২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-৪: আত্মবিশ্বাসী সালাম, কেন্দ্রে ভোটার চান হেলাল

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও নিজের ভাবমূর্তি নিয়ে নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী সালাম আব্দুস মূর্শেদী। অপরদিকে তার প্রতিপক্ষ আজিজুল বারী হেলাল বলছেন, ভোটাররা কেন্দ্রে গেলেই জয়ী হবেন তিনি।

সাজিদুল হক

ও সুবীর রায়, খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 12:20 AM

Updated : 19 Aug 2022, 03:05 PM

রূপসা-দিঘলিয়া-তেরখাদা নিয়ে গঠিত এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক ফুটবলার সালাম বলছেন, বিগত দিনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নির্বাচন তার কাছে ‘চ্যালেঞ্জই নয়’।

তবে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশি বাধায় মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল।

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা গত ২৫ জুলাই মারা গেলে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনটি শূন্য হয়। সেপ্টেম্বরের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হন সালাম মূর্শেদী । আর কোনো প্রার্থী না থাকায় ফাঁকা মাঠেই গোল দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ফুটবলার।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ ধানের শীষের প্রার্থী হয়ে হেরে যান। ওই নির্বাচনে এই আসনে নৌকা নিয়ে জয়ী হন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মোল্যা জালাল উদ্দিন।

৫৫ বছর বয়সী সালাম মূর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। নিজের জেলায় তরুণ বয়সেই পরিচিতি পান ক্রীড়াবিদ হিসেবে। সত্তরের দশকে ঢাকায় আসার পর তিনি হয়ে ওঠেন ঢাকার তারকা ফুটবল খেলোয়াড়দের একজন।

বিজেএমসিতে খেলার সময় প্লাটিনাম জুট মিলের সুপারভাইজার হিসেবে চাকরিতে থাকা অবস্থায় সালাম মূর্শেদীর মনে শিল্প কারখানা গড়ার পরিকল্পনা দানা বাঁধতে থাকে। পরে কুতুব উদ্দিন আহমেদের সাথে মিলে ১৯৮৪ সালে গড়ে তোলেন এনভয় গ্রুপ।

Image
সালাম মূর্শেদী

সালাম মূর্শেদী

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী বর্তমানে বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি।

ক্যারিয়ারে ব্যবসার সঙ্গে এখন রাজনীতি যোগ হলেও সালাম মূর্শেদী ক্রীড়াঙ্গন ছাড়েননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) তিনি আছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে।

জাতীয় রাজনীতিতে সক্রিয় না থেকে জাতীয় নির্বাচনের এই উত্তাপে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কি না জানতে চাইলে বুধবার খুলনায় নিজের নির্বাচনী কার্যালয়ে সালাম মূর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চ্যালেঞ্জ যতটুকু ভেবেছিলাম, ততটুকু নয়। দেশের এই উন্নয়ন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এসব দিক বিবেচনা করে আপামর জনসাধারণ সমর্থন করছে। পাগলেও ভালোটা বোঝে। মানুষ বুঝে গেছে উন্নয়ন কাকে দিয়ে হবে।”

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া সালাম বলেন, “মানুষ ক্যান্ডিডেট চেনে। খেলা, ব্যবসা, ব্যক্তিগত জীবন সবকিছুই মানুষ জানে। এর সাথে সরকারের গত ১০ বছরের উন্নয়ন এবং পরিকল্পনা। এ কারণে আমার কাছে নির্বাচন চ্যালেঞ্জ মনে হচ্ছে না।”

নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ আজিজুল বারী হেলাল ছাত্র রাজনীতি করে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদকের পদে আছেন।

নিজের এলাকায় নির্বাচনী প্রচার চালাতে পারছেন না করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গায়েবি মামলায় আমার তিনটা থানার ১৬৪ জন নেতাকে নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে। এর পরে শুরু হয়েছে নির্বাচনের কারণে আওয়ামী লীগের ভেতরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অথবা নিজেদের মধ্যে গণ্ডগোল করে মামলা দিয়ে সেটা আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে।

“এই মামলায় অ্যাকশন এত দ্রুত শুরু হচ্ছে... মামলা সকালে হচ্ছে রাতে আসামি ধরে ফেলছে। অজ্ঞাতনামা লিখে যে কোনো লোককে ধরে ঢুকিয়ে দিচ্ছে।”

Image
আজিজুল বারী হেলাল

আজিজুল বারী হেলাল

নিজের এলকায় প্রথমবার নির্বাচন করতে যাওয়া হেলাল অভিযোগ করেন, তার নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে।

“প্রথমে পুলিশ বাড়িতে যাচ্ছে। জিজ্ঞেস করছে কে আছে? বের হয়ে আসলে ছাত্রলীগ-যুবলীগ মারছে। বাড়িঘরে মানুষ থাকতে পারছে না। মিছিলে গেলে মারছে। অস্ত্র দিয়ে হামলা করছে। এর সাথে যদি পুলিশ যোগ হয়... মামলাই ঠেকাতে পারছি না। তার ওপর হামলা। দ্রুত বিচার আইনের মামলার চেয়ে দ্রুত, বুলেট গতিতে মামলা চলছে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় তার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

“আমাদের ওপর হামলা করে সেই মামলায় আমাদের আসামি করা হচ্ছে।”

রূপসা এলাকায় জামাত-‘সন্ত্রাসীদের’ নিয়ে তিনি কাজ করছেন বলে স্থানীয় আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা অস্বীকার করেন ধানের শীষের প্রার্থী হেলাল।

তিনি বলেন, “২০ দলীয় জোটে জামাত আছে। কিন্তু আমি জামাতকে নিয়ে ভোট চাই না। মিটিংয়ে রাখি না। রাজনৈতিক নেতা হিসেবে আমার এটা বলা উচিত নয়। কারণ তারা জোটে আছে। কিন্তু আপনাদের বললাম।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকার সালাম মূর্শেদীকে ‘বড় ভাই’ উল্লেখ করে হেলাল বলেন, “সালাম ভাই আমার সিনিয়র। একসাথে খেলা করেছি। নমিনেশন পেপার জমা দেওয়ার সময় বলেছিলাম, ‘সালাম ভাই, একসাথে ফুটবল খেলেছি। আপনি বড়ভাই মানুষ। আসেন সুন্দর করে, শান্তি করে ইলেকশন করি।

“উনি আশ্বাস দিয়েছিলেন, ‘হ্যাঁ, হেলাল এটা ঠিক বলেছ।’ কিন্তু এখন শুনি উনি বলছেন, আমি কি করে এলকায় ঘুরি? এখন মনে হয় উনি এসব জিনিস উসকে দিচ্ছেন।”   

একটি বেসরকরি টেলিভিশন চ্যানেলের খুলনা ব্যুরো অফিসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বুঝলাম উনি জনপ্রিয়। কিন্তু আগে পুলিশ পিছে হকিস্টিক নিয়ে ভোট করলে মানুষ ভোট দেবে?”

সেনাবাহিনী নামার পরে পরিস্থিতি পাল্টেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখনও কিছু বুঝে উঠতে পারছি না।”

“মানুষ ভোট কেন্দ্রে গেলেই হবে। আমি বিজয়ী হব ইনশাল্লাহ।”

২০০৮ সালে আজিজুল বারী হেলাল ঢাকা-১৮ থেকে নির্বাচন করে হেরে যান। তিনি প্রথমবারের মতো এবারই নিজের এলাকা খুলনার কোনো আসন থেকে নির্বাচনে করছেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, হেলালের বিরুদ্ধে থাকা ১০১টি মামলার মধ্যে ৫২টি মামলা বিচারাধীন। এছাড়া ৯টি মামলার তদন্ত চলছে, বাকি ৪০টি মামলার কার্যক্রম সম্পূর্ণ স্থগিত। ২০০৮ সালে কোনো চলমান মামলা ছিল না।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলালকে ‘ভালো সংগঠক’ উল্লেখ করে তার করা অভিযোগের বিষয়ে সালাম মূর্শেদী বলেন, “আমি তার সাথে দ্বিমত পোষণ করি। তিনি ভালো সাংগঠনিক ব্যক্তিত্ব। সংগঠনে পাকা লোক। ছাত্র রাজনীতি করে এখানে এসেছেন।

“তিনি (নির্বাচনী) অফিস কম করেছেন। আমার চারটে অফিস ভেঙেছে। মটরসাইকেল পুড়িয়েছে। উনি যেসব অভিযোগ করছেন তা ভিত্তিহীন। অভিযোগের পেছনে তথ্য দিতে পারেননি। অমূলক অভিযোগ। আমি যে রকম গণসংযোগ করছি, উনি সে সময় গণমাধ্যমে কথা বলছেন। তাহলে কিভাবে গণসংযোগ করবেন? সাংঠনিক ব্যক্তিতো সুন্দর করে কথা বলতে পারেন।”