২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-১: প্রচারে নৌকা-ধানের শীষ সমানে সমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করলেও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে চিত্র একেবারে ভিন্ন।

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 01:23 AM

Updated : 11 Oct 2022, 12:51 PM

উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পোস্টার-ব্যানার চোখে পড়েছে সমানে সমান। যেখানে নৌকার পক্ষে মাইকিং, পাশেই চোখে পড়েছে ধানের শীষেরও মাইকিং।

ব্রাহ্মণবাড়িয়ার এ আসনটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি এস এ কে একরামুজ্জামান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাসিরনগরের ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার দুই লাখ ১৩ হাজার ৯৭০ জন। এতে প্রার্থী হয়েছেন ছয়জন। নৌকা ও ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীরা হলেন- ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মুহা. আশরাফুল হক (মিনার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মো. ফায়েজুল হক (গরুরগাড়ি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসেইম আহমদ (হাতপাখা)।

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা যার যার দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি।

রোববার বিকালে নৌকার প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে দলের একটি প্রচার সমাবেশে অংশ নেন। একই সময় ধানের শীষের প্রার্থী উপজেলার চাতলপাড় ইউনিয়নে তার প্রচার সমাবেশে যোগ দেন।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম নির্বাচনে এ আসনটিতে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক। এরপর তিনি ১৯৯৬ সাল থেকে টানা চারবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনের পর সায়েদুল হককে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দায়িত্বে থাকাকালে গত বছর তিনি মারা যান।

এরপর গত বছরের ১৩ মার্চ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদকে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম।

জিয়াউর রহমানের সময় ১৯৭৯ সালের নির্বাচনে সায়েদুল হক অংশ নেননি। ওই নির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর আব্দুস সাত্তার বিএনপিতে যোগ দেন। আর ১৯৮৬ সালে পুরো দেশের মতো এ আসনটিও জাতীয় পার্টির হাতে চলে যায়। তবে কখনও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে বিএনপি জয় লাভ করতে পারেনি।

এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী একরামুজ্জামানকে ২০০৮ সালের নির্বাচনেও প্রার্থী করেছিল দলটি। ওই নির্বাচনে ছায়েদুল হক পেয়েছিলেন ৯৯ হাজার ৮৮৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একরামুজ্জামান, তিনি পেয়েছিলেন ৮৫ হাজার ৩৮৮ ভোট।

রোববার নাসিরনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশ কিছু জায়গায় নৌকা ও ধানের শীষের পোস্টার ও ব্যানার ঝুলছে পাশাপাশি।

নাসিরনগর ও সরাইল উপজেলা সড়কে (ধরন্তি) মিলেছে ভলাকুট ও কুন্ডা ইউনিয়নের সংযোগ সড়ক। নাসিরনগর উপজেলা থেকে বের হতেই এ সড়কে ছোট একটি সেতু। সেতুর একপাশে ঝুলছে নৌকার ব্যানার, অন্যপাশে ধানের শীষের।

এ চিত্রের বিষয়ে সত্তরোর্ধ্ব স্থানীয় আব্দুল মোতালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এটা তো এহানের একটা স্বাভাবিক ব্যাপার। আমরার নাসিরনগরে কোনো সমস্যা নাই। পোস্টার-প্রচারণা তো সবাই করতেছে। শুনি কোনো কোনো জাগাতে মারামারি হইছে, পোস্টার ছিঁড়ছে, আমরার ইহানে অমন কিছু হইছে না, ইনশাল্লাহ অইবও না।”

নাসিরনগর কলেজের পাশের সড়কের দুইপাশের খুঁটিতে উপরে নিচে ঝুলছে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের পোস্টার। একই সাথে অন্যান্য দলের প্রার্থীদের পোস্টারও ঝুলতে দেখা গেছে।

সিএনজি অটোরিকশা চালক মো. হাফিজ উদ্দিন বলেন, “আমাদের সামনেই এসব পোস্টার লাগাইছে। কোনো পক্ষ সকালে, আবার কোনো পক্ষ বিকালে যে যার মত করে এসব পোস্টার লাগাইছে। কিন্তু কেউ কাউকে বাধা দেয়নি। আপনি সারা এলাকাতে ঘুরলে একই অবস্থা দেখতে পাইবেন।”

স্থানীয়রা জানিয়েছেন, এই উপজেলার একেবারে পশ্চিমে চাতলপাড় ইউনিয়ন। এ ইউনিয়নের রতনপুর, বড়নগর, ঘুজিয়াখাই, কচুয়াসহ অন্যান্য গ্রামে প্রতিদিন বিকালে নৌকা ও ধানের শীষের পক্ষ থেকে মিছিল বের হয়। তবে কোনো পক্ষ থেকে অন্যপক্ষ থেকে বাধা দিয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি।

একই চিত্র উপজেলার ১৩টি ইউনিয়নের অন্তর্ভুক্ত অধিকাংশ গ্রামগুলোতে রয়েছে বলে ভোটারদের অনেকে জানিয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ বলেন, “আমার ইউনিয়নে প্রচার-প্রচারণায় কেউ কাউকে বাধা দিচ্ছে না। যে সড়ক দিয়ে নৌকার সমর্থনে ক্যাম্পেইন হয়েছে, একই সময়ে সেই সড়কেই হয়েছে ধানের শীষের প্রচার হয়েছে। আমরা একে অপরের সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী কাজ করছি।”

তবে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কখনও কখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে দিচ্ছে, নতুন নতুন মামলা হচ্ছে। আগের মামলাও আছে।”

দলের প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা সম্পর্কে জানতে চাইতে তিনি বলেন, “আমাদের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা আমরা করছি ঠিক, তবে তেমনভাবে করতে পারছি না, যা হওয়ার কথা ছিল।”

আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রচার-প্রচারণায় আমাদের লোক কাউকে কোনো কিছুতেই বাধা দেইনি, দেবেও না- একথা নাসিরনগরের সবাই বলবে।”

বিএনপি প্রার্থী একরামুজ্জামান বলেন, “প্রচারে আমার যেসব পোস্টার-ব্যানার দেখছেন এগুলো হাতির দাঁতের মতো। বাইরে থেকে অনেক বড় করে দেখা যায়। আসলে তারা (আওয়ামী লীগ) পরিকল্পনা করে আমাদের কাজে বাধা দিচ্ছে। সেখানে আমরা সমাবেশ করব বলে ঠিক করি সেখানে তারা গিয়ে বলে, তাদের নাকি আগে থেকে ঠিক করা।”

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন অফিসে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

নির্বাচনী প্রচার-প্রচারণা সকল প্রার্থী সমান সুযোগ পাচ্ছে বলে দাবি করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষ কোথাও গোলমাল করেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। আপনারা যদি অন্য কোনোভাবে খবর নেন এমন চিত্রই পাবেন। আমাদের এ নির্বাচনী এলাকা অনেক শান্ত। এখন পর্যন্ত কোনো পক্ষই কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেনি। সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা এ নির্বাচনটা করতে চাই।”

পাল্টাপাল্টি অভিযোগ

নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী একজন ব্যবসায়ী, তিনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে ‘কালো টাকা’ ছড়াচ্ছেন।

“তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের ব্যবহার করে কালো টাকা নির্বাচনের কাজে ব্যবহার করছে। ভোটারদের টাকা-পয়সার লোভ দেখিয়ে ভোট নিতে চাইছে, যেগুলো স্পষ্টই নির্বাচনী আচরণবিধি লংঘন।”

এছাড়া বিএনপি প্রার্থী একরামুজ্জামান বিভিন্ন এলাকায় নিরবাচনী প্রচারে গিয়ে তার বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর’ বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন নৌকার প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে একরামুজ্জামান বলেন, “আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীর কাছে কোনো কালো টাকা থাকে না; বরং যাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই তাদের কাছে ‘ব্ল্যাক মানি’ থাকতে পারে।”

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কোনো মানহানিকর কথা বলেননি বলে দাবি করেন তিনি।

ভোটারদের ভাষ্য

নাসিরনগরের নির্বাচনের সম্পর্কে জানতে চাইলে হরিপুরের ভোটার ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী কাউসার আহমেদ বলেন, “আমাদের এলাকায় নির্বাচন নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। প্রার্থীরা তাদের মতো করে প্রচার-প্রচারণা করে, আর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছে।”

এবারও এর কোনো ব্যতিক্রম হবে না বলে মনে করেন তিনি।

মো. নুরুজ্জামান নামে আরেক ভোটার বলেন, “আওয়ামী লীগ বা বিএনপি কেউই চাইলেও এই এলাকায় জোর খাটাতে পারবে না। কারণ জনগণ যেদিকে যায় সেদিকেই বিজয় হবে। এই এলাকা আওয়ামী লীগের, ছায়েদ সাব বার বার পাস করেছে। এত সহজে আওয়ামী লীগকে মানুষ ভুলে যাবে না।”

তবে নাছিমা বেগম নামে আরেক ভোটার বলেন, “শুনতেছি ধানের শীষ নাকি এবার ভালো অবস্থানে। তিনি গতবার ছায়েদ এমপির লগে ভোট করে অনেক ভোট পাইছিলেন। এবার তাকে নিয়া অনেক মানুষ চিন্তা করতেছে।”

দুই বছর আগে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের যাদের ওপর হামলা হয়েছিল তাদের কয়েকজন বলেছেন, বরাবরের মতো এবারও নির্বাচনে রায় দেবেন তারা।

সাম্প্রদায়িক হামলার শিকার উপজেলার নমঃশুদ্রড়ার বাসিন্দা গমেন্দ্র মণ্ডল বলেন, “জীবনবারা বাপ-দাদারা যে দলকে সমর্থন দিয়ে গেছে সেই দলকেই আমরা আজীবন সমর্থন দেব। আমরা যদিও অন্য দলকে ভোট দেই কেই বিশ্বাস করবে না।”

সরকারপাড়ার ভোটার রিপু রাণী মল্লিক বলেন, “আমরা সব সময় চিন্তা করি নিজেরে দিয়ে, তবে যে সরকার দেশের উন্নয়ন করবে সেই চিন্তা করে আমরা ভোট দেব।”

তবে নাম প্রকাশে অনেচ্ছুক বেশ কয়েকজন ভোটার জানিয়েছেন, বিএনপি প্রার্থী একরামুজ্জান তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় ব্যক্তিদের চাকরি দিয়েছেন। আবার বিভিন্ন সময় এলাকার মানুষকে সহায়তা করেছেন। সে কারণে এবার তার পক্ষে ভোটাররা আকৃষ্ট হতে পারে।