মৌলভীবাজারে সরে দাঁড়ালেন গণফোরাম প্রার্থী
নিজ দলের নেতাকর্মীদের অসহযোগিতার অভিযোগ তুলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গণফোরামের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শান্তিপদ ঘোষ।
সংবাদ সম্মেলনে শান্তিপদ ঘোষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা গণফোরামের সদস্য আব্দুল আজিজ।
লিখিত বক্তব্যে বলা হয়, “এই নির্বাচনী এলাকায় আমার দলের (গণফোরাম) সর্বোচ্চ নেতৃবৃন্দের সবুজ সংকেত পেয়ে আমি মনোনয়নপত্র জমা দেই৷ পরবর্তীতে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকায় রহস্যজনক কারণে আমার নামটি বাদ পড়ে।
এই অবস্থায় নিজ দলের নেতাকর্মীদের চাপের মুখে ও ভোটারদের উৎসাহে তিনি উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেন বলে লিখিত বক্তব্যে বলা হয়।
“কিন্তু প্রচার শুরু হওয়ার পর থেকেই ঐক্যফ্রন্টের শরিক ও তৃণমূলে সাংগঠনিকভাবে শক্তিশালী দল বিএনপিসহ আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা আমার নির্বাচনী প্রচার কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েন৷ এমতাবস্থায় আমার নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সুপরামর্শে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।”
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরাম মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা সভাপতি আজাদুর রহমান, জেলা সদস্য মো. আতিকুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি রাসেন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোমিন তফাদার প্রমুখ৷
এই ধানের শীষ প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এবং নৌকার প্রার্থী আব্দুস শহীদ।
