বই উৎসব উদ্বোধনে বিধি লঙ্ঘন হবে, ইসিকে ঐক্যফ্রন্ট
ভোটের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর বই উৎসব উদ্বোধনের প্রস্তুতি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন দাবি করে তা বন্ধের জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন স্বাক্ষরিত এই চিঠি প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে দেন গণফোরামের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
চিঠিতে বলা হয়, “আগামী ২৪ ডিসেম্বর (সোমবার) বই উৎসব উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। আমরা মনে করি এ ধরনের কর্মর্সূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে।”
এর আগে সব সময়ই ৩০ ডিসেম্বর বই উৎসব হওয়ার কথাও উল্লেখ করা হয় চিঠিতে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের দিনটি বই উৎসব হিসেবে উদযাপন হচ্ছে কয়েক বছর ধরে। ১ জানুয়ারি বই উৎসব হলেও তার দুই-এক দিন আগে প্রধানমন্ত্রী তা উদ্বোধন করতেন।
এবার একাদশ সংসদ নির্বাচনের কারণে বই উৎসব উদ্বোধন এগিয়ে আনা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
বই উৎসবে ক্ষমতাসীনরা ‘বিশেষ সুবিধা’ পাবে দাবি করে কামালের চিঠিতে বলা হয়, “দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এই উৎসব উদ্বোধন ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেওয়ার সামিল হবে।
“বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারও লঙ্ঘন করবে।”
জাতীয় ঐক্যফ্রন্ট বই উৎসব উদ্বোধন পেছানোর দাবি জানিয়ে বলেছে, “১ বা ২ জানুয়ারি বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই।”
