২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নাম দিয়ে আমাদের ধরছে পুলিশ: ইসলামী আন্দোলন

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগের দায় পুলিশ ইসলামী আন্দোলনের উপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছে চরমোনাই পীরের গড়া দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 09:37 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সোমবার ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে এই নালিশ জানিয়ে আসে।

দলটি বলছে, তাদের কর্মীদের জামায়াত-শিবির কর্মী হিসেবে দেখিয়ে মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ।

বিএনপির জোটসঙ্গী দল জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে নাশকতার বহু মামলা আছে। সেসব মামলায় ভোটের আগে তাদের অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

এর মধ্যে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরাও হয়রানির শিকার হচ্ছেন বলে এখন অভিযোগ এল।

দলটির কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ আলম নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “আমাদের নেতাকর্মীদের জামায়াত-শিবির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাংচুরের মামলা দেওয়া হচ্ছে।”

প্রতিনিধি দলের প্রধান ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, “নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।

“সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রার্থীরাও আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট পরিচয়ের মানুষ ছাড়া অন্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন হেমায়েত।

তিনি বলেন, “মহাজোটের পেটোয়া বাহিনী সর্বত্র পেশিশক্তি প্রদর্শন করছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে।”

দলটির পক্ষে থেকে সিইসির কাছে ১২টি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর, মিছিলে হামলা, প্রচারে বাধা দেওয়াসহ নানা অভিযোগ করা হয়।

এবারের নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি ২৯৮ আসনে প্রার্থী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। হাতপাখা প্রতীকে ভোটের প্রচারণায় বেশ সরগরম রয়েছে দলটির প্রার্থীরা।