেনীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন নিজাম হাজারী।

স্থানীয় ভোটার আশরাফুল ইসলাম বলেন, “এখানে এক দলের একমাত্র প্রচার, নৌকা ছাড়া অন্য কোনো দলের ঠাঁই নেই। নৌকা ছাড়া অন্যরা প্রচার চালাতে গেলেই সমস্যা। এই রকম পরিবেশে মানুষ তাদের রায় কীভাবে দেবেন, তা কেউ বলতে পারে না।”

আরেক ভোটার রফিকুল আলমের ভাষ্য, “আমার মনে হয়, এখন কেউই ভোট দেওয়া বা না দেওয়া নিয়ে আপাতত চিন্তা করছে না। নির্বাচনের দিন পরিবেশটা কেমন থাকবে এর ওপর নির্ভর করবে মানুষ ভোট দিতে কেন্দ্রে যাবে কি না।”

শহরের জিরো পয়েন্টে কয়েকজন পত্রিকার হকারের সাথে দেখা হয়। শহরের কোন এলাকায় ধানের শীষের পোস্টার রয়েছে জানতে চাইলে তাদের একজন বলেন, “কিছু দিন আগে রাতের বেলায় কিছু ধানের শীষের পোস্টার লাগানো হয়ছিল, এগুলো এখন আর চোখে পড়ে না। নৌকা ছাড়া সবাই তো দৌঁড়ের ওপর আছে।”

ভোটারদেরও ভয়ভীতির অভিযোগ

কেন্দ্রে না যেতে ভোটারদের নানাভাবে ক্ষমতাসীনদের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ ও কোদাল প্রতীকের প্রার্থী।

বিএনপির প্রার্থী জয়নাল আবদিন বলেন, “ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। ধানের শীষের নেতাকর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”

নির্বাচনের আগের রাতে নৌকার পক্ষে ভোট নিয়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “একটা গোপন সংবাদ পেয়েছি- সেটা তাদের পরিকল্পনা, ভোটের আগের রাতে তারা ৫০-৬০ শতাংশ ভোট নিয়ে নিবে। এটা আশঙ্কার কথা।”

কোদাল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেছেন, “ভোটারদের নানাভাবে বিভিন্ন দিক থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটারদের কেন্দ্রবিমুখ করতে নানা চেষ্টা অব্যাহত আছে। এভাবে নির্বাচন হতে পারে না।”  

আচরণবিধি লংঘন

ফেনী-২ আসনে আচরণবিধি লংঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী নিজাম হাজারী। শহরের অধিকাংশ মোড়ে বড় বড় বিল বোর্ডে নিজাম হাজারীর ছবি সম্বলিত ব্যানার লাগানো হয়েছে।

এসব প্রচারণায় স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ীদের সৌজন্য লেখা রয়েছে। ছোট-বড় বহু রঙ্গিন পোস্টার-ব্যানার ও শত শত ফেস্টুনের সাজসজ্জা করা হয়েছে। প্রার্থীর বাড়ির সামনে দুটি পুকুরে অস্থায়ী নৌকাতে ভাসছে তার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন।

নৌকার প্রার্থী নির্বাচনী প্রচারণায় স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে থাকেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

বুধবার দুপুরে সংসদ সদস্য নিজাম হাজারীকে স্থানীয় পুলিশের দুটি গাড়ি নিয়ে তার নির্বাচনী প্রচারে বের হতে দেখা য়ায়।

নির্বাচনী কাজে বাধা দেওয়া এবং আচরণবিধি লংঘনের বিষয়ে বার বার রিটার্নিং কর্মকর্তার অফিস, থানা ও জেলা প্রশাসনে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে দাবি করেছেন ধানের শীষের প্রার্থী জয়নাল আবদীন।

রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) মো. ওয়াহিদুজজামান বলেন, “আমাদের মোবাইল টিম নিয়মিত কাজ করছে। যখনই কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালায় আমরা ব্যবস্থা নেই। গত কয়েক দিনে বেশ কিছু বড় ব্যানার সরানো হয়েছে। হয়ত আবার নতুন করে কেউ লাগাতে পারে। আমাদের কাছে দৃশ্যমান হলে ব্যবস্থা নিব।”

জয়নাল হাজারী কোথায়?

মাস্টারপাড়ায় নিজাম হাজারীর বাড়িতে যাওয়ার আগের বাড়িটি জয়নাল হাজারীর। আলিশান এ বাড়িতে কেউ বসবাস করে না। বাইরে থেকে তালা ঝুলছে বাড়িটিতে। বসবাস না থাকার কারণে এ বাড়ির বিভিন্ন আসবাব, দেয়াল ও ছাদের পলেস্তরা খসে পড়ছে।

জয়নাল হাজারীর বাড়ির পাশেই ছোট একটি বাগান করা আছে। নোংরা ও আবর্জনায় ঢেকে গেছে এ বাগান বাড়িটি। বাড়ির দেওয়ালও ভেঙ্গে পড়েছে। বাড়ির সামনের পুকুরটি এখন আর নেই। সেখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, জয়নাল হাজারীর পতনের পর আওয়ামী লীগের টিকেটে নিজাম হাজারী সংসদ সদস্য হওয়ার পর তাদের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। জয়নাল হাজারী এখন ঢাকাতে বসবাস করেন বলে তাদের কয়েকজন জানিয়েছেন।

তারা বলছেন, নিজাম হাজারীর ‘ক্ষমতার দাপটের’ কারণে জয়নাল হাজারী এলাকায় আসেন না।

তবে জয়নাল হাজারীর বিষয়ে নিজাম হাজারী বলেন, “তার সাথে আমার কোনো বিরোধ নেই। সামান্য মতবিরোধ ছিল, তা আর এখন নেই। তিনিও নৌকার মানুষ, তিনি সব সময় নৌকার মঙ্গল কামনা করেন।”

২০০১ সালের নির্বাচনে জয়নাল হাজারীকে হারিয়ে নির্বাচিত হন ভিপি জয়নাল।

জয়নাল হাজারী সম্পর্কে তিনি বলেন, “ফেনীতে ওই সময়টা ছিল সন্ত্রাসের রাজত্ব, আর এখন চলছে হত্যার রাজত্ব, পার্থক্য এই।”

নিজাম হাজারীর ভয়ে জয়নাল হাজারী এলাকা ছাড়া বলেও দাবি করেছেন বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন।

এ বিষয়ে জয়নাল হাজারীর বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়।