কলারোয়ার ওসির প্রত্যাহার চান বিএনপির প্রার্থী
পুলিশের ইউনিফর্ম পরে ‘বেআইনিভাবে নৌকা প্রতীকের পক্ষে’ ভোট চাওয়ায় কলারোয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বরাবরে জমা দেওয়া এক অভিযোগে কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদকে প্রত্যাহারের এই দাবি জানানো হয়।
হাবিব তার চিঠিতে লিখেছেন, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাক্রোবেটিক সার্কাস প্রদর্শন অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর উপস্থিতিতে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চান কলারোয়া থানার ওসি। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।”
ওই অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে মিলে ওসি ‘বিষোদগার’ করেন বলেও হাবিবের অভিযোগ।
তিনি চিঠিতে লিখেছেন, সরকারি কর্মকতা হিসেবে একজন ওসির এরকম কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন।
হাবিবুল ইসলাম লিখেছেন, “সাতক্ষীরা-১ আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই। কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ এতদিন ধরে প্রচারে বাধা ও বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন।”
এসব ঘটনায় ‘নিরাপত্তাহীনতায়’ নিজে এলাকা ছেড়েছেন বলেও কমিশনকে জানিয়েছেন ধানের শীষের এই প্রার্থী।
তিনি লিখেছেন, “মানুষের ধারণা, তালা-কলারোয়া এলাকায় ভোটের ব্যবস্থা করবে পুলিশ, নির্বাচন কমিশনের কোনো ভূমিকা সেখানে নেই।”
তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কলারোয় থানার ওসি শেখ মারুফ আহম্মদকে দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি।
