সিইসির সঙ্গে দেখা করে ইসিকে ‘ঠুঁটো জগন্নাথ’ বললেন মান্না
নানা অভিযোগ দেওয়ার পরও কোনো কাজ না হওয়ায় নির্বাচন কমিশনকে ‘ঠুঁটো জগন্নাথ’ বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে নালিশ দিয়ে আসার পর এ মন্তব্য করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এই প্রার্থী।
বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামা মান্না অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মামলা দিয়ে গ্রেপ্তার করছে পুলিশ।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, “নির্বাচন কমিশনকে বলি, কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে আর বলে- যেমন আজকেও উনি বলেছেন, ‘আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি’।
“আমি বললাম, তারপর তদন্ত করতে যদি চার দিন লাগে, তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি (সিইসি) বলছেন যে, ‘না তাড়াতাড়ি করব’। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরনের অ্যাকশন আমি দেখতে পাইনি।”
দেশে নির্বাচনী পরিবেশের বদলে ‘নারকীয় পরিবেশ’ তৈরি হয়েছে বলে দাবি করেন মান্না।
তিনি বলেন, “এইভাবে যদি নির্বাচন হয়, তাহলে এক পাক্ষিকভাবে জোর করে জিতে নেওয়ার চেষ্টা করবে। তখন জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে, যারা এখন ক্ষমতায় আছে।”
মান্না বলেন, “এটা শেষ করেই আমি আমার নির্বাচনী এলাকায় যাবো। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি একটা কথা বলি- আমরা আগে বলতাম নির্বাচনী যুদ্ধ। এখন এটা নির্বাচনের নামে যুদ্ধই হচ্ছে। সরকার পক্ষ তাই করছে।
“রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে, বাড়িতে বাড়িতে গিয়ে গভীর রাত্রে। সারাদেশে একই অবস্থা চলছে।”
