২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে গিয়ে বিফল বিএনপির মিল্লাত ও তার ছেলে

জাতীয় নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সাবেক সাংসদ বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাতের করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 10:30 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

খারিজ হয়েছে ধানের শীষ প্রতীকে চেয়ে করা এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে শাহাদৎ বিন জামানের রিটও।  

দুই রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবুল কালাম আজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। শাহাদৎ বিন জামানের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য পদ লাভজনক উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছিলেন বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত।

“আমারা আদালতে বলেছি, সংসদ সদস্য পদ লাভজনক নয়। তাছাড়া আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচন কমিশনে কোনো আপিল করেননি রিটকারী। আদালত আমাদের কথা শুনে রিটটি খারিজ করে দিয়েছে।”

গত ১৩ ডিসেম্বর জামালপুর-১ আসনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন।  

দুর্নীতির মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে তার আপিল উচ্চ আদালতে বিচারাধীন থাকায় নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে হাই কোর্ট। আপিল বিভাগেও তা বহাল থাকে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে যান মিল্লাত।

এদিকে মিল্লাতের প্রার্থিতা স্থগিত হওয়ার পর ধানের শীষ প্রতীক নিতে হাই কোর্টে রিট করেছিলেন তার ছেলে শাহাদৎ বিন জামান। কিন্তু আদালত তার রিটে সাড়া দেয়নি। ফলে ধানের শীষ প্রতীক ছাড়াই ওই আসনে বিএনপির প্রার্থীকে নির্বাচন করতে হচ্ছে।

খুরশীদ আলম খান বলেন, প্রার্থী চূড়ান্ত হওয়ার পর কিংবা রিটার্নিং কর্মকর্তার গেজেট জারি করার পর নতুন করে কাউকে প্রতীক দেওয়ার সুযোগ নেই।

“তাছাড়া শাহাদৎ ধানের শীষ প্রতীক চেয়ে নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন না করেই উচ্চ আদালতে এসেছেন। আদালত তার রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।”