আড়াইহাজারে মুখোমুখি দুই নজরুল
একজন নজরুল ইসলাম বাবু; আওয়ামী লীগ থেকে টানা তৃতীয়বার মনোনীত হয়ে নৌকা নিয়ে নেমেছেন নারায়ণগঞ্জ-২ আসন জয়ের লক্ষ্যে।
আরেকজন নজরুল ইসলাম আজাদ; প্রথমবার টিকেট পেয়ে বিএনপির হারানো আসন পুনরুদ্ধারে ভোটের লড়াইয়ে আছেন ধানের শীষ নিয়ে।
দুইটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের আড়াইহাজার উপজেলা নিয়ে দুই লাখ ৮৩ হাজার ৮৬৮ ভোটারের নারায়ণগঞ্জ-২ আসনটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি সর্বশেষ বিএনপির দখলে ছিল ২০০১ সালে। সেবার বিএনপির প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ২৫ হাজার ২৭৫ ভোটের ব্যবধানে হারান আওয়ামী লীগের এমদাদুল হক ভূঁইয়াকে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ১৭ হাজার ৪৩৫ ভোট পেয়ে প্রথমবার এই আসনে জয় পান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। বিএনপির এএম বদরুজ্জামান খান পেয়েছিলেন ৭৮ হাজার ৬৭৫ ভোট।
২০১৪ সালে বিএনপিবিহীন ভোটে পুনরায় এমপি হন বাবু।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ এই আসন ধরে রাখতে আশাবাদী হলেও বিএনপি নেতাকর্মীরাও হাল ছেড়ে দিচ্ছেন না।
বাবু ও আজাদ দুজনেরই বাড়ি দুপ্তারা ইউনিয়নে।
উন্নয়ন কাজ করার পাশাপাশি আড়াইহাজার আওয়ামী লীগে কোনো কোন্দল না থাকায় নির্বাচনে বাবু সুবিধাজনক অবস্থানে আছেন বলে মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
অন্যদিকে ২০০৮ সালের নির্বাচনের পর থেকে দলের নেতাকর্মীদের বিপদে পাশে থাকার কারণে তার প্রতিও বিএনপির সবাই একাট্টা।
এ আসনে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির সাবেক সাংসদ আতাউর রহমান খান আঙ্গুর এবং সাবেক সাংসদ বদরুজ্জামান খান খসরুর ছেলে আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনও ।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দিনই আঙ্গুরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন আজাদ। ভেদাভেদ ভুলে সুমনও আজাদের হাতে ধানের শীষ তুলে দেন বলে জানান বিএনপি নেতাকর্মীরা।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও এ আসনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন হাতপাখা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. হাফিজুল ইসলাম কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন।
তবে আড়াইহাজারের বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামী লীগের প্রার্থী বাবুর নৌকা প্রতীকের পোস্টারই দেখা গেছে বেশি। প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সভাসমাবেশ করছেন বাবু। বাবুর পক্ষে তার নেতাকর্মীরাও বিভিন্ন দলে ভাগ হয়ে প্রচার চালাচ্ছেন।
নির্বাচনী সমাবেশে নজরুল ইসলাম বাবু
মাহমুদপুর ইউনিয়নের শালমদীতে প্রচারণার সময় বাবু বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকমকে বলেন, আড়াইহাজারের মানুষ তাকেই ভোট দেবে।
“এখানে আমার একটা ইউনিয়নের প্রোগ্রাম, কিন্তু দেখেন প্রায় সব লোক এখানে চলে এসেছে। কারণ হলো রাজনীতি পেশা, ব্যবসা না। রাজনীতি নৈতিকতা, অনৈতিকতা নয়, রাজনীতি কল্যাণমুখী, অকল্যাণমুখী নয়। রাজনীতি মানে হাতিয়ার নয়, এটা অস্ত্রহীন মানুষকে সেবা দেওয়া, শিক্ষাহীন মানুষকে শিক্ষা দেওয়া, অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই কাজগুলো আমি ভালোভাবে করেছি। এজন্যই মানুষ আমার সঙ্গে আছে।”
নির্বাচনী এলাকার অন্য ইউনিয়নগুলোয় ধানের শীষের প্রচারণা ও পোস্টার দেখা না গেলেও ঢাকা-সিলেট মহাসড়কের পাশের আজাদের নিজের এলাকা পাচরুখী, ছনপাড়া, পুরিন্দা, সাতগ্রামসহ কিছু এলাকায় তার পোস্টার দেখা গেছে।
আজাদ তার কর্মীদের গাড়িবহর নিয়ে কয়েকটি এলাকায় প্রচারণা চালিয়েছেন। এসব প্রচারণার সময় সাতগ্রাম, বিশনন্দী, গিরদা এবং মানিকপুরে তার গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে।
“তারা জায়গায় জায়গায় বাধা দিচ্ছে, গাড়ি ভাংচুর করছে, আগ্নেয়াস্ত্র শো করছে। বিভিন্ন রকম ঝামেলা করছে। প্রশাসন নীরব, তাদের পক্ষেই কাজ করছে। আমাদের পক্ষে কোনো ভূমিকা রাখছে না।”
প্রচারণায় পিছিয়ে থাকলেও সুষ্ঠু ভোট হওয়ার অপেক্ষায় আছেন বলেন আজাদ।
জনসংযোগে নজরুল ইসলাম আজাদ
তিনি বলেন, ভোটাররা ভোট দিতে পারলে আড়াইহাজারে ‘ভোট বিপ্লব’ হবে।
“আমি তাদের সঙ্গে আছি, গত ১০ বছর ধরে সবসময় তাদের সঙ্গে ছিলাম। এ কারণে যা হওয়ার হবে, আমার নেতাকর্মীরা মাঠে আছে। ভোট দেওয়ার মতো পরিবেশ থাকে তাহলে এখানে বিপুল ভোটে আমরা জয়ী হবো। আড়াইহাজারে বিপ্লব ঘটবে।”
অবশ্য বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের বাবু।
তিনি বলেন, “আমি কাউকে নির্বাচন থেকে দূরে রাখছি না। বিএনপি প্রার্থী নির্বাচন করলে আমি বরং খুশি। তারাও নির্বাচন করছে। তাদের যদি জনগণ ভোট দেয় তাহলে তারা ভালো করবে, তাতে আমার কোনো সমস্যা নাই।”
ভোটারদের কথা
প্রচারণায় বাবুর চেয়ে আজাদ কিছুটা পিছিয়ে থাকলেও ‘সুষ্ঠু’ ভোট হলে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন এই আসনের ভোটাররা।
আড়াইহাজারের গোপালদী বাজারে গিয়ে শুধু নৌকা আর হাতপাখার পোস্টার দেখা গেছে। এর কারণ জানতে চাইলে গোপালদী পৌরসভার বেপারীপাড়ার বাসিন্দা নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে এক সময় বিএনপির ভোট বেশি থাকলেও ইদানিং তা পাল্টেছে।
“বাবু ভাই প্রথমবার মনোনয়ন পাওয়ার পর নতুন হিসেবে তিনি বেশি ভোট পান। সে সময় থেকে দলকে চাঙ্গা রাখতে নানা কর্মসূচি নিয়েছেন তিনি। দলকে সংগঠিত করেছেন। বর্তমানে আড়াইহাজারে আওয়ামী লীগে দলীয় কোনো বিভেদ নেই।”
এর উল্টো কথা শোনালেন সদাসদী গ্রামের পাওয়ারলুম শ্রমিক আনোয়ার হোসেন।
তিনি বলেন, বিএনপির লোকজন নির্বাচনী প্রচারণায় নামতে পারছে না।
“যেরা কয় এই এলাকায় বিএনপির বোট নাই হেরা বুল কয়। অনেও (এখনও) এই এলাকায় অনেক ভোট। কিন্তু ডরে কেউ মাডে নামতে চায় না। আইনপ্রশাসন সব হেগো হাতে। আজাদে একলা কী করব? যুদি বাগ্গের চাক্কা গুইরা যায়গা তাইলে অন্য হিসাব।”
নিজের ভোটটা ঠিক মতো দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত দাইরাদী এলাকার ভোটার আবদুস সালাম। তিনি বলেন, এই এলাকায় সব নির্বাচনের সময়ই ক্ষমতাসীন দলের লোকজন বলপ্রয়োগ করে।
“যেরা ক্ষমতায় থাহে, হ্যাগো সামনে সিল মারা লাগে। আমরা নাকি স্বাধীন, ভোটটাই যদি নিজের পছন্দে দিতে না পারি তাইলে কিসের স্বাধীনতা? আর এইবার বিএনপির লোকজন মাডেই নাই। ভোট কিমুন হইব বুজন?”
নৌকায় ভোট দেবেন বলে জানালেন মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দি গ্রামের বাবুল কসাই।
তিনি বলেন, নজরুল ইসলাম বাবু অনেক উন্নয়ন করেছেন। এজন্য ভোট তার প্রাপ্য।
“আমরা ছুডুবেলাত্তেনে আওয়ামী লীগ কইরা আইছি। বাবু এমপি অওনের পরে আঙ্গো (আমাদের) এলাকায় অনেক উন্নতি অইছে। মসজিদ-ঈদগা করনের সমোয় সাহাইয্য করছে। গাঙ্গের পাড়ে গাট বানাইয়া দিছে গোছল করোনের লাইগা। অনে রাস্তাঘাটও অনেক বালা। বাবুই আমার বোট পাইব।”
ফতেহপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া কেন্দ্র থেকে সব সময় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন বলে জানান ওই গ্রামের বাসিন্দা শামসুল হক।
তিনি বলেন, এবারও আওয়ামী লীগের প্রার্থী জয়ী হবে।
“বাবু এমপি হওয়ার পরে অনেক উন্নয়ন করছে এলাকার। নিয়মিত খোঁজখবর নেয়। হেরলাইগ্গা আমরা তারে বোট দিমু।”
বাবু সাংসদ হওয়ার পর হিন্দুদের ওপর অন্যায়-অত্যাচার কম হয়েছে। এজন্য হিন্দুদের ভোট তিনি পাবেন বলে মনে করেন দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের সাজু বর্মণ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আসনে ১০ হাজারের বেশি ভোট আছে যা নৌকা পাবে।
“এর কারণও আছে। আওয়ামী লীগ ক্ষমতায় তারা একটু নিশ্চিন্ত ফিল করে। আরে আগের সরকার ক্ষমতায় থাকার সময় নানা ধরনের টর্চারিংয়ের শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। সত্যি বলতে গত ১০ বছরে এ ধরনের ঘটনা নাই।”
সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও গ্রামে রাস্তার পাশের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন দুজন।
এদের মধ্যে আইয়ুব খান তার পায়ের বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন, গত সপ্তাহে আজাদের প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের লোকজনের হামলায় তার পায়ের আঙ্গুল ভেঙে যায়।
“নির্বাচন করব ক্যাডা? এমন মাইর খাইত? আমার বেশি খারাপ লাগছে, য্যারা মারছে হ্যারা কেয়ই আঙ্গো এলাকার না। আঙ্গো গ্রামের কারও লগে মারামার অয় নাই। বাইরের মানুষ পাঠায়া আঙ্গোরে মারল। দোহানে বইয়াও নির্বাচন নিয়া কোনো কতা কওন যায় না। বাধা দেয়।”
বাগবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা নিয়ে রিকশাচালক সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচারণায় বিএনপি পিছিয়ে থাকলেও ভোটের দিন আর কেউ ঘরে বসে থাকবে না।
“বিএনপি এখন মাডে নাই। তয় নির্বাচনের দিন কেন্দ্রে যাইতারি তাইলে দেহামু বিএনপির লোক আছে কি নাই।”
বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের আসলাম আলী বলেন, “যারে দিয়া দ্যাশ ভাল চলবো, হেয় অই পাশ করবো। আমরা হানাহানি, কোপাকুপি চাই না। ভোট হউক, ভোটে পাশ কইরা যেই আইয়ুক, আঙ্গো কোনো সমস্যা নাই।”
