নরসিংদী-২: মঈন খানের চেয়ে হাতপাখার পোস্টার বেশি!
১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী ধানের শীষ, এবারও প্রার্থী বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান; তারপরও নরসিংদী-২ আসনে বিএনপির প্রচার তেমন দেখা যাচ্ছে না।
ভোটের ১০ দিন আগে নরসিংদী সদর উপজেলার তিনটি, পলাশ পৌরসভা ও এই উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন ঘুরে ধানের শীষের চেয়ে ইসলামী আন্দোলনের হাতপাখার পোস্টারই বেশি দেখা গেছে।
তবে পুরো এলাকা সরব নৌকার প্রচারে। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। তার নির্বাচনী ক্যাম্পগুলো সরব নেতাকর্মীদের উপস্থিতিতে। রাস্তাঘাট ছেয়ে আছে নৌকার পোস্টার।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তাদের প্রচার করতেই দিচ্ছে না পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ, এমনকি সাবেক মন্ত্রী মঈন খান প্রচারে নামার পর তার উপরও হামলা হয়েছে।
তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, মঈন খান ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়েছেন বলে তার পক্ষে এখন কেউ নেই।
ঢাকার কাছে নানা শিল্প কারখানায় ভরা নরসিংদীর এই আসনে মোট ভোটার দুই লাখ ৩৪ হাজার ৩৭৩ জন। এর মধ্যে এক লাখ ১৪ হাজার ৮৩৪ নারী, এক লাখ ১৯ হাজার ৫৩৯ জন পুরুষ।
ধানের শীষের মঈন খান ও নৌকার দিলীপের পাশাপাশি এখানে প্রার্থী আছেন জাতীয় পার্টির মো. আজম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আরিফুল ইসলাম ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সাদিকুন নাহার।
এলাকা ঘুরে হাতপাখার পাশাপাশি জাতীয় পার্টির আজম খানের কিছু পোস্টারও দেখা গেছে।
মঈন খানের নিজের বাড়ি চরনগরদী এলাকা ছাড়া আর কোথাও ধানের শীষের পোস্টার চোখে পড়েনি। বিএনপির নির্বাচনী ক্যাম্পও দেখা যায়নি কোথাও।
বিএনপি নেতারা বলেন, মামলার কারণে তাদের অনেকে এলাকাছাড়া। যারা আছেন, তাদের কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। গত ১১ ডিসেম্বর আমদিয়া ইউনিয়নের বেলাব বাজারে এবং ১৬ ডিসেম্বর পাঁচদোনায় মঈন খানের নির্বাচনী গণসংযোগে হামলা হয়েছে, ক্ষমতাসীনরা নানা হুমকি দিচ্ছে। ফলে প্রচারে নামা যাচ্ছে না।
পাঁচদোনা ইউনিয়নের বিএনপিকর্মী আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ একটা পোস্টার লাগাইতারে না, মিছিল করতারে না (কেউ পোস্টার লাগাতে পারছে না, মিছিল করতে পারছে না)। আওয়ামী লীগের লোকেরা মারতো আইয়ে। আর নেতাগো সবাইরে তো পুলিশে দৌড়ের ওপর রাকছে। নির্বাচন ক্যামনে করব?”
প্রচারে না নামার কারণ জানিয়ে এক বিএনপিকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিএনপিরে পছন্দ করি, কিন্তুক লাভের লাইগ্গা তো দল করি না। হুদাহুদি মাইর খামু নাকি?”
বিএনপি নেতা-কর্মীদের কথায় সমর্থন মিলেছে এলাকার বেশ কয়েকজনের কথায়।
দক্ষিণ নেহাব গ্রামের আনোয়ার হোসেনের ভাষায়, “দেইক্কা মনে অইতাছে, ভোট সুষ্ঠু অইত না। প্রশাসন নিরপেক্ষ না। হেদিন মঈন খানের মিটিংয়ে হামলা করছে, হের গাড়ি ভাঙছে, মোটর সাইকেল ভাঙছে।
“কিন্তুক পুলিশ খালি মঈন খানের কর্মীগো ধরতাছে। নিরপেক্ষ অইলে দুইপক্ষের লোকরে আটকাইত, মারামারি দুই পক্ষই করছে।”
মঙ্গলবার জিনারদী এলাকায় গণসংযোগ করেন মঈন খান। তিনি অভিযোগ করেন, নির্বাচনে হারের আশঙ্কা থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।
মঈন খান সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ বুঝে গেছে, তাদের সন্ত্রাসীরা ছাড়া পলাশের আর কেউ তাদেরকে একটি ভোটও দেবে না। এ অবস্থায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ এলাকা সন্ত্রাসী দিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, যাতে করে তারা কেউ ভোট কেন্দ্রে না যায়।”
গত ১১ ডিসেম্বর থেকে প্রতিদিনই নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি প্রার্থীর।
“সামান্য গণসংযোগেও তারা অস্ত্রধারী সন্ত্রাসী পাঠিয়ে বাধা দিচ্ছে। অন্যদিকে প্রশাসনকে ব্যবহার করে এই আট দিনে আমাদের ৩০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। যাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই। আমাদের কর্মীদের ওপর হামলা করেছে, আবার পুলিশ তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছে।”
বিএনপির অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী দিলীপ পাল্টা অভিযোগ করেন মঈন খানের বিরুদ্ধে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (মঈন খান) দলবল নিয়ে আমদিয়া ইউনিয়নে আমাদের একটি অফিস ভাংচুর করেছেন। বাসস্ট্যান্ড এলাকায় আমাদের এক ছাত্রলীগের কর্মীকে কুপিয়েছে। গুচ্ছগ্রামে আমাদের একটি কেন্দ্রের চেয়ার-টেবিল ভাংচুর করেছে। এতকিছুর পরেও আমরা প্রতিরোধ করি নাই।
“এসব ক্ষোভের কারণে পাঁচদোনা মোড়ে নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন, এটা খুব বড় হয়ে গেছে?”
পলাশের চারটি ইউনিয়ন ছাড়াও নরসিংদী সদরের আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়ায় এক সময় বিএনপির একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন অবস্থা বদলেছে বলে দাবি করেন আমদিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আরিফুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঈন খান সাহেবের দুয়েকজন কাছের লোকের কাছে পুরো এলাকার লোকজন জিম্মি ছিল। এমপির ক্ষমতা ব্যবহার করে তারা নানা অপকর্ম করত। কিন্তু তিনি জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। তিনি বেশিরভাগ সময় ঢাকায় থাকেন বলে এলাকার মানুষের সঙ্গে তার একটা দূরত্বও তৈরি হয়েছে।”
মেহেরপাড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আওয়ামী লীগ নেতা আমির হোসেন বলেন, “তারা নির্বাচন করবে কীভাবে? আমাদের এখানে তারা এজেন্ট দিতে পারে কি না, সন্দেহ আছে।"
পুরনো খতিয়ান
নরসিংদী-২ আসনে ১৯৯১ সাল থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে টানা তিনবার ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন মঈন খান। প্রতিবারই ২০ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি।
১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের অবস্থান ছিল তৃতীয়। দ্বিতীয় অবস্থানে ছিল জাতীয় পার্টি। তবে এরশাদের দলটির আগের অবস্থা এখন আর নেই।
বিএনপির এই ‘দুর্গ’ আওয়ামী লীগের কব্জায় আসে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে। দিলীপ সেবার ২৯ হাজার ৮২৮ ভোটে মঈন খানকে হারান।
২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে জাসদের জায়েদুল কবীরকে মনোনয়ন দিয়েছিল ১৪ দল। নৌকা প্রতীক নিয়ে ২৭ হাজার ২৩৪ ভোট পান তিনি।
সেবার দিলীপের ভাই কামরুল আশরাফ খান পোটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৮ হাজার ২১৩ ভোটে নির্বাচিত হন তিনি।
নিজে সরে দাঁড়ালেও ভাইয়ের জয়ের নেপথ্যে ভূমিকায় আলোচিত দিলীপ এবার আবার দলীয় মনোনয়ন বাগিয়ে নিয়েছেন। আর ভাইয়ের জন্য নিজে প্রার্থী হননি বর্তমান সংসদ সদস্য পোটন।
মঙ্গলবার দিনভর আমদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে থাকা দিলীপ দাবি করেন, ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এবার নৌকায় ভোট দেবে।
“পলাশে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেসব উন্নয়নকাজ করেছি তাতে মানুষ খুশি। এজন্য আমি আশাবাদী যে মানুষ নৌকায় ভোট দেবে।”
আশাবাদী মঈন খানও। তিনি বলেন, “পলাশে আমার অবস্থান কেমন, তা জানতে হলে একটি সুষ্ঠু,নিরপেক্ষ এবং সরকারের প্রভাবমুক্ত নির্বাচন লাগবে। সেই ধরনের একটি নির্বাচন সম্পূর্ণ সঠিক নির্বাচনের পরেই বুঝতে পারবেন, জনগণ আমার সঙ্গে আছে কি নাই।”
ভোটের মাঠ ‘ঠাণ্ডা’
দুই প্রধান দলের একটি বিএনপির প্রচার সরগরম না হওয়ায় হতাশ চরসিন্দুর ইউনিয়নের জামতলা মোড়ের চা দোকানী হোসেন আলী। তার ভাষায়, নির্বাচন এখনও জমেনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন দ ঠাণ্ডা। ইলেকশনের আর ক দিন। নির্বাচনের কোনো নমুনা দেহেন? এক দলের নির্বাচন এমুন অই অইব। সব দলের নির্বাচন অইলে ভিড়ের কারণে আমার চায়ের দোহানে এই সময় বইতারতেন না, চা স্টল গরম থাকত।”
পাঁচদোনা ইউনিয়নের চাকশাল গ্রামে কথা হয় কয়েকজন যুবকের সঙ্গে। টঙ্গী-পাঁচদোনা সড়কের পাশের এই গ্রামের যুবকরা বলছেন, নির্বাচন ‘সুষ্ঠু’ হলে এই আসন থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হবে।
তবে এই যুবকদের কেউই নাম প্রকাশ করতে রাজি হননি।
এদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির লোকজন মাডেই নামতারে না, মিছিল- মিটিং করব ক্যামেনে। তয় মাইনসের মুখে হুনি সুষ্টু বোট অইলে মানুষ নীরবে বোট দিব।”
সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ কোনো কেন্দ্রে ‘পাত্তা পাবে না’ বলে দাবি করেন জিনারদী ইউনিয়ন বিএনপি নেতা কাঞ্চন খন্দকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও আমাদের অবস্থান অনেক ভালো। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমরাই জিতব। আমরা ৩০ তারিখের জন্য অপেক্ষা করছি। আমাদের নজর ভোটকেন্দ্রের দিকে, যেন সবাই ভোট দিতে পারে।”
শেখ হাসিনার উন্নয়নের জন্য নৌকাকে ভোট দেবেন বলে জানান ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার তরুণ মোহাম্মদ শাকিল।
“আমি এবারই ভোটার হয়েছি। আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। এজন্য নৌকায় ভোট দেব।”
কালীরহাট মোড়ের দোকানি লিখন সরকারের আশা ভোট হলে আওয়ামী লীগই বিজয়ী হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. মঈন খানের অবস্থান এক সময় খুব ভালো ছিল। কিন্তুক ওনার সাগরেদরা তাকে ডুবিয়েছে। এছাড়া তিনি তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেননি। এছাড়া আওয়ামী লীগ গত ১০ বছরে এলাকায় উন্নয়ন করেছে।”
দক্ষিণ নেহাব গ্রামের আবদুল কাইয়ুমের মতে, সজ্জন মঈন খানের ভাবমূর্তি দুজন ব্যক্তির কারণে কিছুটা নষ্ট হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার (মঈন খান) যেমন লোক, সারাজীবন এমপি হওয়ার কথা। কিন্তু পাঁচদোনা ইউনিয়নের ফজলুল হক আর আর আমদিয়া ইউনিয়নে শরফুদ্দিনের মতো দুই-তিনজন লোকের লাইগ্গা স্যার নিজের ক্ষতি করছেন। তিনি শুধু তাদের কথাই শুনেছেন, তাদের হাতে ছিল সব ক্ষমতা। তাদের নানা অপকর্মের দায় স্যারকে নিতে হয়েছে।”
পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের নৌকার ক্যাম্পে কথা হয় ঘোড়াশালের বাংলা জুট মিলের কর্মী মাসুদ মিয়ার সঙ্গে। নৌকার মনোনয়ন প্রত্যাশী আলতামাস কবির মিশুর সমর্থক ছিলেন তিনি। তিনি মনোনয়ন না পাওয়ায় এখন দিলীপের পক্ষে কাজ করছেন।
মাসুদ বলেন, “লিডার (মিশু) নমিনেশন পান নাই; তিনি বলে দিয়েছেন নৌকার পক্ষে কাজ করতে। আমরা শেখ হাসিনার মার্কা নৌকার পক্ষে কাজ করতাছি। নৌকার জোয়ার আইছে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি নেতারা আসেন না। স্থানীয় কর্মীরা চুপচাপ, ভয়ে বের হয় না। আগের নির্বাচনের সময় যেমনে নির্বাচনে নামতো, এবার সেই সুযোগ নাই।”
প্রচার দেখে নৌকার প্রার্থীকে এগিয়ে রেখে জিনারদি ইউনিয়নের বাড়ারচর গ্রামের কৃষক আলফাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির সমর্থকরা কোনো সুযোগই পাচ্ছে না।
“এইডা মঈন খানের নিজের এলাকা। কিন্তুক এনেও উনি মিটিং-মিছিল করতারেন না। জবান বন্দ। কিয়ের ইলেকশন অইব। একদলের পোস্টারে এলাকা ভরা, আরেকদলের পোস্টারই লাগাইতে পারে না।”
গোকুলনগর গ্রামের বাসিন্দা প্রবীণ বাসিন্দা জয়নাল আবেদীনের মতে, এবার ‘জুলুমের’ নির্বাচন হচ্ছে।
“বাড়ি বাড়ি আইসা হুমকি দেয়, ভোটকেন্দ্রে গেলে নাকি মারব। আমি ভোট দিতাম যাইতামই না। যুদি দেহি ভোট সুষ্ঠু অয়, তা অইলে যামু।”
দক্ষিণ নেহাব গ্রামের আনোয়ার হোসেনের চাওয়া ভোট যেন সুষ্ঠু হয়।
“আমরা চাই ভোটটা সুষ্ঠু হউক। যেয় খুশি হেয় পাস করুক।”
