সিলেট-১: একজনের জোর প্রয়াত বাবা, অন্যজনের ভাই
সিলেট-১ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই জীবনে প্রথম ভোটের লড়াইয়ে নেমেছেন।
জাতীয় নির্বাচনে সরকার গঠনের ‘নির্ণায়ক’ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এ মোমেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই।
মুহিত বর্তমানে এই আসনের সংসদ সদস্য। ভাইয়ের নির্বাচন করার পটভূমি তিনিই তৈরি করেছিলেন; মোমেনের অবস্থা ভালো না দেখলে নিজে ফের নির্বাচনে নামার প্রস্তুতিও তার ছিল।
অন্যদিকে বিএনপি প্রার্থী করেছে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদীরকে। তার বাবা খন্দকার আবদুল মালিক ১৯৯১ সালে এই আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাবার নামে প্রতিষ্ঠিত খন্দকার মালিক ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটে দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন মুক্তাদীর। সেটাই তাকে ভোটে সুবিধা দেবে বলে আশা করছেন তার সমর্থকরা।
বাংলাদেশে ভোটের লড়াইয়ে সিলেট-১ আসনের আলাদা গুরুত্ব আছে। এই পর্যন্ত যেবার যারাই সরকার গঠন করেছে, এই আসনে তারাই জিতেছে বলে সবাই এই আসনের ফলাফলের উপর চোখ রাখে।
দুই প্রার্থীরই গ্রহণযোগ্যতা ভোটারদের কাছে একই রকম হলেও দুজন নিজ নিজ দলের সবাইকে পক্ষে পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
তারা বলছেন, যে প্রার্থী দলীয় নেতাকর্মীদের বেশি সহযোগিতা পাবেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ের মালা তার গলায়ই উঠবে।
এই আসনে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহমদ কামরান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মনোনয়ন চেয়েও পাননি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে বিএনপিকে চাপে রাখার অভিযোগ উঠলেও সিলেটে প্রচার-প্রচারণায় তেমনটি দেখা যায়নি।
তবে মই প্রতীকের প্রার্থী প্রণব জ্যোতি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার পোস্টার বিভিন্ন স্থানে ছিঁড়ে ফেো হচ্ছে।
প্রচারণায় সমান-সমান দেখা গেলেও এই আসনে বিএনপির অনেক ‘নীরব ভোটার’ রয়েছে বলে আভাস দেন সিলেটের সুপরিচিত রেস্তোরাঁ পানসীর একজন ব্যবস্থাপক।
নাম প্রকাশ না করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন প্রচারণার সময় অনেকে মুখে নৌকা নৌকা বলছে। কিন্তু ভোটের দিন দেখা যাবে নৌকার ব্যাজ পরে ধানের শীষে সিল মেরে এসেছে। গত সিটি করপোরেশন নির্বাচনে এমনটি দেখা গেছে।”
সিলেটের এক সাংবাদিক বলেন, মেয়র আরিফুল সিলেট জেলা ও বৃহত্তর সিলেটে ধানের শীষের প্রার্থীদের পক্ষে যতটা সরব, ততটা সময় দিচ্ছেন না সদর আসনের প্রার্থী মুক্তাদীরের নির্বাচনী কাজে।
“আরিফুল সমর্থকরা অসহযোগিতা করলে তা মুক্তাদীরের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে বড় মাথাব্যথার কারণ হতে পারে,” বলেন এই সাংবাদিক।
স্থানীয় এক বাম রাজনীতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের নেতারা ভেতরে ভেতরে ঐক্যবদ্ধ নেই।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার অন্য আসনগুলোর তুলনায় সিলেট সদরে হয়রানি কম হলেও মধ্যরাতে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে।
“শনিবার রাত ১২টার দিকে মহানগর বিএনপির সহ সভাপতিকে ধরে নিয়ে যায় পুলিশ। দুই ঘণ্টা পর অবশ্য তাকে আবার ছেড়েও দেয়।”
অন্যদিকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও ভীতি ছড়ানোর অভিযোগ করেছেন মোমেনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আহমেদ আল কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপি-জামাতের নেতাকর্মীরা হিংস্র হয়ে উঠছে। গত রাতে তারা খাদিমনগর শাহপরান গেইটে আমাদের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে। গত কয়েক দিনে তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।”
কবির দাবি করেন, আওয়ামী লীগের প্রার্থীর প্রচারের ক্ষেত্রে সমন্বয়ের কোনো ঘাটতি নেই।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে চাকরিসূত্রে সিলেটে স্থায়ী হওয়া মোস্তাক আহমেদের মতে, সিলেট শহরের মানুষের পেটে খাবার আছে। অন্য অঞ্চলের তুলনায় এখানে অভাব-অনটন কম। ফলে তারা নির্বাচনে মার্কার চেয়েও প্রার্থীর সুনাম ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দেবে।
একাদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৪৫ জন। এর মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৫০৬ জন পুরুষ এবং ২ লাখ ৪৭ হাজার ৫৩৯ জন নারী।
সিলেট-১ আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জ্বল রায় (কোদাল), বাসদের প্রণব জ্যোতি পাল (মই)।
গত ১০ বছর ধরে এ আসনটিতে প্রতিনিধিত্ব করছেন মুহিত। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমলের অর্থমন্ত্রী সাইফুর রহমানকে হারিয়েছিলেন মুহিত। তার আগের নির্বাচনে সাইফুরের কাছেই হেরেছিলেন তিনি।
