২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১০: নৌকায় সরব তাপস, পিছিয়ে মান্নানের ধানের শীষ

ঢাকা-১০ আসনে নৌকা নিয়ে শেখ ফজলে নূর তাপস সরগরম প্রচারে থাকলেও ধানের শীষের অল্পবিস্তর পোস্টার ছাড়া ভোটের মাঠে অনেকটাই নিরব আবদুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফখরুল শাহীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 12:23 AM

Updated : 11 Oct 2022, 12:51 PM

রাজধানীর ধানমণ্ডি-কলাবাগান, নিউমার্কেট এবং হাজারীবাগ এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনে ভোটপ্রার্থী রয়েছেন ছয়জন। 

নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, ধানের শীষে বিএনপির আবদুল মান্নান, হাতাপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম, বাঘ প্রতীকে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) বাহারানে সুলতান বাহার এবং লাঙ্গল নিয়ে জাতীয় পাটির্র হেলাল উদ্দিন রয়েছেন ভোটের লড়াইয়ে।

১৯৯১ সালে ধানের শীষের পর ১৯৯৫ সালে নৌকা, ২০০১ সালে আবার ধানের শীষ বিজয়ী হয়েছিল এই আসনে। বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে তাপস ২০০৮ সালে প্রথম ভোটে দাঁড়িয়েই জয় পান এই আসনে। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

তিন লাখ ১৩ হাজার ৭৫৮ জন ভোটারের এই আসনে গত কয়েক বছরের ভোটের সমীকরণে এবারও প্রতিদ্বন্দ্বিতা যে তাপস ও  মান্নানের মধ্যেই হবে, তা স্পষ্ট।

তাপসের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও থানা ও ওয়ার্ড নেতারা প্রচারে নামলেও মান্নানের জন্য বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি বলে জানাচ্ছেন এই আসনের ভোটাররা।

ধানমণ্ডি এলাকায় চা বিক্রি করেন বাপ্পি মজুমদার। দীর্ঘদিন ধরে এই এলাকাতেই তার বসবাস। তিনি ঢাকা-১০ আসনের ভোটার।

এলাকায় ভোটের হালচাল নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাপ্পি বলেন, “এখনও পর্যন্ত বিএনপির কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। এই আসনে আব্দুল মান্নান আগে এমপি ছিলেন। বিএনপির অনেক লোকজন আছে এখানে। কিন্তু কাউকে তো প্রচারে নামতে দেখি না। পোস্টার-ব্যানারও নাই।”

বুধবার এই নির্বাচনী এলাকা ঘুরে মান্নানের পোস্টার ও প্রচার চোখে পড়লেও ধানের শীষের প্রার্থীর পোস্টার ছিল নির্দিষ্ট এলাকায়। কেবল মাত্র ধানমণ্ডি-২২ ও ধানমণ্ডি-২১ নম্বর সড়কেই তা সীমাবদ্ধ।

Image
নিজের ক্যাম্পে সভায় বিএনপির প্রার্থী আব্দুল মান্নান

নিজের ক্যাম্পে সভায় বিএনপির প্রার্থী আব্দুল মান্নান

ধানের শীষের প্রচারে বাধা দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে বাপ্পি বলেন, “আমি তো এমন দেখিনি যে পোস্টার লাগানোর সময় কেউ কাউকে বাধা দিয়েছে। তাছাড়া এই দিকে তো তাদের পোস্টার লাগানোই হয় নাই। কাউকে পোস্টার লাগাতেই দেখি নাই।”

এই আসনের জনগণ তাপসকেই চায় বলে দাবি করেন কলাবাগান এলাকার ভোটার আফজাল হোসেন।

তিনি বলেন, “আগে আমাদের মার্কেটগুলো থেকে নিয়মিত চাঁদা উঠানো হত। এখন কাউকে চাঁদা দিতে হয় না। এই ধরনের চাঁদাবাজি বন্ধের মাধ্যমে কলাবাগান এলাকায় তাপস ভাই জনপ্রিয়। প্রচারেও উনি এগিয়ে।”

অন্যদিকে সবাই ভোট দেওয়ার সুযোগ পেলে মান্নান এমপি হবেন বলে মনে করেন ফুটপাতের দোকানি কাউসার আহম্মেদ।

Image
গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস

গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস

হাজারীবাগ এলাকার বাসিন্দা কাউসার অনেকদিন ধরে নিউমার্কেট এলাকায় ব্যবসা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। জোর করে ভোট নিয়ে গেলে তো মান্নান ভাই হারবেই। তখন তো আর কিছু করার  নাই।”

লিফলেটসহ পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যেতে সরকার সমর্থকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যন মান্নানের।

এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি,  ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় সবাই সমান সুযোগ পাচ্ছে। কাউকে কোথাও বাধা দেওয়া হচ্ছে না।”

জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, “গত ১০ বছরে সব সময়ই জনগণের পাশে ছিলাম। সব সময় এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ রেখেছি। কারও কোনো সমস্য হলে দৌড়ে এসেছি। আমার দরজা সকলের জন্য উন্মুক্ত, আমি সাধ্যমত জনগণের পাশে ছিলাম।”

Image
হাতপাখার প্রচার

হাতপাখার প্রচার

ধানের শীষের প্রচার কম থাকলেও  নৌকার সঙ্গে প্রচারে তাল মিলিয়ে চলছেন হাতপাখা প্রতীক নিয়ে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আ. আউয়াল।

ঢাকা-১০ আসনের এক বাড়ির মালিক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির কেউ তো মাঠে নেই। ওলিগলি সব জায়গাতেই আওয়ামী লীগের প্রোগ্রাম। শুধু নৌকার মিছিলই চোখে পড়ে। মাঝে মাঝে হাত পাখার মিছিল।”

কলাবাগান বাজারের পাশের দোকানি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ হঠাৎ দেখি হাতপাখার মিছিল সমাবেশ। আর নৌকার প্রচার তো সবসময়ই চলছে।”