সেই উপজেলা চেয়ারম্যানদের ভোটের পথ খুলল না
উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপির ৮ জন এবং আওয়ামী লীগের দুজনের সংসদ নির্বাচনের প্রার্থিতা স্থগিতই থাকছে।
হাই কোর্টে প্রার্থিতা স্থগিত হওয়ার পর তার বিরুদ্ধে আপিল বিভাগে নিয়মিত আপিলের আবেদন করেছিলেন তারা।
সোমবার তাদের প্রত্যেকের আবেদনে ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান।
এই উপজেলা চেয়ারম্যানদের মধ্যে যারা বিএনপির, তারা হলেন জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনে আব্দুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. মোসলেম উদ্দিন, রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ, বগুড়া-৭ আসনে মিল্টন মোর্শেদ, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন।
বাকি দুজন আওয়ামী লীগের, তবে তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারা ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মাহমুদ হাসান সুমন, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে আসাদুজ্জামান বাবলু।
উপজেলা চেয়ারম্যানদের পক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “চেম্বার আদালত নো অর্ডার দিয়েছে। ফলে হাই কোর্টের আদেশটেই বহাল থাকছে।”
এছাড়া ঋণ খেলাপের অভিযোগে চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এম এ হান্নানেরও প্রার্থিতাও স্থগিত থাকছে।
নীলফামারী-৪ আসনে আমজাদের প্রার্থিতা স্থগিত
হাই কোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের ভোট করা আটকে গেছে আপিল বিভাগে।
নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমজাদ। প্রথমে রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন আমজাদের মনোনয়নপত্র বাতিল করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করলে আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। এ আবেদনের শুনানি নিয়ে সোমবার হাই কোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালত।
ধানের শীষ থাকছে ৫ প্রার্থীর
মনোনয়ন স্থগিতাদেশ বহাল রাখা ছাড়াও চেম্বার আদালত প্রতীক বরাদ্দ সংক্রান্ত হাই কোর্টের সিদ্ধান্তও বহাল রেখেছে। ফলে হাই কোর্টের আদেশ বহাল থাকছে বলে জনিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২০ ডিসেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ পাঁচজনকে ধানের শীষ প্রতীক দিতে আদেশ দিয়েছিল।
মানিকগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীরের পরিবর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলু ধানের শীষ প্রতীক পাচ্ছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনজুরুল ইসলাম ওরফে বিমলের পরিবর্তে ধানের শীষ প্রতীক পাচ্ছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিনকে।
নওগাঁ-১ আসনে (পোরশা, সাপাহার, নিয়ামতপু) নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ছালেক চৌধুরী পরিবর্তে নওগাঁ জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক পাচ্ছেন।
বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদারের পরিবর্তে ধানের শীষ পাচ্ছেন মাসুদা মমিন। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নাদিম মোস্তফার পরিবর্তে ধানের শীষ নজরুল ইসলামকে দিতে নির্দেশ দিয়েছে আদালত।
