ভোট দিয়ে যেন নিরাপদে বাড়ি ফেরা যায়: আহ্বান ইসিকে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে ভোটাররা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে রকম পরিস্থিতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে এক সভা থেকে।
তা না হলে সাংবিধানিক এই সংস্থাটি কোনোভাবে দায় এড়াতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সভার বক্তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন : বর্তমান পরিস্থিতি ও করণীয় নির্ধারণ’ শীর্ষক এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।
সভার সভাপতি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি জিয়াউদ্দিন তারিক আলী বলেন, “নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। নির্বাচন কমিশনকে আমাদের চোখে চোখে রাখতে হবে। নির্বাচন কমিশনের সামনের সব বাধা শক্ত হাতে মোকাবেলা করে তার দায়িত্ব পালন করতে হবে।”
অতীতের মতো নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুরা যাতে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেই বিষয়ে কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান তারিক আলী।
ঐক্যন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য বলেন, এই পযন্ত নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারেনি।
“আর নয় দিনের মধ্যে কী অভাবনীয় ঘটনা ঘটবে, তা আমি আশা করতে পারি না। তারপরও আমি বলব, দল-মত নির্বিশেষে বিনা বাধায় মানুষ যাতে তার ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকেই নিতে হবে।”
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, “নির্বাচন কমিশনকে দুর্বলই মনে হচ্ছে। কোনো ক্ষেত্রেই তারা অ্যাকশন নিচ্ছে না। নির্বাচন কমিশনের অবস্থা দুদকের মতো হয়ে পড়েছে। নির্বাচন কমিশনকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “কিছু কিছু এলাকায় দেখছি দুই প্রধান দলের প্রার্থীরা কোলাকুলি করে শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিংসহ নির্বাচনী প্রচার করছে। আমরা চাই, সারাদেশেই এ পরিস্থিতি বিরাজ করুক।”
নির্বাচনের আগে ও পরে যাতে কোথাও সহিংসতা না ঘটে, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপদে রাখতে তাদের প্রতিবেশীদের সজাগ থাকার অনুরোধ জানান এ নাট্যব্যক্তিত্ব।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি সারোয়ার আলী বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বলছেন সব কিছু ঠিকঠাক, অথচ সারাদেশে সহিংসতা বিরাজমান। নির্বাচন উপলক্ষে এখন যে কোনো সহিসংতা ঘটলে এর দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে, কারণ তফসিল ঘোষণার পর সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের।”
তিনি বলেন, “আমরা আগামীকাল থেকে আর কোনো সহিংসতা দেখতে চাই না। সাধারণ মানুষদের আকাঙ্ক্ষা নির্বাচনটা শান্তিপূর্ণ হোক। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, নিরাপদে বাড়ি ফিরতে পারেন, নির্বাচনে যাতে জনগণের রায় প্রতিফলিত হয়, সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, “এখন পযন্ত মাঠের পরিস্থিতি মনে হচ্ছে, মানুষ ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন। তবে আমি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলব প্রত্যেক লোক যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেই ব্যবস্থা বজায় রাখতে হবে।”
মুক্তিযুদ্ধবিরোধী এবং জামায়াতে ইসলামীর কাউকে ভোট না দেওয়ার আহ্বান সিপিবির এই নেতা।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, “প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে, যাতে পূর্বের মতো কোনো সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে এর দায় তারা কেউ এড়াতে পারবে না।”
আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপনে সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হাশেম বলেন, “ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ অবশ্যই রক্ষা করতে হবে। ভোটের দিন সহিংসতা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, তাই নির্বাচনের দিন মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে প্রভাবমুক্ত হয়ে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে।”
