২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় সুনিশ্চিত: ভিডিও বার্তায় অলি

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে বাধাদানকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের মুখপাত্র অলি আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 09:06 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

শনিবার বেলা ৩টার দিকে নিজের ফেইসবুক পাতায় এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম-১৪ জোটের প্রার্থী এলডিপি নেতা অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ফেইসবুক পেজ থেকে ভোটারদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছি।”

ভিডিও বার্তায় অলি বলেন, “৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছি। সর্বত্র অনিশ্চয়তা, অশান্তি, অত্যাচার ও অনাচার। সকলে হতাশাগ্রস্থ। কী হচ্ছে, কী হবে?

“আমি চাই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চিরদিনের জন্য শেষ হোক। সরকারি, আধা-সরকারি ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাদেরকেও মনে রাখতে হবে, তাদের ভুলের জন্য জাতিকে মাশুল দিতে হবে।”

তিনি বলেন, “কোনো জায়গায় যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয় তাহলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। রক্তপাত এড়ানো সম্ভব নাও হতে পারে। দেশ ও জাতির প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সুতরাং এ কাজে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। তারা জাতির শক্র, দেশের শত্রু।

“৩০ তারিখের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। ভোট দেওয়া আপনার জন্মগত অধিকার। ভোটের অধিকার আদায় করতে হবে। ভোটদানে বাধাদানকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্তি প্রয়োগ করুন।”

তিনি বলেন, “এ কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশকে বাঁচাতে হবে, রক্তপাত এড়াতে হবে। জনগণের বিজয় সুনিশ্চিত।

“আমি জানি কতিপয় ব্যক্তির কারণে আপনারা খুবই কষ্টে আছেন। অশান্তিতে আছেন। রাতের বেলা নিজের ঘরে ঘুমাতে পারেন না এমনকি দিনের বেলাও প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারছেন না। পরিবারের সদস্যরাও অশান্তিতে আছেন। অনেকে ইচ্ছা করে হামলা করছে। গায়ে পড়ে ঝগড়া করতে চায়। ধৈর্য্য ধারণ করুন। অনুরোধ করব আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সত্য ও ন্যায়ের পথে থাকুন। ভয়ের কোনো কারণ নেই।”

এই বার্তায় নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ছাতা মার্কায় ভোটও চান।