২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় জয়ের লড়াইয়ে মেনন বনাম আব্বাস

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ সংসদীয় আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেননের টানা তৃতীয় জয় থামিয়ে আবারও আইনসভায় যেতে চান দুইবারের সাংসদ বিএনপির মির্জা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

শহীদুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 12:56 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

তবে প্রচার শুরুর পর দুই-একদিন গণসংযোগ করলেও ভোটের দিন ঘনিয়ে আসার মধ্যে এখন আর দেখা যাচ্ছে না আব্বাসকে; যা তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বি শিবিরেও আলোচনায় রয়েছে।

অন্যদিকে নিজের নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী মেনন।

তবে আব্বাসের অনুসারীরা বলছেন, খোলা মাঠে কারোরই আর গোল দেওয়ার আর সুযোগ নেই। সরকারি দল ও প্রশাসন ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে, এসব বিবেচনায় নিয়েই ভোটাররা ভোট দেবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৮ আসন। এই আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৬৪ হাজার ৬৬৪ জন। এর মধ্যে এক লাখ ৫২ হাজার ৯১ জন পুরুষ এবং এক লাখ ১২ হাজার ৫৭৩ জন নারী।

মন্ত্রিপাড়া, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল ব্যাংকপাড়ার মত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এবার ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেনন ও আব্বাসের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল কাশেম (হাতপাখা), জাতীয় পার্টির মো. ইউনুস আলী আকন্দ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মো. ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) (আম) এবং বাসদের শম্পা বসুর (মই) কিছু পোস্টার চোখে পড়েছে। অন্য প্রার্থীদের প্রচার নেই বললেই চলে।

ঘাম ঝরাচ্ছেন মেনন

Image
মেননের পক্ষে রমনা এলাকায় নির্বাচনী প্রচারে তার স্ত্রী লুৎফুননেসা খান বিউটি।

মেননের পক্ষে রমনা এলাকায় নির্বাচনী প্রচারে তার স্ত্রী লুৎফুননেসা খান বিউটি।

সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন মহাজোটের প্রার্থী মেনন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্ত তুলে ধরে বিলি করছেন লিফলেট।

মেনন মঙ্গলবার বরিশালে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর প্রচারণায় যোগ দিলেও এদিন দুপুরে কয়েকশ নারীকে নিয়ে রমনা এলাকায় শোভাযাত্রা ও গণসংযোগ করেন তার স্ত্রী লুৎফুননেসা খান বিউটি।

এসময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লুৎফুননেসা বলেন, “জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কারণ গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে মানুষ সেগুলোকে অবশ্যই বিবেচনায় নেবে, বাকীটুকু আল্লাহর হাতে।”

মঙ্গলবার দেখা গেছে, সব এলাকায় ঝুলছে মেননের পোস্টার। বেশ কয়েকটি এলাকায় রয়েছে তার নির্বাচনী ক্যাম্প। দুপুরের পর থেকে কয়েকটি এলাকায় মেননের পক্ষে খণ্ড খণ্ড মিছিলও হয়েছে।

মেননের হ্যাট্রিক বিজয়ের আশাবাদ ব্যাক্ত করে তার প্রধান নির্বাচনী এজেন্ট কামরুল আহসান বলছেন, আওয়ামী লীগ ও ১৪ দলের পূর্ণ সমর্থন থাকায় মেনন ভালো অবস্থানে রয়েছেন।

“আমরা প্রচারে অনেক এগিয়ে আছি, প্রত্যাশা করছি ভোটাররা নৌকার পক্ষেই রায় দেবেন।”

Image
মেননের পক্ষে রমনা এলাকায় নির্বাচনী প্রচারে তার স্ত্রী লুৎফুননেসা খান বিউটি।

মেননের পক্ষে রমনা এলাকায় নির্বাচনী প্রচারে তার স্ত্রী লুৎফুননেসা খান বিউটি।

কামরুল আহসান জানান, ১১ ডিসেম্বর থেকে লাগাতার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মেনন, চেষ্টা করছেন সব জায়গায় যেতে। বেশিরভাগ সময়ই তিনি জনসংযোগ ও কর্মীসভার মধ্যে রয়েছেন।

ঢাকা-৮ নির্বাচনী এলাকায় উন্নয়নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভোটারা এবারও মেননকেই বেছে নেবেন বলে মনে করেন কামরুল।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন জানান, প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন মেনন।

গোপীবাগের বাসিন্দা কোহিনূর আক্তার বলেন, “অনেক প্রার্থীর লোকজনই তো ভোট চাইছে। এই আসনে কে জিতব বলা যাইব না, শুনতাছি ভালো ফাইট নাকি হইব।”

সেগুনবাগিচার ভোটার শরিফুল হাসান বলেন, পরপর দুইবার এমপি থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন মেনন। গত ১০ বছরে তিনি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের কাছে চলে গিয়েছেন।

“এই আসনে কে জিতবেন তা বলা না গেলেও মির্জা আব্বাসের সঙ্গে মেননের হাড্ডাহাড্ডি লড়াই হবে,” বলেন শরিফুল।

ঢাকা-৮ আসনে ভোটের খতিয়ান

সংসদ নির্বাচন

তারিখ

সাংসদ/দল/প্রাপ্ত ভোট

নিকটতম প্রতিদ্বন্দ্বি/দল/প্রাপ্ত ভোট

দশম সংসদ

৫ জানুয়ারি ২০১৪

রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কাস পার্টি

 বিনা প্রতিদ্বন্দ্বিতায়

নবম সংসদ

২৯ ডিসেম্বর ২০০৮

রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টি,

প্রাপ্ত ভোট-৯৭,৮৪১

হাবিব উন নবী সোহেল (বিএনপি),

প্রাপ্ত ভোট-৬৩,৮৬০

অষ্টম সংসদ

১ অক্টোবর ২০০১

মির্জা আব্বাস (বিএনপি),

প্রাপ্ত ভোট-১,৫৬,৩৫৮

সাবের হোসেন চৌঃ আওয়ামী লীগ,

প্রাপ্ত ভোট-১,১৬,৯৭৬

সপ্তম সংসদ

১২ জুন ১৯৯৬

সাবের হোসেন চৌঃ আওয়ামী লীগ,

প্রাপ্ত ভোট-১,০৪,৬৯৪

মির্জা আব্বাস (বিএনপি),

প্রাপ্ত ভোট-৯৫,৬৭৩

পঞ্চম সংসদ

২৭ ফেব্রুয়ারি ১৯৯১

মির্জা আব্বাস (বিএনপি),

প্রাপ্ত ভোট-৫৯,৮৫১

মুজাফ্ফর হোসেন পল্টু আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট-৩৪,১০১

শাহজাহানপুর-পল্টনকেন্দ্রীক প্রচারে আব্বাস

Image
ভোটের আনুষ্ঠানিক প্রচারের শুরুর দিকে স্ত্রী গণসংযোগে নেমেছিলেন মির্জা আব্বাস, কিন্তু এখন আর তাকে মাঠে দেখা যাচ্ছে না (ফাইল ছবি)

ভোটের আনুষ্ঠানিক প্রচারের শুরুর দিকে স্ত্রী গণসংযোগে নেমেছিলেন মির্জা আব্বাস, কিন্তু এখন আর তাকে মাঠে দেখা যাচ্ছে না (ফাইল ছবি)

শাহজাহানপুর ও পল্টন এলাকায় মির্জা আব্বাসের ব্যাপক প্রচার থাকলেও আসনের অন্য এলাকায় ধানের শীষের তেমন প্রচার চোখে পড়েনি।

গত শনিবার সেগুনবাগিচায় হামলার মুখে পড়ার পর আব্বাসের প্রচারে ভাটা পড়েছে বলে তার কর্মী-সমর্থকরা জানিয়েছেন।

ফকিরাপুল বাজার সংলগ্ন সড়কে চা-বিস্কুট বিক্রি করেন ফেনীর শরিফ মিয়া। আরামবাগের একটি মেসে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তিনি এই এলাকার ভোটার না হলেও ভোট নিয়ে খোঁজ-খবর রাখেন।

“মেননের লোকজনই তো বেশি আসে, তাদের মিছিল-মিটিং দেখছি। মির্জা আব্বাসের লোকদের এই এলাকায় এখনও দেখি নাই। দ্যাহেন না তার কোনো পোস্টারও নেই।”

মির্জা আব্বাসের প্রচারে ভাটার বিষয়টি চোখে পড়েছে বলে জানান মেননের প্রধান নির্বাচনী এজেন্ট কামরুল আহসান।

তিনি বলেন, “উনি ওভাবে নেমেছেন বলে মনে হয় না। কর্মীদের নিয়ে তাকে মাঠে তেমন দেখা যাচ্ছে না। খোঁজ পাচ্ছি লোকজন দিয়ে বস্তিতে টাকা দিচ্ছেন।”

সেগুনবাগিচায় মির্জা আব্বাসসহ তার কর্মীদের উপর হামলাকে অপ্রত্যাশিত মন্তব্য করেন কামরুল।

Image
ভোটের আনুষ্ঠানিক প্রচারের শুরুর দিকে স্ত্রী গণসংযোগে নেমেছিলেন মির্জা আব্বাস, কিন্তু এখন আর তাকে মাঠে দেখা যাচ্ছে না (ফাইল ছবি)

ভোটের আনুষ্ঠানিক প্রচারের শুরুর দিকে স্ত্রী গণসংযোগে নেমেছিলেন মির্জা আব্বাস, কিন্তু এখন আর তাকে মাঠে দেখা যাচ্ছে না (ফাইল ছবি)

বাড়ির চারপাশে অচেনা লোকের নজরদারি চলছে জানিয়ে নিজের উপর যে কোনো মুহূর্তে বড় হামলার শঙ্কার কথা জানিয়েছেন মির্জা আব্বাস।

নিজেকে বিএনপিকর্মী পরিচয় দিয়ে নয়া পল্টনে তৌহিদ হাসান নামের একজন বলেন, “সুষ্ঠু ভোট হলে মেননের জামানত বাজেয়াপ্ত হবে। ভোটের দিন জনগণ সঠিক রায়ই দেবে, মির্জা আব্বাস এবার এমপি হবেই হবে।

“এবার তো আর মাঠ ফাঁকা নেই। ফাঁকা মাঠে গোল করা যাদের অভ্যাস তারা এবার ভোটের আগেই ঠেলা টের পাচ্ছে।”

আরামবাগের একটি ছাপখানার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রচারণায় না থাকলেও মির্জা আব্বাস বেশ ভোট পাবেন। ফেয়ার ভোট হলে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আমার ধারণা।”

প্রচারে ভাটার বিষয়ে কথা বলতে চাইলে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা সেলের কেউ মুখ খুলেননি।

নাম প্রকাশ না করার শর্তে আব্বাসের প্রচার সেলের একজন মঙ্গলবার রাতে বলেন, “স্যার গুলশানে মিটিংয়ে থাকায় তাকে ফোনে পাবেন না। আর এ বিষয়ে স্যার ছাড়া আমরা কেউ বক্তব্য দিতে পারব না, বোঝেন তো বিষয়টা একটু অন্যরকম।

“তবে একুটু বলতে পারি সবকিছু মিলিয়ে মির্জা আব্বাস সাহেব ঢাকা-৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত।”