২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেজা কিবরিয়ার আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস

স্বাধীনতার পর কোনো নির্বাচনে বিএনপির প্রার্থী না জিতলেও এবার হবিগঞ্জ-১ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়ার।

ফয়সাল আতিক

ও মো. রাসেল চৌধুরী, হবিগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 11:16 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

ঐক্যফ্রন্টের এই প্রার্থীকে ভোটে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন বিএনপিকর্মীরা। এর বাইরে রেজার বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া অর্থমন্ত্রী থাকাকালে এলাকার উন্নয়নের কারণে ভোটারদের সহানুভূতিও যাচ্ছে বিপরীত শিবিরের এই প্রার্থীর পক্ষে।

তবে রেজার প্রতিপক্ষ নৌকার প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজীও ভোটের মাঠে রয়েছেন শক্ত অবস্থানে। তার বাবা প্রয়াত দেওয়ান ফরিদ গাজী ১৯৯৬ সাল থেকে টানা তিনবার এই আসনে নৌকা প্রতীকে এমপি হয়েছিলেন। এলাকায় কিবরিয়া পরিবারের মতো গাজী পরিবারেরও রয়েছে বেশ জনপ্রিয়তা। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শাহ নেওয়াজ গাজীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।

Image
নির্বাচনী প্রচার সভায় নৌকার প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজী

নির্বাচনী প্রচার সভায় নৌকার প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজী

ফলে এই আসনে নৌকা-ধানের শীষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন স্থানীয়রা।

হবিগঞ্জ-১ আসনই শুধু নয়, জেলার চারটি নির্বাচনী আসনেই বিগত জাতীয় নির্বাচনগুলোতে ধানের শীষের কোনো প্রার্থী জেতাতে পারেননি বিএনপির কর্মী-সমর্থকরা। বিগত ১০টি নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল আর আওয়ামী লীগের নৌকাকেই ঘুরে ফিরে বেছে নিয়েছেন হবিগঞ্জবাসী। তিনবার ক্ষমতায় যাওয়া বিএনপি এখানে গড়পড়তায় দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করেছে।

এবারও সবগুলো আসনেই প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। ভোটারদের অনেকের ধারণাও তাদের কাছাকাছি।

নির্বাচনী হালচাল নিয়ে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র জাকারিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হবিগঞ্জে আওয়ামী লীগের সুবিধা হচ্ছে, এখানে বিএনপির মাত্র একজন প্রার্থী। বাকি তিনজন প্রার্থীই ঐক্যফ্রন্টের শরিকদের। হবিগঞ্জ-৪, হবিগঞ্জ-২ আসলে খেলাফত মজলিশের দুইজন প্রার্থী দিয়েছে। তারা মাঠে সুবিধা করতে পারছে না। এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে কেবল হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া ও শাহ নেওয়াজ মিলাদ গাজীর মধ্যে।

“সদর আসনেও ধানের শীষের প্রার্থী সাবেক পৌর মেয়র জিকে গউছ ও নৌকার প্রার্থী মো. আবু জাহিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেই দুটি আসনে খেলাফত মজলিশের প্রার্থীকে ধানের শীষ দেওয়া হয়েছে সেখানে নৌকা বিপুল ভোটের ব্যবধানে জিতবে।”

বিএনপির শাসনামলে হবিগঞ্জে বোমা হামলায় নিহত হয়েছিলেন রেজা কিবরিয়ার বাবা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শাহ এএমএস কিবরিয়া। বিচারাধীন কিবরিয়া হত্যা মামলার অধিকাংশ আসামি বিএনপির সিলেট অঞ্চলের নেতা। হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জিকে গউছ এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী কিবরিয়া হত্যা মালার অন্যতম আসামি।

তাই রেজা কিবরিয়ার নৌকার বিরোধী শিবিরে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণে বিস্মিত হয়েছিলেন স্থানীয়দের অনেকেই। নির্বাচনে মনোনয়ন দাখিলের কয়েক দিন কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামে দিয়ে তুমুল আলোচনায় এসেছিলেন রেজা কিবরিয়া। পরে ঐক্যফ্রন্টের প্রার্থী হন তিনি, তার প্রতীক হয় বিএনপির ধানের শীষ। 

Image
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন রেজা কিবরিয়া

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন রেজা কিবরিয়া

এই আসনে বার বার ধানের শীষ প্রতীক নিয়ে হেরে যাওয়া বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া ২০০১ সালে পেয়েছিলেন ৬৬ হাজার ভোট, ২০০৮ সালে পেয়েছিলেন ৭৯ হাজার ভোট। পরে দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুর পর ২০১১ সালের উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এরপর নির্বাচনী এলাকায় সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি সুজাত মিয়া।

প্রথম দিকে অভিমানে রেজা কিবরিয়ার পক্ষে কাজ না করলেও প্রচারণার শেষ দিকে এসে তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এই বিএনপি নেতা। হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিএনপি নেতাকর্মীরা রেজা কিবরিয়ার ভোটের প্রচারণায় দিনরাত কাজ করে চলেছেন।

নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র সাবির আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব বিভেদ ভুলে আমরা রেজা কিবরিয়ার পক্ষে কাজ করছি। কিন্তু পুলিশি হয়রানির কারণে আমরা নির্বিঘ্নে একত্রিত হয়ে কাজ করতে পারছি না।”

বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক। মাঠে তার অবস্থান নৌকার প্রার্থীকে কিছুটা হলেও বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন ভোটাররা। এই আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির এমএ মনিম চৌধুরী বাবুও লাঙ্গলের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে রাখার কথা জানান তিনি।

নির্বাচনী প্রচারে উভয়পক্ষ সরব থাকলেও ধানের শীষের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

Image
হবিগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারে ধানের শীষের প্রার্থী জি কে গউছ

হবিগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারে ধানের শীষের প্রার্থী জি কে গউছ

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, “আমরা কোথাও নির্বাচনী সভা করতে গেলে পুলিশ আগে গিয়ে সেখানে লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছে। তারপরেও মানুষজন ভয়ভীতি উপেক্ষা করে প্রচারণায় শামিল হচ্ছে। জনগণ বর্তমান সরকারের দমন-পীড়ন থেকে মুক্তি চায়।

“হবিগঞ্জের চারটি আসনেই ধানের শীষ জনগণের রায় পাবে। এর মধ্যে হবিগঞ্জ-১ ও হবিগঞ্জে-৩ সদর আসনে লাক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা জিতব।”

তবে হবিগঞ্জ সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম বলেন, “আমরা যেখানেই যাচ্ছি নৌকা ও উন্নয়নের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছে। বিএনপির লোকজন তাদের প্রচার চালাচ্ছে, আমরা আমাদের প্রচার চালাচ্ছি। আমাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা নেই।”

উন্নয়ন ফল দেবে?

হবিগঞ্জের দৈনিক প্রতিদিনের বানী প্রতিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকার যেসব বড় বড় উন্নয়ন করেছে তাতে ভোটাররা ‘অনেক খুশি’। হবিগঞ্জ এলাকায় রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। অনেক উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে। আগে থেকেই নৌকা আর বঙ্গবন্ধুর ভক্ত এই এলাকায় আওয়ামী লীগের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এসব উন্নয়নের কারণে।

ফলে এবারের নির্বাচনে হবিগঞ্জের সবকটি আসনে অতীতের ধারাবাহিকতায় নৌকার জয় হবে বলে মনে করছেন প্রবীণ এই সাংবাদিক।

তবে সদর আসনে গউছ বনাম জাহির এবং বাহুবল-নবীগঞ্জ আসনে রেজা কিবরিয়া বনাম শাহনেওয়াজ মিলাদ গাজীর মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে বলেও মনে করেন তিনি।

ভোটারদের ভাবনা

হবিগঞ্জ শহরে ২১ বছর ধরে রিকশা চালান মোসলেম মিয়া। নির্বাচনের হালচাল জানতে চাইলে তিনি বলেন, “আমরা গরিব মানুষ, নির্বাচনে যেই জিতুক তাতে আমাদের কিছু যায় আসে না। তবে বর্তমান সরকারের আমলে মানুষ রাস্তায়, চা দোকানে দাঁড়িয়ে মন খুলে দুটি কথা বলতে পারে না। সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাকে ধরে নিয়ে যায়।

“কারণে অকারণে পুলিশ বিরোধী দলের কর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। এসব বিষয় মানুষ ভালোভাবে নিচ্ছে না। গোপালগঞ্জের পর হবিগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি ভাবা হয়ে থাকে। তবে এবার মানুষ নৌকার বিরুদ্ধে ভোট দেবে।”

আলাপচারিতায় সরকারের উন্নয়নের কথাও স্বীকার করেন মোসলেম।

“হ্যাঁ, উন্নয়ন অনেক হয়েছে। উন্নয়নের কথা বললে সরকারের প্রশংসা করতে হয়। আগের কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। রাস্তা-ঘাট, বিদ্যুৎ হইতে শুরু করে সব ক্ষেত্রে শেখ হাসিনা উন্নয়ন করেছেন,” বলেন নাসিরনগর থেকে হবিগঞ্জে এসে সপরিবারে বসবাসকারী এই প্রবীণ।

অবশ্য আরেকজন রিকশা চালকের কাছে শোনা গেল ঠিক বিপরীতমুখী বক্তব্য। হবিগঞ্জে নৌকা ছাড়া অন্য কোনো মার্কা জিততে পারবে না বলেই দৃঢ় বিশ্বাস তার।

“বাংলাদেশে কোথাও নৌকা না জিতলেও হবিগঞ্জের সব কটি আসনে জিতবে। ধানের শীষ অতীতেও এখানে ভালো ফল করতে পারেনি। আর এবার তো আওয়ামী লীগের উন্নয়নের মওসুম। নৌকা ছাড়া অন্য কোনো মার্কা হবিগঞ্জে ভোট পাবে না,” বলেন তিনি।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট, মাধবপুর)

এই আসনে ১৯৯১ সাল থেকে এমপি হয়ে আসছিলেন আওয়ামী লীগের এনামুল হক মোস্তফা শহীদ। তার মৃত্যুর পর ২০১৪ সালে এই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন মাহবুব আলী। এবারও তিনি নৌকার প্রার্থী।

তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের আহমেদ আব্দুল কাদির, ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিশের মহাসচিব তিনি। ১৯৯৬ সালেও এই আসন থেকে নির্বাচন করে হেরেছিলেন কাদির।

এবার বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে ভোটে নামলেও পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কারণে ভোটারদের কাছে যেতে পারছেন না বলে অভিযোগ করেন তার নির্বাচন প্রচারের সমন্বয়ক মো. আব্দুল করিম।

তিনি বলেন, “আমরা সাধারণ ভোটারের পাশাপাশি বিএনপির তৃণমূল কর্মীদের সমর্থন পাচ্ছি। কিন্তু পুলিশ ও সরকার দলের নেতাকর্মীরা যেখানে সেখানে আমাদের বাধা দিচ্ছে।”

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা)

Image
নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থী আবু জহির

নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থী আবু জহির

আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের পর এই আসন থেকে টানা দুইবার নির্বাচিত হয়ে আসছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির। তার প্রতিদ্বন্দ্বিতায় আছেন হবিগঞ্জে বিএনপির একমাত্র প্রার্থী ও তিনবার নির্বাচিত পৌর মেয়র জিকে গউছ। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হলেন।

সর্বশেষ অনুষ্ঠিত পৌর নির্বচনে গউছ ১১ হাজার ভোট পেয়ে জয়ী হন। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম ৯ হাজার ভোট পান, দলের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান পেয়েছিলেন ৬ হাজার ভোট।

হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ, বানিয়াচং)

১৯৯১ সাল থেকে এই আসনে তিনবার নৌকার প্রার্থী বদল করা হলেও জিতে এসেছেন সবাই। এবারের নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মজিদ খান গত দুই সংসদে নির্বাচিত হয়ে আসছেন।

আগের নির্বাচনগুলোতে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হলেও এবার তার প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিশের আব্দুল বাসিত আজাদ। পেশায় মাদ্রাসার শিক্ষক ধানের শীষ প্রতীকের এই প্রার্থী এবারই প্রথম নির্বাচনী মাঠে নামলেন।