মান্নার আসনে ‘নেই ভোটের আমেজ’
ভোটের মাত্র চার দিন আগেও নির্বাচনের কোনো ‘আমেজ’ পাচ্ছেন না বলে আক্ষেপ ঝরছে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বাসিন্দাদের মুখে।
নির্বাচনী উৎসবের বদলে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা ও গুমোট ভাব রয়েছে বলে মনে করছেন তাদের কেউ কেউ।
বিএনপি-জামায়াতের শক্ত অবস্থানের এই আসনে এবার ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বর্তমান সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহ। গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা জিন্নাহকে এবারও লাঙ্গলের টিকেট দিয়েছে মহাজোট।
ওই এলাকায় ভোটের পরিবেশ আর খবরাখবর জানতে বগুড়া শহর থেকে সিএনজি অটোরিকশায় শিবগঞ্জের উদ্দেশে যাত্রা করে চালককে প্রশ্ন করা হয়, ‘ভোটের খবর কী?’
“এবার ভোটের মাঠের খবর স্তব্ধ,” আক্ষেপের সুরে জবাব আসে চালক এয়াকুবের। শিবগঞ্জ পৌরসভা এলাকায় তার বাড়ি বলে জানান তিনি।
এরপর স্বল্প দম নিয়ে এয়াকুব বলেন, “ভোটের আছে চার-পাঁচ দিন। এখন পর্যন্ত মিছিল আর মাইকিংও তেমন শুরু হয় নাই।”
বগুড়ার এই আসনে আগে দুই বার নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হওয়া মাহমুদুর রহমান মান্না এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন্
ভোটের মিছিলের কর্মসূচি বিকালে থাকলেও একটি বেসরকারি টেলিভিশনকে ফুটেজ দিতে সে সময় ওই এলাকায় মিছিলটি বের করেন তিনি।
মহাসড়ক থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বের নাগরপাড়া পর্যন্ত ধানের শীষের কোনো পোস্টার চোখে পড়েনি। এর বিপরীতে লাঙ্গল প্রতীকে জিন্নাহর পোস্টার আর ডিজিটাল ব্যানার ঝোলানো ছিল কিছু দূর পরপরই।
শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের চায়ের দোকানে দেখা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে গল্পে মেতেছিলেন তারা।
ভোটের পরিবেশ জানতে চাইলে উপজেলার রাঙামাটি গ্রামের পলাশ বলেন, “ভোটের আমেজ আর নাই। আগে কত মিছিল, কত কি হত! এখন আর হয় না।”
তাদের মধ্যে বয়স্ক বকুল নামে কাঠ মিস্ত্রি বললেন, “আপনিতো অনেকক্ষণ ধরে আমাদের দেখলেন... আমরা অনেক কথা বলছি, কিন্তু ভোট নিয়ে একটা কথাও বলি নাই। আগেতো এমন ছিল না। ভোটের তারিখ ঘোষণার পর থেকে সব আড্ডার জায়গা ভোট নিয়ে গরম থাকত। এবারতো আর সেটা নাই।”
নাগরপাড়া এলাকায় মান্নার ধানের শীষের কিছু পোস্টার দেখা গেলেও তা জিন্নাহর লাঙ্গলের তুলনায় ছিল অনেক কম। কিছু এলাকায় ছেঁড়া পোস্টারও পড়ে ছিল।
এলাকার কয়েকজন দোকানি জানান, ধানের শীষের আরো পোস্টার ছিল। প্রতিপক্ষ ছিঁড়ে ফেলেছে অনেক।
নাগরপাড়া এলাকায় লিয়াকত নামে এক ভোটার বলেন, “অর্জিনালি ভোট হলে এখানে ধানের শীষ জিতবে। কানা দাঁড়ালেও জিতবে। আর গণ্ডগোল হলেতো মানুষ ভোট দিতে যাবে না।”
পুলিশি হয়রানি ও মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা এলাকায় নামতে পারছন না বলে অভিযোগ করেছেন শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম। নিজেও জামিনের জন্য হাই কোর্টে গেছেন বলে জানান তিনি।
ধানের শীষের প্রার্থী মান্নার প্রধান নির্বাচনী এজেন্ট শাহে আলম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এলাকায় নামতেইতো পারছি না। ভোট কীভাবে করব? প্রতিদিন ৭-৮জন করে গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া প্রায় সব নেতাকর্মীই এলাকা ছাড়া।”
এবার নির্বাচন ঘিরে মাত্র তিন দিন এলাকায় এসেছেন মাহমুদুর রহমান মান্না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বুধবার তিনি আসবেন বলে প্রচার করা হচ্ছে।
বগুড়া-২ আসনে বরাবরই বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়ে আসছেন। এর মধ্যে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গত পাঁচ বছর সংসদে প্রতিনিধিত্ব করে আসছেন জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ।
লাঙ্গলের এই প্রার্থীর উপর এবারও আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থীকে হারিয়ে জয় পাওয়া জামায়াতেরও ‘ভোট ব্যাংক’ রয়েছে এখানে।
এরপর আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি ক্ষমতাসীন দলের সাবেক এই নেতা।
মান্নাকে এবার জামায়াতের সমর্থনের বিষয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু নছর মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আমরা ঐক্যফ্রন্টের প্রার্থীর সঙ্গে আছি। কিন্তু আমাদের নেতাকর্মীরাতো ময়দানে নামতে পারছে না। নামলেইতো অ্যারেস্ট। এই অবস্থায় ভোট কেমন হয় দেখি।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিবগঞ্জ উপজেলা জামায়াতের একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রার্থী নাই। তবে আমরা ভোট দিব ধানের শীষে। ভোটের মাঠে নেমে কোনো রিস্ক আমরা নিব না। আমরা কি নামব, মান্না সাহেবওতো এলাকায় নাই।”
আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গত পাঁচ বছর দায়িত্ব পালনের সময় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব তৈরি হয় জাতীয় পার্টির জিন্নাহর। এ কারণে কিছু নেতা তার বিরোধী আছেন।
অন্যদিকে পরপর দুই নির্বাচনে লাঙ্গলের প্রার্থী থাকায় এই এলাকায় নৌকা মার্কার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন কিছু আওয়ামী লীগের ভোটার।
শরিফুল ইসলাম জিন্নাহ এক সময় জাসদ করতেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।
পৌরসভা এলাকায় বকুল নামে আওয়ামী লীগের এক সমর্থক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আওয়ামী লীগ করি, কিন্তু নৌকাইতো পাই না। প্রতিবার লাঙ্গলকে ভোট দিতে হয়। নৌকা মার্কা না থাকায় এবার নতুন করে ভাবব।”
উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের বিরোধ তৈরি হলেও আমরা মহাজোটের কারণে জিন্নাহর সঙ্গে আছি। কারণ আমাদের শত্রু জিন্নাহ, আর শেখ হাসিনার শত্রু মান্না। শেখ হাসিনার শত্রুকে আমরা সংসদে যেতে দিব না।”
মঙ্গলবার দুপুরে নিজের অফিসে আসা কয়েকজন বয়স্ক মানুষের কাছে লাঙ্গলের পক্ষে সমর্থন চাইতে দেখা যায় আওয়ামী লীগ থেকে পৌরসভার মেয়র হওয়া তৌহিদুর রহমান মানিককে।
মানিক ভোটারদের উদ্দেশে বলেন, “শেখ হাসিনার জন্যই আপনাদের লাঙ্গলে ভোট দেওয়া লাগবে। শেখ হাসিনা না থাকলে আপনাদের কাঁচা রাস্তা পাকা হত না, বেসরকারি স্কুল-কলেজ সরকারি হত না। নৌকা না থাকলেও উন্নয়নের জন্য ভোট দিতে হবে।”
উন্নয়নের কারণে মানুষ তার পক্ষে রায় দেবে বলে আশা করছেন জিন্নাহ
লাঙ্গলের এই প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণ শান্তিতে বসবাস করতে চায়, উন্নয়ন চায়। এক্ষেত্রে তারা সবাই তাদের জনপ্রতিনিধিকে সুখে-দুঃখে কাছে পেতে চায়।
“কেউ যদি ঢাকায় থাকে আর ১২ বছর পর এসে বলে, আমি ভোট চাই তাহলে মানুষ সেটা গ্রহণ করবে না।”
২০০১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ধানের শীষের প্রার্থীর কাছে হেরেছিলেন লাঙ্গলের জিন্নাহ। গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা এই প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করেই টিকে থাকার আশা করছেন।
তিনি বলেন, “আমি ৯০ সালে উপজেলা চেয়ারম্যান ছিলাম। নবম জাতীয় সংসদে ৮৯ হাজার ভোট পাই। গত মেয়াদে ছিলাম সংসদ সদস্য। এমন উন্নয়ন করেছি, স্বাধীনতার পর এমন উন্নয়ন শিবগঞ্জে কখনো হয়নি- এটাই বলবে জনগণ।
“শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং করে দিয়েছি, রাস্তাঘাট করে দিয়েছি। মানুষ বুঝে গেছে মার্কা দিয়ে উন্নয়ন হয় না। সে মানুষের পাশে থাকে, তাকে দিয়ে উন্নয়ন হয়।”
মান্না ও জিন্নাহর সঙ্গে এই আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দীন ও হারিকেন প্রতীকে মুসলিম লীগের শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
হারিকেন তেমন প্রচারণা বা পোস্টার দেখা না গেলেও হাতপাখার কিছু পোস্টার দেখা গেছে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে।
