নৌকার প্রার্থী মমতাজের ‘সুরে’ ভোট চাইছে ফখরুলের
‘বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইট্টা যাই, বুকটা ফাইট্টা যায়’- আওয়ামী লীগের সাংসদ প্রার্থী শিল্পী মমতাজের এই গানের সুর নকল করে তৈরি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোটের প্রচারের গান।
ওই সুরে ‘ফখরুল ভাইয়ের দুই নয়ন ঠাকুরগাঁয়ের উন্নয়ন, তাই এলাকার জনগণ করছে তাকে সমর্থন; ধানের শীষে ভোটটা চাই, ফখরুল ভাই ও মির্জা ফখরুল ভাই’-এ বক্তব্যে গান বানিয়ে ভোট চাওয়া হচ্ছে ধানের শীষে।
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল
তরুণ শিল্পী আরমান আলিফের জনপ্রিয় গান ‘অপরাধী’ এপ্রিলে প্রকাশ হওয়ার পর থেকে সুর ঠিক রেখে গানটির কথা পরিবর্তন করে অনেকেই তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। এখন নির্বাচন ঘিরে এই গানের সুর নকল করে অনেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রচার চালাচ্ছেন। সর্বশেষ এই গানের মাধ্যমে নির্বাচনী প্রচার চালিয়েছেন ঢাকা-১২ আসনের নৌকার প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের অনুসারীরা।
মূল গানটির কথা “ও মাইয়ারে, মাইয়ারে তুই, অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে? মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে” হলেও একই সুরে মাইক দিয়ে বাজানো গানটির কথা এরকম- “আমার ঢাকা বারোতে নৌকার প্রার্থী যিনি, সবার প্রিয় কামাল ভাই সবাই তারে চিনি। শেখ হাসিনার সরকার মানে দেশের উন্নয়ন, আমরা কেন করবো না তার কাজের মূল্যায়ন।”
জনপ্রিয় এই গানের শিল্পী আরমান আলিফ জানান, এ পর্যন্ত কেউই এই গান ব্যবহারের জন্য তার কাছ থেকে অনুমতি নেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না না কোনো পারমিশন নেয় নাই। এইগুলাতো ইউটিউবেও পাওয়া যায় না যে, আমি ক্লেইম করব, ওরা মাইকে প্রচার করে এগুলা।”
অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী দলের লোকজন এই গানগুলো বিকৃত করছে বলে জানান আলিফ।
একই কথা বলেন ফোক শিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের এই প্রার্থী এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত।
শিল্পী মমতাজ, ফাইল ছবি
তাদের ওই সব গানের মতো করে ‘আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো’, ‘টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’- এর মতো জনপ্রিয় গানগুলোর সুর নকল করেও নৌকার পক্ষে গান তৈরি করে সোশ্যাল মিডিয়া ও মাইকিং করে নানা জায়গায় ভোটের প্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে এভাবে সুর নকল করে ধানের শীষ নিয়ে গান গেয়ে ভোটের প্রচারণা অনলাইনেই সীমাবদ্ধ। ঢাকা শহরের কোথাও তাদের মাইক দিয়ে গান বাজিয়ে ভোটের প্রচার চালাতে দেখা যায়নি।
জনপ্রিয় গানের সুর অবিকৃত রেখে গানের কথা পরিবর্তন করে এই পদ্ধতিতে নির্বাচনে প্রার্থী ও তার মার্কার প্রচারণায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা গেলেও কপিরাইট সংশ্লিষ্টরা বলছেন, এটা শাস্তিযোগ্য অপরাধ।
গানের ক্ষেত্রে ওই গানের গীতিকার, সুরকার বা শিল্পী অথবা সেই গানের স্বত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠানের অনুমতি না নেয়া হলে সেটা কপিরাইট আইনের সম্পূর্ণ লংঘন এবং শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন বাংলাদেশ কপিরাইটস অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জাফর রেজা চৌধুরী।
জাতীয় নির্বাচন ঘিরে ভোটের প্রচারণায় জনপ্রিয় গানের এমন ব্যবহারের বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা কমপ্লিটলি কপিরাইট লংঘন- এটা করতেই পারে না। কারণ আরেকজনের সুরকে নকল করে আপনি প্রচারণা চালাতে পারে না।”
তিনি বলেন, “অনেকেই এক্ষেত্রে ‘ফেয়ার ইউজ’র কথা বলতে পারেন। তারা যুক্তি দেখাতে পারেন, এটা দিয়ে আমি কেবল প্রচারণা করছি, কোনো প্রফিট করছি না বা কোনো কমার্শিয়াল কাজে ব্যবহার করছি না, সে কারণে এটা কপিরাইট লংঘন না।
“তবে যদি কোর্ট মনে করে এবং কপিরাইট বোর্ড মনে করে যে, এটাতে তার ব্যক্তিগত লাভ হচ্ছে তাই এটা কপিরাইট লংঘন তাহলে এটার শাস্তি কপিরাইট আইনের ৮২ নম্বর ধারা অনুযায়ী হবে।”
আইনের এই ধারায় কপিরাইট লংঘনের দায়ে সর্বোচ্চ চার বছর এবং সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ দুই লাখ টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা জরিমানার কথা বলা আছে।
‘ফেয়ার ইউজ’র ব্যাখ্যায় কপিরাইট অফিসের এই কর্মকর্তা বলেন, “অলাভজনকভাবে, কোনো প্রকার সম্মানি না নিয়ে, কোনো টাকা না নিয়ে গানটা পরিবেশন করলে সেটা ফেয়ার ইউজ হবে। এটাকে কপিরাইট লংঘন ধরা হবে না। যেখানে আর্নিংয়ের বিষয় জড়িত, যেখানে টাকা জড়িত, সেখানে অবশ্যই এই কাভার লাইসেন্স নিতে হবে।”
কোনো গান প্রকাশ হওয়ার পর ৬০ বছর পেরিয়ে গেলে তা ‘পাবলিক ডোমেইন’ হয়ে যাওয়ায় এসব গানের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন পড়ে না। তবে এসব গানের ক্ষেত্রে কথা ও সুর অবিকৃত রাখতে হবে বলে জানান এই কর্মকর্তা।
নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রচারণায় ১০টি গান প্রচার করা হচ্ছে।
গানগুলোর মধ্যে আছে ‘কইলজার ভিতর গাথি রাইখুম তোয়ারে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘মেলায় যাইরে’, ‘বসন্ত বাতাসে’র মতো জনপ্রিয় গানগুলোর সুর ঠিক রেখে নির্বাচনী প্রচারের বক্তব্য দেওয়া হয়েছে। মিল্টন ও মনির নামে ওই এলাকার আওয়ামী লীগের দুজন সদস্য এই গানগুলো গেয়েছেন।
এই সব গান বাজানো হচ্ছে তাপসের পক্ষে ভোট চেয়ে
“আমরা চাচ্ছি ডিজিটাল পদ্ধতিতে মানুষের হৃদয়ের স্পন্দনে পৌঁছাতে। একটা গান মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। নির্বাচনটাও কিন্তু হৃদয় থেকে আসে। সেজন্যই আমরা গানটাকে বেছে নিয়েছি যাতে মানুষের হৃদয়ে গেঁথে যায়, হৃদয়ে টান লাগে।”
গানগুলোর ক্ষেত্রে কপিরাইট নীতিমালা অনুযায়ী কোনো পূর্বানুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়গুলা মাথায় রেখেই করা হয়েছে। আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আছে, তারা এটা মাথায় রেখেই করেছেন। আমরা কখনোই অন্যায়ভাবে কিছু করিনি, আর করতে চাইও না।”
