২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আসনে মুশকিলে বিএনপি, ডাব ধরে আ. লীগ

বগুড়ার গাবতলী ও শাহজাহানপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বেকায়দায় পড়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মী আর সমর্থকরা।

মাসুম বিল্লাহ

ও জিয়া শাহীন, বগুড়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 09:30 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

অন্যদিকে লাঙ্গলের প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতার স্ত্রীর ডাব মার্কা নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী।

বগুড়া-৭ আসনে খালেদা জিয়া মনোনয়নপত্র জমা দিলেও দুই মামলায় ১৭ বছর সাজার কারণে তার প্রার্থিতা আটকে যায়।

তার পরিবর্তে গাবতলী ‍উপজেলার চেয়ারম্যান মোরশেদ মিলটন দলীয় মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত তারও প্রার্থিতা আটকে দিয়েছে উচ্চ আদালত।

ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এই আসনে কাকে ভোট দেবেন তা নিয়ে সন্দিহান দলের নেতাকর্মীরা। ধানের শীষের অবর্তমানে বিএনপি থেকে সমর্থন দেওয়ার মতো কাউকে খুঁজে পেতে মুশকিলে পড়েছেন তারা।

এবার মহাজোট থেকে প্রার্থী করা হয়েছে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির অ্যাডভোকেট আলতাফ আলীকে। বিএনপিবিহীন নির্বাচনে এমপি হলেও এলাকার সঙ্গে তার সংযোগ কম থাকার অভিযোগ করেছেন অনেক ভোটার।

মহাজোটের বাইরে গিয়ে ডাব প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন গাবতলী থানা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের স্ত্রী ফেরদৌস আরা খান।

আলতাফের সঙ্গে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতার স্ত্রীর ডাব মার্কা নিয়েই মাঠে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।

এমন অবস্থার মধ্যে বিএনপির প্রভাবাধীন এই এলাকায় দলটির সমর্থন পেতে দৌঁড়ঝাপ করছেন কয়েকজন প্রার্থী।

প্রতিদ্বন্দ্বিতাহীনতার আভাস নিয়ে চলা ভোটের মাঠে কাকে ভোট দেবেন, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন কয়েকজন ভোটার।

গাবতলীর নাড়ুয়ামালা এলাকার দোকানি রাশেদুল ইসলাম বলেন, “ধানের শীষের প্রভাবাধীন এলাকা এটা, কিন্তু ধানের শীষের প্রার্থী নাই। ধানের সমর্থকরা মুশকিলে আছে।

“আবার গতবারের যিনি এমপি তার জনপ্রিয়তা শূন্যের কোঠায়। নৌকার প্রার্থীও নাই। কাকে ভোট দেবে তা নিয়ে বেকায়দায় আছে ভোটাররাও।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি গাবতলী এলাকায় এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকেই বারবার বিপুল ভোটে জিতেছেন।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম তালুকদার বলেন, “আমাদের লোকজন খালি কচ্চে, কাক ভোট দেব। আমরা ভোট দিবই না। কেউ কেউ হয়ত ভোট দিতে যাবে। বন্ধু-বান্ধব বা পরিচিত প্রার্থীকে ভোট দেবে।”

বিএনপির প্রার্থী না থাকায় তারা অন্য দলের বা স্বতন্ত্র প্রার্থী কাকে সমর্থন দেবেন সে বিষয়ে বুধবার পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

প্রার্থী হলেও নিজের এলাকা থেকেই অনেকটা দূরত্ব বজায় রাখছেন লাঙ্গলের প্রার্থী আলতাফ আলী। বিভিন্ন এলাকায় পোস্টার টানালেও তার নিজের টিওড়াপাড়ায়ও পোস্টার দেখা যায়নি তার।

সেখানে তার বাড়ির সামনে গেলেও এলাকার প্রার্থী নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি ভোটারদের মধ্যে।

কথা বলতে গেলে আলতাফ আলীর চাচাতো ভাই পরিচয় দিয়ে আমজাদ হোসেন সরকার বলেন, “আমরাতো তাকে ভোট দেব, কিন্তু তার প্রচার কোথায়? বললে বলে, তোমরা অতো কিছু বুঝবে না। তার ভাবী আর ভাইপো এসে দুই দিন ভোট চাইছে।”

সাংসদের দায়িত্ব পালনকালে ছুটির দিনগুলোতে এলাকায় আসলেও ভোটের আগে তার দেখা মেলেনি বলে জানান আমজাদ।

আলতাফের বাড়ির কিছু দূরের সরধনকুঠি গ্রামের ভোটার আনিসার রহমান বলেন, “যাকে ভালো লাগে তাকে দিবে। ধানের শীষের ভোটার বেশি হলেও সেটাতো নাই। লাঙ্গলের প্রার্থী এখানকার কিছু ভোট পাবেন, এলাকার মানুষতো।”

পরিস্থিতি যা-ই হোক, কেন্দ্রে গিয়ে নিজের প্রথম ভোট দেবেন বলে জানিয়েছেন নাড়ুয়ামালা এলাকার ভোটার শিরীন আকতার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “আমি প্রথম ভোট দিব এবার। বেঁচে থাকলে ভোট দিতে যামু। কাকে ভোট দিমু মনে মনে আছে। ধানের শীষ নাইতো কী হয়েছে?”

প্রার্থী নাই, পোস্টার আছে ধানের শীষের

দলীয় মনোনয়ন পেলেও হাই কোর্টে গিয়ে আটকে যায় গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটনের প্রার্থিতা।

প্রার্থিতা স্থগিতের আগেই সেখানকার বিভিন্ন এলাকায় প্রচুর সংখ্যক ধানের শীষের পোস্টার টানিয়েছেন এই উপজেলা চেয়ারম্যান। বুধবার গাবতলী ও শাহজাহানপুরের বিভিন্ন এলাকা ঘুরে তার এসব পোস্টারের দেখা মেলে।

ভোটের পরিস্থিতি নিয়ে মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু নির্বাচন কমিশন যেখানে প্রার্থিতা বৈধ করেছে, সেখানে সরকার সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে আমার প্রার্থিতা স্থগিত করেছে।”

আমে সমর্থন ‘দিতে পারে’ বিএনপি

১৯৯১ সাল থেকে চারবার এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

এবার প্রার্থী না থাকায় বিএনপি যাকে সমর্থন দেবে তিনিই জিতে আসবেন বলে মনে করছেন ভোটাররা। কিন্তু অন্য কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

একদিকে লাঙ্গলের প্রার্থী, অন্যদিকে এগিয়ে থাকা ডাব মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতার স্ত্রী- এ অবস্থায় তাদেরকে সমর্থন না দেওয়ার বিষয়টি নিশ্চিত।

এর মধ্যে আওয়ামী লীগ ঘেঁষা ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আম প্রতীকের ফজলুল হক থানা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম তালুকদারের বেয়াই।

নেতাকর্মীরা ধন্দে থাকার মধ্যে বেয়াই ফজলুল হকের আম মার্কায় বিএনপির সমর্থন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আমিনুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গুলশান অফিসে ফোন করেছিলাম, কাউকে সমর্থন দেওয়া হবে কি না জানার জন্য। সেখান থেকে বলা হয়েছে, সিদ্ধান্ত আমরা নেব না, আপনারা নেবেন?

“ডাব মার্কাকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আম মার্কা আলোচনায় আছে। তবে কাকে সমর্থন দেব, সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

এ বিষয়ে মোরশেদ মিলটন বলেন, “আমরা আগামীকাল বুধবার এলাকায় যাব। শাহজাহানপুর-গাবতলী এলাকায় সবার সাথে বসে সিদ্ধান্ত নেব, কাকে সমর্থন দেওয়া হবে।”

ভাঙ্গা রাস্তায় উন্নয়নের মাইকিং

গাবতলী থানা এলাকা থেকে আট কিলোমিটার দূরে তাঁতুড়া এলাকা। সেখান থেকে গ্রামীণ পাকা রাস্তা ধরে যেতে হয় এমপি আলতাফ আলীর বাড়িতে।

তার বাড়ির পথের এই আট কিলোমিটার রাস্তাও কিছু দূর পরপর খানাখন্দে ভরা দেখা যায়। ভাঙ্গা রাস্তায় চলাচলের দুর্ভোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী বলে জানালেন এলাকার বাসিন্দারা।

সেই সড়কের অটোচালক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তার বাড়ির রাস্তা। সেটাও যদি ঠিক করত, তাও বুঝতাম উন্নয়ন করছে। এই রাস্তা দেখলেই বোঝা যায়, তিনি এলাকার জন্য কিছুই করেননি।”

বুধবার বিকালে এই ভাঙ্গা সড়কেই দেখা মিলল আলতাফ আলীর ভোটের মাইকিং। সেখানে মাইকে বাজছিল, ‘আলতাফ ভাইয়ের দু’নয়ন/এলাকাবাসীর উন্নয়ন।’

এই মাইকিংয়ের প্রসঙ্গ টেনে মাসুদ রানা বলেন, “এমন স্লোগান শুনলে কার না হাসি পায়, বলেন?”

বিভিন্ন অভিযোগের বিষয়ে আলতাফ আলীকে ফোন করা হলে সেটি ধরেন তার মেয়ে জামাই। কিছু সময় পরে ফোন দেওয়ার কথা থাকলেও সেই ফোন এখন পর্যন্ত আসেনি।

নেতার স্ত্রীর ডাবের পিছে আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির আলতাফ আলী মাঠে থাকলেও তার সঙ্গে নেই স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী।

লাঙ্গল বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী গাবতলী থানা আওয়ামী লীগের সভাপতি আজম খানের স্ত্রী ফেরদৌস আরার ডাব মার্কা নিয়ে ভোটের মাঠে আছেন তারা।

Image
ডাবের সমর্থনে মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা

ডাবের সমর্থনে মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা

বুধবার বিকালে ডাব মার্কার পক্ষে বড় আকারের মিছিল বের করেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লাঙ্গল-ধানের শীষের সঙ্গে পাল্লা দিয়ে তাদের বিপুল সংখ্যক পোস্টার-ব্যানারে ছেঁয়ে দেওয়া হয়েছে পুরো এলাকা।

এ বিষয়ে প্রার্থীর স্বামী আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাজোটের প্রার্থী যিনি আছেন, তার সঙ্গে আওয়ামী লীগের কেউ নাই। এমনকি জাতীয় পার্টির লোকজনও তাকে সময় দিচ্ছেন না। তাদের সবাই ডাব মার্কার পক্ষে কাজ করছে।

“কারণ গত পাঁচ বছর তিনি কোনো নেতাকর্মীর খোঁজ-খবর রাখেননি। তার অতীতের বিভিন্ন কুকর্মের জন্য এলাকায় আসার সাহসও পাচ্ছেন না লাঙ্গলের প্রার্থী।”

এ অবস্থায় বিএনপি অন্য কোনো দল বা প্রার্থীকে সমর্থন দিলেও ডাব মার্কা জিতে আসতে পারবে বলে বিশ্বাস থানা আওয়ামী লীগ সভাপতির।

“বিএনপির প্রার্থী নাই। আর বাকি সবগুলো দল নাম সর্বস্ব, বাসদ-এনপিপি। বিএনপি যাকেই সমর্থন দিক না কেন, আমরা অবশ্যই জিতে আসব।”