২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকেও প্রচার চালাতে দিচ্ছে না: ধানের শীষের প্রার্থী অমিত

যশোর শহর এলাকার সাংসদ হওয়ার দৌড়ে থাকা ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনের প্রচারে বাধার অভিযোগ করেছেন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

সাজিদুল হক

ও শিকদার খালিদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 12:19 AM

Updated : 11 Oct 2022, 12:52 PM

তিনি বলছেন, প্রচারে বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ‘ঘিরে রাখে’।নিরাপত্তার খাতিরে তাকে চলে আসতে হয়। একই ঘটনা ঘটে তার স্ত্রীর ক্ষেত্রেও।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের চারদিন আগে মঙ্গলবার যশোর শহর ঘুরে ধানের শীষের পোস্টার-ব্যানার তেমন চোখে পড়েনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদের পোস্টার ছড়িয়ে রয়েছে প্রায় সব জায়গাতে।

শহর এলাকা নিয়ে গঠিত যশোর-৩ আসনের বর্তমান সাংসদ নাবিল ব্যবসায়ী গ্রুপ জেমকনের মালিক কাজী শাহেদের ছেলে। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে সাংসদ হন তিনি। অপরদিকে ধানের শীষের প্রার্থী হওয়া অমিত বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ছেলে। এই আসনের সাংসদ হয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ছিলেন তরিকুল।

Image
যশোর শহরজুড়ে দেখা গেছে কাজী নাবিল আহমেদের নৌকার পোস্টার

যশোর শহরজুড়ে দেখা গেছে কাজী নাবিল আহমেদের নৌকার পোস্টার

এদিন যশোর শহরের দড়াটানা, চিত্রার মোড়, ঈদগাঁ, রেলবাজার, ষষ্টিবাজার, পালপাড়া, গাড়িখানা, মনিহারসহ বিভিন্ন এলাকা ঘুরে নৌকা প্রতীকের পোস্টার আর মাইকে প্রচারণা থাকলেও ধানের শীষের পোস্টার চোখে পড়েনি।

শহরে ধানের শীষের পোস্টার না থাকার কারণ জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নামতেই দিচ্ছে না। সেখানে পোস্টার লাগাবো কী করে?”

তিনি বলেন, “কোনো এলাকায় প্রচারণায় গেলে প্রশাসন যেমন অসহযোগিতা করছে তেমনি আওয়ামী লীগ সমর্থকরা সমস্যা তৈরি করছে।

“একটি এলাকায় আমি প্রচারণায় গেলে দেখা যায়, আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে আমাকে ঘিরে রাখে। নিরাপত্তার খাতিরে আমাকে সরে আসতে হচ্ছে। আসার স্ত্রীও প্রচারণায় নামলে তাকেও একই সমস্যায় পড়তে হয়েছে।”

মঙ্গলবারও তার প্রচারণার গাড়ি থেকে তিনজন কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। সেপ্টেম্বর মাসে দায়ের করা নাশকতার মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

তবে অমিতের অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের নাবিল আহমেদ বলছেন, ‘জামায়াত ও জঙ্গি সংশ্লিষ্টতার’ কারণে সাধারণ মানুষের কাছে ঠাঁই পাচ্ছেন না ধানের শীষের প্রার্থী।

Image
নির্বাচনী প্রচারে কাজী নাবিল আহমেদ

নির্বাচনী প্রচারে কাজী নাবিল আহমেদ

এই অভিযোগের বিষয়ে নাবিল তার বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি-জামায়াত এক হয়ে গেছে। তারা সবাই এখন ধানের শীষ। গত নির্বাচনে তারা নাশকতা করেছে। এখনও তাদের নাশকতার পরিকল্পনা আছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করছে।”

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যশোরের পরিস্থিতি মোটামুটি ভালো। কোনো সমস্যা একদম নেই বলব। ছোটখাটো যেটাই হচ্ছে, তার বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

যশোর সদর আসনে নাবিলের বাইরেও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তবে দলীয় সমর্থন না পাওয়ায় তা প্রত্যাহার করে নেন তিনি। বর্তমানে যশোরের বিভিন্ন নির্বাচনী আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে যাচ্ছেন তিনি।

প্রধান দুটি রাজনৈতিক দলের বাইরে এই আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. জাহাঙ্গীর আলম, জাকের পার্টির মো. মনিরুজ্জামান মনির, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ বিপ্লব আজাদ  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীরদের প্রচারণাও খুব একটা চোখে পড়ার মতো নয়।