২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১১: দ্বন্দ্ব মিটিয়ে নৌকা ভাসানোর আশা, ‘স্বামীর জোরই’ ধানের শীষে ভরসা

আবাসন নির্মাতাদের দখল, অস্ত্র ও মাদক চোরাচালান ও ব্যবসায়ী স্বার্থে প্রভাব বিস্তারের দ্বন্দ্বে খুনোখুনিতে আলোচিত ঢাকার বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা এলাকার সাংসদ হওয়ার দৌড়ে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম রহমতউল্লাহর প্রধান প্রতিপক্ষ পলাতক বিএনপি নেতা এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 01:41 AM

Updated : 11 Oct 2022, 12:51 PM

আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের বিরুদ্ধেই জমি দখলসহ অন্যান্য অভিযোগ থাকলেও তাদের বাইরে আর কাউকেই প্রার্থী হিসেবে গুরুত্বপূর্ণ মনে করছেন না এলাকার বাসিন্দারা। 

ঢাকা-১১ আসনের বর্তমান সাংসদ রহমতউল্লাহ মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি। এলাকায় নেতাকর্মীদের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে থেকে ভোটে জেতার আশা করছেন তিনি।

অপরদিকে রাজনীতিতে আনকোড়া শামীম আরার স্বামী কাইয়ুমও বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি। স্থানীয় ওয়ার্ড কমিশনার থাকাকালে এলাকায় প্রভাবশালী ছিলেন তিনি। এছাড়া টানা ১০ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারবিরোধী মনোভাবকে ভরসা করছেন শামীম আরা।

তবে এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী নন ধানের শীষের শামীম আরা, শরিক দল গণফোরাম ও বিজেপিরও প্রার্থী রয়েছে এখানে। এদের বাইরে এই আসনে নির্বাচনের মাঠে রয়েছে জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মহাজোটের আসন ভাগাভাগিতে ‘অসন্তুষ্ট’ জাপা এই আসনে মনোনয়ন দিয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীকে। গণফোরামের প্রার্থী হয়েছেন মোজাম্মেল হক, বিজেপির মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল বাতেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান এবং মুসলিম লীগের প্রার্থী হিসেবে আছেন শরীফ মো. মিরাজ হুসেইন।

Image
এই নির্বাচনী এলাকায় নৌকার পাশাপাশি হাতপাখার পোস্টার থাকলেও নেই ধানের শীষের

এই নির্বাচনী এলাকায় নৌকার পাশাপাশি হাতপাখার পোস্টার থাকলেও নেই ধানের শীষের

ভোটের মাঠে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর পোস্টার দেখা না গেলেও পাড়া-মহল্লা, অলিগলিতে নৌকার পাশাপাশি দেখা গেছে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মো. আমিনুল ইসলামের পোস্টার।

ঢাকা মহানগরের বাড্ডা ও ভাটারা থানা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে ঢাকা-১১ আসনটি। ২০০৮ সালে নির্বাচনী আসন পুনর্বণ্টনের আগে বাড্ডা থানার ২১ নম্বর ওয়ার্ড, খিলগাঁওয়ের ২২, ২৩ নম্বর ওয়ার্ড এবং ওই থানার পাঁচটি ইউনিয়ন  নিয়ে ছিল এই আসন।

ঢাকা -১১ আসনে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ১৫ হাজার ৫৫৫; এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৭৩ জন এবং নারী ভোটার আছেন দুই লাখ তিন হাজার ৪৮২ জন।

উন্নয়নের কৃতিত্বের সঙ্গে অনেক অভিযোগ রহমতের বিরুদ্ধে

জমি, কেবল টিভি নেটওয়ার্ক, মাদক ও বালুর ব্যবসা নিয়ে আওয়ামী লীগের ১০ বছরে এই অঞ্চলে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন এ অঞ্চলের প্রবীণ বাসিন্দারা।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্ব ও  চাঁদাবাজিসহ নানা কারণে এই সময়ে বাড্ডা এলাকায়ই খুন হয়েছেন ১২ জন।

চলতি বছরই রহমতউল্লাহর নিজের এলাকা বেরাইদে রড-সিমেন্টের ব্যবসায় প্রভাব বিস্তার নিয়ে সাংসদ সমর্থকদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ নিয়ে গত ২২ এপ্রিল দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারান জাহাঙ্গীরের ছোট ভাই কামরুজ্জামান। হত্যা মামলাটির আসামি ফারুক আহম্মেদ সংসদ সদস্য রহমতউল্লাহর ভাগ্নে।

এর আগে ২০০৯ সালে গরুর হাটের ইজারা, ঠিকাদারি ও কেবল ব্যবসা নিয়ে দ্বন্দ্বে খুন হন ৯৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নাজিম (৩০)। ২০১২ সালের ২৯ ডিসেম্বর সকালে মেরুল বাড্ডা এলাকায় গুলি করে, বোমা ছুঁড়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রহমান মামুনকে। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজু আহমেদ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

২০১৫ সালের ৩ মে আফতাবনগর পশুর হাটের চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নিহত হন বাড্ডা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন রাহিন।

Image
নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম রহমতউল্লাহ

নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম রহমতউল্লাহ

২০১৫ সালের ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর এলাকায় গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামা, বাড্ডার ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা, ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক ও যুবলীগ নেতা আবদুস সালাম।

ঢাকা-১১ আসনের নির্বাচনী এলাকা ঘুরে জানা যায়, সাঁতারকুল ও বেরাইদ অঞ্চলের জলাভূমি দখল ও বালুমহাল নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পক্ষের মধ্যে।

সাঁতারকুল এলাকার একজন তরুণ ভোটার বলেন, “এই অঞ্চলে অধিকাংশ অধিবাসী ব্যবসায়ী। সকলেরই বেশ কয়েক বিঘা জমি ছিল। সব নিয়ে গেছে ভূমিখেকোরা। স্বদেশ প্রপার্টিজের কথা কে না জানে! এক সময় বিএনপির কাইয়ুম সাহেব এই অঞ্চলের জমি নিয়ে অনুমোদহীনভাবে প্লট বিক্রয় করছিল। সেটা কিছু দিন বন্ধ ছিল।

“এখন বসুন্ধরা, আমিন মোহাম্মদ গ্রুপের আধিপত্য রয়েছে। তাদের পেছনে রয়েছে সরকারি দলের ইন্ধন। আমাদের চোখের সামনে দিয়ে পৈতৃক জমি বেহাত হয়ে যাচ্ছে।”

সাঁতারকুলের আরেক বাসিন্দা মো. ঈসমাইল হোসেন বলেন, “রহমত সাহেব এ এলাকার যে উন্নয়ন করেছেন, তিনি অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এই অঞ্চলের মাদকের বিস্তার তিনি রুখতে পারেননি। বড় বড় পরিবারের ছেলেরা মাদকে জড়িয়ে পড়ছে।”

পূর্ব বাড্ডা আদর্শনগরে বড় টেক এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, “বেশ ভালো ঘরের ছেলেরা ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে। অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। এই এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীরও কোনো নিয়ন্ত্রণ নাই।”

এবারের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এ কে এম রহমতউল্লাহর স্থাবর সম্পত্তি বেড়েছে ১৫ গুণের বেশি, অস্থাবর সম্পত্তি বেড়েছে ৮ গুণের বেশি।

ইনস্যুরেন্স কোম্পানি, ফুটওয়্যার, ট্যানারি ব্যবসায়ী ও গুলশান পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা রহমতউল্লাহ একবার ঢাকা উত্তর সিটি করপোরশেনের মেয়র পদেও প্রার্থী হতে চেয়েছিলেন।

এই অঞ্চলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে এবার রহমতউল্লাহকে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিকে একটু সমস্যা ছিল। তবে ভোটের মাঠে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। নেত্রী নির্দেশ দিয়েছেন, সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা সেভাবে কাজ করছি। আগে কী হয়েছিল, সেসব ভুলে যেতে হয়েছে।”

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের কথা স্বীকার করলেও এখন ঐক্যের কথা বলেছেন সাঁতারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অঞ্চলে আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। তবে বর্তমানে আমরা সবাই মিলেমিশে রহমতউল্লাহ সাহেবের নির্বাচন করছি। আমাদের মধ্যে বিভেদ নাই।”

দ্বন্দ্ব নিরসনে দলের ‘হাই কমান্ডের’ নির্দেশ আসার পর সব ভুলে ঐক্যের সুর তুলেছে বাড্ডা থানা আওয়ামী লীগ।

সংগঠনের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান বলেন, “এলাকায় এখন আর দ্বন্দ্ব নেই। আমরা সবাই মিলেমিশে কাজ করছি। এই আসনে আওয়ামী লীগে রহমতউল্লাহর প্রতিদ্বন্দ্বী নেই কেউ।”

এ বিষয়ে রহমতউল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, “এখন কোনো দ্বন্দ্ব নেই। সবাই মিলেমিশে কাজ করছে।”

‘নির্দোষ নয়’ বিএনপিও

২০০১ সালের নির্বাচনে জয়ের পর বিএনপি এই অঞ্চলে জমি দখল, চাঁদাবাজির ‘রাজত্ব কায়েম করেছিল’ বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সে সময় বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের হাত ধরে রাজনীতিতে আসা এম এ কাইয়ুম এই অঞ্চলের ‘ত্রাস’ হয়ে উঠেছিলেন বলে তাদের ভাষ্য।

এরপর ২০০৪ সালে সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে জয়ের পর আধিপত্য বিস্তার করতে শুরু করেন কাইয়ুম। পরে তিনি হাত মেলান গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াকিল উদ্দিনের সঙ্গে। গড়ে তোলেন আবাসন প্রতিষ্ঠান স্বদেশ প্রোপার্টিজ।

Image
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় শনিবার দুপুরে নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী শামীম আরা।

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় শনিবার দুপুরে নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী শামীম আরা।

বাড্ডার সাঁতারকুল ও বেরাইদ ইউনিয়নের বিস্তীর্ণ জলাভূমি ও খাল দখল করে রাজউকের আইন লংঘন করে তিনি অনিবন্ধিত প্লট বিক্রি করতে শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।

খাল দখলের পর এই বেরাইদে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে বলে জানান ওই এলাকার বাসিন্দা মাহমুদ আবদুল্লাহ।

তিনি বলেন, “বিএনপি আমলে এই খাল দখল কর্মকাণ্ড শুরু হয়। তখন থেকে জলাবদ্ধতা শুরু হয়েছে। বিস্তীর্ণ জলাভূমি হারিয়ে যাচ্ছে। এই আমলেও তা চলমান আছে।”

কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী কার্যক্রমে তিনি এলাকার তরুণদের ব্যবহার করতেন। ইয়াবার বিস্তৃতি ঘটেছে ‘তার হাত ধরে’।

সাঁতারকুলের পদারদিয়ার বাসিন্দা লুৎফুল কবির বলেন, “অনেক দিন ভয়ে আমরা মুখ খুলতে পারিনি। বিএনপি নেতা কাইয়ুম সাহেব এমন দুর্ধর্ষ ছিলেন।”

মেরুল বাড্ডার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু বিএনপিও তো নির্দোষ নয়। তিনি (কাইয়ুম) উন্নয়ন করেছেন সামান্যই। তিনি ব্যস্ত ছিলেন চাঁদাবাজিতে, খুনাখুনিতে।”

খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গুলশান, বাড্ডা থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে কাইয়ুমের বিরুদ্ধে। ২০১৫ সালে গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি করা হয় তাকে। এরপর তিনি পালিয়ে যান মালয়েশিয়ায়।

ধানের শীষের প্রার্থী হওয়া কাইয়ুমপত্নী শামীম আরা এর আগে কখনো রাজনীতির মাঠে নামেননি। ‘নাভিদ উল ওয়ারস’ নামে একটি গার্মেটের চেয়ারম্যান তিনি।

Image
এই এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে বিএনপির কাইয়ুমের বিরুদ্ধে, বিএনপি-জামায়াত জোট সরকারের ওই ধারা এখনও চলছে বলে অভিযোগ স্থানীয়দের

এই এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে বিএনপির কাইয়ুমের বিরুদ্ধে, বিএনপি-জামায়াত জোট সরকারের ওই ধারা এখনও চলছে বলে অভিযোগ স্থানীয়দের

এই আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি এ জি এম শামসুল হকও মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ২২ মামলার আসামি শামসুল চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন।

আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি এই আসনে রাজনীতিতে নবীন এক প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভোটারদের অনেকে।

উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, “এই আসনটি বিএনপি উদ্ধার করতে চাইলে শক্ত প্রার্থী দেওয়া উচিৎ ছিল। শামীম আরা টক্করই দিতে পারবে না রহমতের সঙ্গে।”

তবে নতুন হলেও শামীম আরা বলছেন, নির্বাচনের মাঠে তিনিও ছেড়ে কথা বলবেন না।

আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামতে বাধা দেওয়ার অভিযোগ করে নির্বাচনী প্রচারণায় এসে শামীম আরা বলেছেন, “আমাকে যতই বাধা দেওয়া হোক, আমি মাঠ ছাড়ব না। আমার কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। কোথাও পোস্টার লাগাতে দিচ্ছে না। জনগণ এই আওয়ামী দুঃশাসনের জবাব দেবেই।”

নির্বাচনী হলফনামায় তিনি বলেছেন, তার কাছে স্বর্ণ নেই, সব স্বর্ণালংকার জমা আছে স্বামীর কাছে।

হলফনামায় তিনি জানিয়েছেন, বছরে তার আয় ২০ লাখ ৯৬ হাজার ৮৩২ টাকা। ব্যাংকে রয়েছে ১ লাখ ৮ হাজার ৭৪৬ টাকা, হাতে আছে নগদ ২৭লাখ ২০ হাজার ২৩৪ টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৬ লাখ ২৭ হাজার টাকা।

নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী মহিলা দল নিয়ে গণসংযোগ করতে পারলেও কোথাও পোস্টার লাগাতে পারছেন না তিনি। পুরো বাড্ডা এলাকা ঘুরে তার একটিমাত্র পোস্টার দেখা গেছে উত্তর বাড্ডার বাজার এলাকায়।

লাঙ্গল, সূর্য থেকে এগিয়ে হাতপাখা

বাড্ডায় মাদ্রাসাভিত্তিক অঞ্চলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম।

আমিনুল মেরুল বাড্ডা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে বলেছেন, তিনি ‘ইসলামের খেদমত’ করতে এবার ভোট চাইতে এসেছেন। পাশাপাশি এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের স্বার্থও তিনি ‘বিবেচনা করবেন’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Image
অলিগলিতেও আছে হাতপাখার পোস্টার

অলিগলিতেও আছে হাতপাখার পোস্টার

বাড্ডা, বনশ্রী, বেরাইদ ও সাঁতারকুল এলাকা ঘুরে দেখা গেছে, এই আসনে নৌকা মার্কার পোস্টারের পাশাপাশি সবচেযে বেশি নজরে এসেছে হাতপাখা মার্কার পোস্টার।

উত্তর বাড্ডার বাসিন্দা মোহাম্মদ শাহিন বলেন, “ধানের শীষের পোস্টার না দেখলেও এই এলাকায় হাতপাখার পোস্টার নজরে পড়বে বেশি। মাদ্রাসা শিক্ষকরা তার হয়ে প্রচারণা করছেন। তিনি বলছেন,তাকে ভোট দিলে ইসলামের উন্নয়ন করবেন।”

এই আসনে জাতীয় পার্টির অবস্থা একেবারেই নাজুক। জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত ফয়সল চিশতী পাশের ঢাকা-১৭ আসনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী প্রচার নিয়েই ব্যস্ত আছেন।

স্থানীয়দের অনেকেই জানান, এই আসনে জাতীয় পার্টির প্রভাব খুব একটা নেই। আওয়ামী লীগ, বিএনপির দাপটে সম্ভাবনা একেবারেই কম বিজেপি ও গণফোরামের। এছাড়া এনপিপি, মুসলিম লীগের নাম তারা শোনেনি, কারা প্রার্থী হয়েছেন তাও তারা জানেন না।

সেকেন্দারবাগের বাসিন্দা মোহাম্মদ সুলতান বলেন, “জাতীয় পার্টির কাউকে এখানে আসতে দেখিনি। পোস্টার, ব্যানার টানিয়ে রেখেছে। কিন্তু চিশতী সাহেবকে এলাকার মানুষ চেনে না। তো যাকে চিনি না আমরা তিনি এলাকার উন্নয়ন কতটা করবেন? অন্যান্য দলগুলোর নাম আমরা শুনিনি। তাদের প্রার্থী কারা হলেন, তা নিয়েও আগ্রহ নেই আমাদের।”

সিটিতে এলেও মেলেনি নাগরিক সুবিধা 

২০১৬ সালে বেরাইদ, সাঁতারকুল ও বাড্ডা ইউনিয়নকে ঢাকা উত্তর সিটি করপোরেশনভুক্ত করা হয়। বেরাইদ ইউনিয়নকে ৪২, সাঁতারকুলকে ৪১, ভাটারা ইউনিয়নকে ৩৯ ও ৪০ এবং বাড্ডা ইউনিয়নকে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড করা হয়।

নিজের এলাকা বেরাইদ ও সাঁতারকুল ছাড়া অন্যান্য এলাকায় নাগরিক সমস্যাগুলো সমাধানে স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ উদ্যোগী হননি বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

Image
এই আসনের কিছু এলাকা ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনে এলেও রাস্তা-ঘাটের বেহাল দশা

এই আসনের কিছু এলাকা ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনে এলেও রাস্তা-ঘাটের বেহাল দশা

মধ্য বাড্ডা লিঙ্ক রোড থেকে পূর্ব দিকে এগোলে সেকেন্দারবাগ, ময়নারবাগ, বড় কাটরা, মেরুল বাড্ডার বৈঠাখালী। এসব এলাকার রাস্তাগুলোতে এই শীতেও জমে আছে থকথকে কাঁদা।

সেকেন্দারবাগের বাসিন্দা মোহাম্মদ সুলতান বলেন, “হঠাৎ কইরা কেউ আইয়া পড়লে ভাবব, আয় হায় বর্ষাকাল আয়া পড়ছে নাকি!“

রাস্তাঘাট নির্মাণে টেন্ডার হয়েছে এমন কথা শুনলেও তার বাস্তবায়নে অগ্রগতি দেখতে পান না এলাকাবাসী।

বড়টেকের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেনের অভিযোগ, এলাকায় পয়ঃনিষ্কাশনের সমস্যা দীর্ঘ দিনের। গ্রীষ্মকালে দীর্ঘ দিন গ্যাস, পানি ও বিদ্যুতের সমস্যায় ভুগতে হয় এলাকাবাসীকে।

তিনি বলেন, “রাজধানীর পূব দিকের এই এলাকাটার দিকে কারও নজর নাই। বর্ষাকাল আইলে কোমর হমান (সমান) পানি ভাইঙ্গা এই এলাকায় ঢুকুন (ঢোকা) লাগে। গ্যাস,পানি ও কারেন্টের লাইনের কুনু কাম হয় না অনেক দিন।

“ইউনিয়নে থাকতে কিছু কিছু কাজ হইত। কিন্তু এহন সিটিতে আইয়া কী লাভডা হইছে? খালি ভোট দিওনের বেলায় আমরা আর কামের বেলায় ঠনঠন!”

একই এলাকার বাসিন্দা সাঈদ মোহাম্মদ জানান, এলাকায় কিশোর-তরুণদের মাদকাসক্তি নিয়ে আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে।

তিনি বলেন, “যে বয়সে পোলাপাইনের ইস্কুলে যাওনের কথা, তারা কি না সেই বয়সে এই দল, হেই দল কইরা বেড়ায়। প্রধানমন্ত্রী জনসভায় কইসে, পোলাপাইনের দিকে নজর রাখতে। কিন্তু কয়দিন শিকল পরায়া রাখতে পারুম? ওরা তো ঘর থিকা বাহির হইবেই। ড্রাগ নিতাসে,বন্দুক হাতে পাইতাসে, এই পোলাপাইনগুলোরে নিয়ে ডরে আছি আমরা।”

আফতাবনগর ও দক্ষিণ বাড্ডার বেশকজন নারী বাসিন্দা অভিযোগ করেছেন, এলাকায় ক্রমাগতভাবে ‘ইভটিজিং’ বাড়ছে। স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরাই এতে বেশি জড়িয়ে পড়ছে। ‘

চামড়া ব্যবসার জন্য এক সময় বেশ নামডাক ছিল বেরাইদ অঞ্চলের। সেই চামড়ার ব্যবসায় এখন ভাটা নেমেছে। এলাকায় তারুণ্যের মধ্যে নেমেছে হতাশা।

ওই এলাকার বাসিন্দা চুন্নু মিয়া বলেন, “চামড়ার ব্যবসায় ধস নামার পর এই এলাকার ব্যবসা-বাণিজ্যে ধস নেমে গেছে। এলাকা থেকে কিছু করতে পারত যেসব তরুণ, তারা এখন বেকার। আর বেকারত্ব তাদের টেনে নিচ্ছে মাদকের দিকে।”

এই এলাকার একজন বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন, বেরাইদের খাল ও জলাভূমিগুলো দখল করে নিয়ে আবাসন প্রতিষ্ঠানগুলো এখন অধিবাসীদের আবাদি জমির দিকে নজর দিয়েছে। কিন্তু তাতে ‘সামান্যই ভ্রুক্ষেপ করছেন’ স্থানীয় সাংসদ।

তিনি বলেন, “রহমতউল্লাহ সাহেব এ এলাকাকে বদলে দিয়েছেন। কিন্তু তিনি যদি আমাদের কথা শোনেন, তবে বলব, এই দখলবাজি যেন বন্ধ করা হয়। জলমহালগুলো হারিয়ে গেলে আমাদের এখানে জলাবদ্ধতা তো দেখা দেবেই, পাশাপাশি মৎস্যজীবী সম্প্রদায় একেবারে বিলুপ্ত হয়ে যাবে।”

মধ্য বাড্ডার পোস্ট অফিস রোডের বাসিন্দা খন্দকার দেলোয়ার বলেন, “এক সময় এই এলাকাতে বেশ পুকুর ছিল, লেক ছিল। সেসব এখন ভরাট হয়ে গেছে। বর্ষা হলে দেখা দেয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের বন্দোবস্ত নেই একেবারেই। পুকুর, লেকগুলো এ এলাকার পরিবেশের জন্যও দরকার ছিল। কিন্তু সেসব উধাও হয়ে গেছে।”

জমি দখল, টেন্ডারবাজি ও  সন্ত্রাসী কার্যকলাপের কোনো অভিযোগ শুনতে নারাজ এ কে এম রহমতউল্লাহ।

Image
দলীয় কোন্দল মিটিয়ে এখন সবাইকে নিয়ে ভোটের মাঠে আছেন বলে দাবি করেছেন রহমতউল্লাহ

দলীয় কোন্দল মিটিয়ে এখন সবাইকে নিয়ে ভোটের মাঠে আছেন বলে দাবি করেছেন রহমতউল্লাহ

শনিবার বিকালে রাজধানীর মধ্য বাড্ডার আলাতুন্নেছা স্কুলে নির্বাচনী গণসংযোগ করতে এলে তিনি এই বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, “আমি এ বিষয়ে কোনো কথা বলব না।”

ওদিকে স্বামী এম এ কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি শামীম আরাও।

ভোটের পরিসংখ্যান

বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর ১৯৭৯ সালে এই আসন থেকে নির্বাচিত হন ডা. আ. রউফ।  ৭৫ হাজার ৪৭২ ভোটের মধ্যে এই আসনে তিনি পান ৩৪ হাজার ২২ ভোট। তিনি ১৪ হাজার ৩৬৮ ভোটে আওয়ামী লীগের (মালেক) প্রার্থী লুৎফুর রহমানকে হারান।

১৯৮৬ সালে এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাংসদ হন ব্যবসায়ৗ ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম রহমতউল্লাহ। তিনি ৮৭ হাজার ৪১৫ ভোটের মধ্যে ৫০ হাজার ৬৬২ ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী আবু সিদ্দিক পান ৩৩ হাজার ৩৭২ ভোট।

১৯৯১ সালের নির্বাচনে এই অঞ্চলে নির্বাচনে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ ভোটের মধ্যে তিনি পান ৭১ হাজার ২৬৬ ভোট; ২৫ হাজার ৪৪৫ ভোটের ব্যবধানে তিনি আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুনকে পরাজিত করেন। এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কাদির ছিলেন চতুর্থ অবস্থানে। তবে পরে খালেদা জিয়া এই আসনটি ছেড়ে দিলে তাতে নির্বাচিত হন বিএনপির কামরুল ইসলাম।

২০০১ সালে পুনরায় এমপি নির্বাচিত হওয়ার পর কামরুল বিএনপি-জামায়াত জোট সরকারের প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

১৯৯৬ সালে এ কে এম রহমতউল্লাহ আবারো এই আসন থেকে নির্বাচিত হন। তবে এবার আর জাপা নয়, তিনি পেয়েছিলেন নৌকার টিকেট। এই অঞ্চলের ২ লাখ ৮০ হাজার ৫৫১ ভোটের মধ্যে তিনি পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৪৪৩ ভোট। বিএনপির কামরুলকে ২৩ হাজার ৭৩ ভোটে হারান তিনি।

পরে ২০০১ সালে কামরুল হারিয়ে দেন রহমতউল্লাহকে। ৩ লাখ ৯১ হাজার ৩২৪ ভোটের মধ্যে তিনি পান ২ লাখ ২১ হাজার ৪৪০ ভোট। রহমতউল্লাহ পেয়েছিলেন ১ লাখ ৬৬ হাজার ৮৩২ ভোট।

সীমানা পুনর্নির্ধারণের পর এই আসনটি পুনর্বিন্যাস করা হয়। খিলগাঁওয়ের ইউনিয়নগুলো বাদ দিয়ে যুক্ত হয় রামপুরা থানা, যোগ হয় ভাটারা, যা পরে থানা হয়।

২০০৮ সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ। ২ লাখ ৬৮ হাজার ৮৬৬ ভোটের মধ্যে তিনি পান ১ লাখ ৬৫ হাজার ৫৪৮ ভোট।  ৭৫ হাজার ৭৫০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী এম একাইয়ুমকে পরাজিত করেন তিনি। কাইয়ুম ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি। ২০১৪ সালে ঢাকা-১১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রহমতউল্লাহ।

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফখরুল শাহীন।