২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন ইসির

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল’ গঠন করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 01:15 AM

Updated : 19 Aug 2022, 03:04 PM

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

এ সেল নির্বাচনের দুই দিন আগে থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে তথ্য দিয়ে হালানাগাদ রাখবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামকে সেলের প্রধান করা হয়েছে।

ছয় সদস্যের এ সেলে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা, পুলিশ হেডকোয়ার্টার্সের একজন কর্মকর্তা, বিজিবি/র‌্যাব/আনসার ও ভিডিপি/কোস্টগার্ডের একজন কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা।

নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত এ সেলের জন্য প্রতিনিধি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচনে মোতায়েন আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে ইসিকে জানাবে এই সেল।

সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে মাঠ পর্যায়ে।

ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন, ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে রিটার্নিং কর্মকর্তা  ও প্রিজাইডিং কর্মকর্তাদের সহায়তা দেবে এই সেল।