২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিশ্রুতির অর্ধেক পূরণ করলেও সোনার দেশ হবে’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের নজর কাড়তে প্রধান রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতির ডালি সাজিয়ে যে ইশতেহার ঘোষণা করেছে, তার বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ মানছেন বিশ্লেষকরা।

মঈনুল হক চৌধুরী

ও কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2018, 10:36 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

গত দশ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ‘সমৃদ্ধির অগ্রযাত্রা’ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার ইশতেহার ঘোষণা করেছে। তাদের ভাষায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। 

দুই মেয়াদে বাংলাদেশে সরকার পরিচলনা করা বিএনপিও একই দিনে ইশতেহার ঘোষণা করেছে। তাদের ইশতেহারে প্রাধান্য পেয়েছে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার’ প্রতিশ্রুতি। তাদের ভাষায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার ‘কেড়ে নিয়েছে’; বিএনপি ক্ষমতায় গেলে সেটাই ফিরিয়ে দেবে।          

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, গত দুই যুগের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা এ দুই দলের ইশতেহারেই ভোটারদের তুষ্ট করতে নানা ‘রাজনৈতিক বাগাড়ম্বর’ এসেছে। কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থেকে প্রাসঙ্গিক অনেক বিষয়ই তারা বাস্তবায়ন করেনি।

যে দলই ক্ষমতায় যাক, প্রতিশ্রুতির অর্ধেকও যদি তারা পূরণ করে বা করতে পারে, তাহলেই বাংলাদেশ ‘সোনার দেশ’ হয়ে যাবে বলে মনে করেন তিনি। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, ইতিবাচক অনেক প্রস্তাব ও অঙ্গীকার দুই দলের ইশতেহারেই আছে। কিন্তু তার কতটুকু তারা বাস্তবে করবে- সেটাই মূল বিষয়। ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক না হলে এসব প্রতিশ্রুতি কেবলই ফাঁকা বুলি হয়ে থাকবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মনে করেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অনেক কিছুই বলা হয় কেবল ভোট পাওয়ার জন্য। ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সেই জবাবদিহির ব্যবস্থাও থাকা উচিত।

নির্বাচনের আগে একটি ইশতেহার দিতে হয় বলেই রাজনৈতিক দলগুলো তা দিচ্ছে কি না- সেই প্রশ্ন রেখেছেন মানবাধিকার কর্মী খুশি কবির।

দেশকে যেখানে নিয়ে যাওয়ার স্বপ্ন দলগুলো দেখাচ্ছে, সেখানে পৌঁছানোর স্পষ্ট কোনো পথনির্দেশ ইশতেহারে আসেনি বলে মন্তব্য করেছেন তিনি।  

আওয়ামী লীগের ইশতেহারে যা আছে  

যা আছে বিএনপির ইশতেহারে  

প্রধান দুই দলের নির্বাচনী ইশতেহার নিয়ে এই চারজনের পর্যালোচনা তাদেরই জবানীতে-

মহিউদ্দিন আহমদ

লেখক, গবেষক

Image
মহিউদ্দিন আহমদ

মহিউদ্দিন আহমদ

ইশতেহারে কিছু রাজনৈতিক বাগাড়ম্বর রয়েছে; আবার সুনির্দিষ্ট কিছু প্রস্তাবও রয়েছে। কিছু কিছু পার্থক্য রয়েছে… রাজনৈতিক লাইন অনুযায়ী তারা কথা বলেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে মিলও রয়েছে।

বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রস্তাবে সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো দীঘদিন ধরে জন আলোচনায় ছিল, ১/১১ এর সময় এগুলো আলোচিত হয়েছিল। যারা আলোচনা করেছিলেন তারা এখনও বিএনপি ও আওয়ামী লীগে রয়েছেন।

সুতরাং এগুলো হুট করে আসেনি এবং এগুলো নিয়ে আলোচনা হতেই পারে। তবে এ ধরনের সাংবিধানিক সংস্কার করতে গেলে জাতীয় ঐকমত্যের দরকার। এককভাবে কোনো দল বা জোটের পক্ষে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব না।

প্রথমবারের মতো অনেক তরুণ ভোট দেবেন এবার, যারা গত ১০ বছরে ভোট দিতে পারেননি। তাদেরকে আকৃষ্ট করতে বেশ কিছু কথা রয়েছে ইশতেহারে।

কিন্তু যে জিনিসটি বলা নেই, তা হল কী কৌশলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তরুণদের মূল প্রত্যাশার বিষয় হল কর্মসংস্থান। সেখানে ঐক্যফ্রন্টের বলা বেকার ভাতা হচ্ছে একেবারেই কসমেটিক সল্যুশন; স্ট্যান্টবাজিও আছে এর মধ্যে।

তরুণরা বেকার থাকতে চায় না; তারা চায় লাভজনক কর্মসংস্থান। তো তাদেরকে ভাতা দিয়ে পোষার মতো অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের নেই। গরিব দেশে কর্মসংস্থান তৈরির জন্য প্রচুর বিনিয়োগ দরকার।

সেই সঙ্গে শিক্ষাখাতে আরও বেশি বরাদ্দ করতে হবে, যাতে মান সম্পন্ন ও দক্ষ জনশক্তি গড়ে ওঠে। দেশে শিক্ষার মান খুব পড়ে গেছে, এ দিয়ে কাজ হবে না। নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি দরকার, সেজন্য প্রচুর বিনিয়োগ করতে হবে।

দুই দলের ইশতেহারে কিছু কিছু বিষয়ে মিলও পাওয়া যায়। আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছে সংখ্যালঘু কমিশন করা হবে। বিএনপি বলছে, তারাও সংখ্যালঘু মন্ত্রণালয় করবে। মুশকিল হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলা হয়, অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার কথা বলা হয়, সেখানে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কোনো কথা তো নেই।

কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু এটা নির্ধারণ করার ক্ষমতা কে দিল? আসল সমস্যাটি এখানে পাস কাটিয়ে যাওয়া হয়েছে। সমতাভিত্তিক সমাজের কথা যদি চিন্তা করা হয়, সেখানে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু থাকবে না।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে কিছু সুযেগ সুবিধা আলাদা করে দেওয়া দরকার। সেটা পজেটিভি ডিসক্রিমিনেশন। কিন্তু মুসলমান সংখ্যাগুরু, হিন্দু সংখ্যালঘু এ কনসেপ্ট যারা মুখে বা অবেচতনে লালন করেন; এটা বর্জন করা উচিত।

ইশতেহারে দেখা গেল, এক্ষেত্রে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে খুব একটা পার্থক্য নেই।

তরুণদের কর্মসংস্থানের বিষয়ে ইশতেহারে প্রতিশ্রুতি এসেছে। দেশে সরকারি চাকরিতে ১০-১২ লাখের বেশি লোক নেই। দক্ষ সরকারের জন্য দরকার একটা ছোট সরকার। লোকবল বাড়ালে দুর্নীতিই বাড়ে, দক্ষতা বাড়ে না।

কর্মসংস্থান করতে হবে মূলত বেসরকারি খাতে। অবকাঠামোতে যত বেশি বিনিয়োগ হবে, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হবে, তত বেশি কর্মসংস্থান তৈরি হবে।

সার্বিকভাবে সব দলের ইশতেহারেই কিছু ভালো কথা রয়েছে। আর বাগাড়ম্বরও রয়েছে। ভালো কথা যেগুলো রয়েছে- যদি প্রতিশ্রুতি রাখে, যারাই সরকারে যাক না কেন তারা ৫০% যদি ইমপ্লিমেন্ট করে দেশটা সোনার দেশ হয়ে যাবে।

অতীতে দুই দলই ক্ষমতায় ছিল। বিএনপি যখন সরকারে ছিল, এসব বিষয় তখনও প্রাসঙ্গিক ছিল; তারা করেনি।

আর আওয়ামী লীগ বলছে, গণমুখী প্রশাসন-সুশাসনের কথা। কিন্তু সুশাসনের অন্তরায় অনেক কার্যকলাপ এখনও হচ্ছে।

ইফতেখারুজ্জামান

নির্বাহী পরিচলক, টিআইবি

Image
ইফতেখারুজ্জামান

ইফতেখারুজ্জামান

ইশতেহারে ভালো কথাগুলো গুছিয়ে বলা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে নমনীয় মনোভাব নিয়ে ভালো কথা শোনার সুযোগ তৈরি হয়।

ঐক্যফ্রন্ট ও বিএনপির ইশতেহার উচ্চাভিলাষী বলেই মনে হয়েছে। অনেক প্রস্তাব, অঙ্গীকার… সবগুলোই ইতিবাচক; কিন্তু কতখানি ডেলিভার করতে পারবে তা বিবেচনার বিষয়।

সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরসন (Truth and Reconciliation) কমিশন গঠন করার কথা বলেছে ঐক্যফ্রন্ট। এটা সুন্দর আইডিয়া। সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এ ধরনের কমিশন করা হয়, সেখান থেকে ধারণা নিয়েছে।

কিন্তু তারা যেটা বলছে বলে মনে হয়েছে- বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন-এ ধরনের অপারাধ ১০ বছরে যা ঘটেছে তার জন্যে এ কমিশন। 

কথা হচ্ছে, গত ১০ বছর কোন, এর আগে থেকে বিচারবহির্ভূত হত্যা গুম, খুন হয়নি? এ প্রশ্নটি মানুষের মনে উঠবে। আসল উদ্দেশ্যটা কী? এটা কি প্রতিশোধ পরায়ণতা? নকি সত্যিকার অর্থে উপস্থাপন করা হবে।

যে অপরাধগুলো নিয়ে তারা কথা বলছে তা  সমঝোতার বিষয় নয়, বিচারের বিষয়। ‘যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনব’- এ কথা বলার শক্তি দেশবাসী চায়। যারা এগুলোর শিকার হয়েছেন তাদেরকে ন্যায়বিচার দিতে হবে।

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণায় প্রধানমন্ত্রী ভালো কথা বলেছেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন- প্রধানমন্ত্রীর এ কথা খুবই ইতিবাচক। বাংলাদেশের রাজনীতিতে সাধারণত এ রকম কথা শোনা যায় না। রাজনৈতিক নেতৃবৃন্দ ভুল স্বীকার করেন এরকম দৃষ্টান্ত কম। প্রধানমন্ত্রী আরও ভালো বলেছেন, ‘ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব’

দেশবাসী আশা করতে পারে, যেসব ঘাটতি ছিল তা উত্তরণ ঘটাবে আওয়ামী লীগ, যদি এবার ক্ষমতায় যায়।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলেছে আওয়ামী লীগ। তার মানে সকলের জন্য উন্নয়ন। জাতীয় প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে হচ্ছে, উন্নয়নও রয়েছে; এটা কৌশলগতভাবে ভালো প্রস্তাব।

মনে রাখতে হবে, কোনো দেশে উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক হয় না যদি মানুষের বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। তা হলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কখনোই সম্ভব হয় না।

আওয়ামী লীগের আমলে বিশেষ করে গত দুবছরে কতগুলো আইন হয়েছে- ডিজিটাল নিরাপত্তা আইন… যাতে মানুষের মতপ্রকাশ, গণমাধ্যম ও বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে, সেগুলো যদি তারা সংস্কার করে, ঢেলে সাজায়, তাহলেই প্রস্তাবটি অর্থবহ হবে; তা না হলে ফাঁকাবুলি হয়ে থাকবে।

দর্নীতি রোধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। জনগণ এর শতভাগ বাস্তবায়নের প্রত্যাশা করে। এ জন্য দুটি পূর্বশর্ত আছে- প্রথমত: যারা দুর্নীতি করেন তাদের বিচারের আওতায় আনা; দ্বিতীয়ত: যে প্রতিষ্ঠানগুলোর ওপর দুর্নীতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তাদের কার্যকর করতে হবে।

দলগুলোর ইশতেহারে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা কথা বলা হয়েছে। যারা প্রথম ও দ্বিতীয়বার ভোট দিচ্ছেন, এসব তরুণ ভোটাররাই ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তাদের আকৃষ্ট করতে কর্মসংস্থান করার জন্য বলা হয়েছে।

কর্মসংস্থান যতই হোক, তা দলীয় বিবেচনায় হলে অর্থবহ হবে না।

পাশাপাশি কর্মসংস্থান যেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়, সেটাও বিবেচনা রাখতে হবে।

সৈয়দ মনজুরুল ইসলাম

অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

Image
সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম

বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল না, তাই ইশতেহারে তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতিগুলো কোন উপায়ে বাস্তবায়িত হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা সেখানে নাই।

যেমন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ১১ শতাংশে উন্নীত হবে, রপ্তানি প্রবৃদ্ধি তিনগুণ বাড়ানো হবে- কিন্তু তার কোনো রূপরেখা নাই, যেটা অলীক মনে হয়েছে। এগুলো ভোট টানার কৌশল।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ন্যায়পাল নিয়োগের প্রতিশ্রুতিগুলো ইতিবাচক। কিন্তু দুর্নীতি নিয়ে অবস্থান তাতে স্পষ্ট হয়নি।

বিএনপির শীর্ষ দুই নেতা বর্তমানে দণ্ডিত। একজন কারাভোগ করছেন, আরেকজন পলাতক আছেন। এগুলো কিন্তু দুর্নীতির দায়ে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয়। হাওয়া ভবন একটা সময় প্যারালাল প্রশাসন চালাতো। সেসব ব্যাপার আর কখনও হবে না- সে বিষয়ে ঘোষণা থাকা উচিত ছিল ইশতেহারে।

বিএনপির ইশতেহারে শিক্ষাক্ষেত্রে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের বিষয়টি প্রশংসা পেতে পারে। তবে জামায়াতের সঙ্গ ছাড়ার প্রতিশ্রুতির বিষয়ে সেখানে কিছু নেই।

যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপি কথা বলেনি। এটা অনুমিতই ছিল। এজন্য তাদের প্রশংসা করতে হয়। বিএনপি সততার পরিচয় দিয়েছে। তারা যেটা করতে পারবে না, সেটা তারা বলেনি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সে সততার পরিচয়টি দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগ দশ বছর ক্ষমতায় থাকায় নিজেদের অর্জনগুলো আরও বড় পর্যায়ে আদায়ের চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছে।

তাদের ইশতেহারে দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। তারা তো ১০ বছর ক্ষমতায় ছিল, তাদের অনেকেই দুর্নীতি করেছে। সেটা পত্রপত্রিকায় এসেছে। ব্যাংক খাতে বিরাট দুর্নীতি হয়েছে। তারা কেন সেটা প্রতিরোধ করেনি- সেটা তো জনগণ জানতে চায়।

আওয়ামী লীগের ইশতেহারে শিক্ষার মানোন্নয়নের কথা বলা হয়েছে। শিক্ষার মানের সাথে বিনিয়োগ জড়িত। বিএনপি যেখানে বলে ফেলল, জিডিপির ৫ শতাংশ তারা শিক্ষা খাতে দেবে, আওয়ামী লীগের অন্তত ৩ থেকে ৪ শতাংশ বরাদ্দের কথা বলা উচিত ছিল। এই পরিমাণ বিনিয়োগ না হলে শিক্ষার মানোন্নয়নের জন্য কাজগুলো করা সম্ভব হবে না।

পিএসসি ও জেএসসির মতো অবান্তর কিছু পরীক্ষা চাপিয়ে দেয়া হচ্ছে- বিএনপি বলেছে তা বাতিল করবে। এটা বাতিল করাই উচিত।

কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বয়সসীমা থাকবে না- ঐক্যফ্রন্টের এই প্রতিশ্রুতি শুধু ভোট পাওয়ার জন্য।

এটা ৩২ করা যেতে পারে, কিন্তু বয়সসীমা থাকবে না- তা হতে পারে না। ৪৫ বছরের লোকের যে অভিজ্ঞতা তা একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার থাকবে না। তাই স্বাভাবিকভাবেই সে পিছিয়ে পড়বে।

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে জবাবদিহিতার ব্যবস্থাও থাকা উচিত। যদি তা বাস্তবায়নই না হয়, তাহলে তা ছলচাতুরি। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে জাতির সামনে বলতে হবে। হাতে ছিল পারেনি, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এক্ষেত্রে সততা থাকাটা জরুরি।

 

খুশি কবির

সমন্বয়কারী, নিজেরা করি

Image
খুশি কবির

খুশি কবির

৩০ তারিখ নির্বাচন, ১৮ তারিখ ইশতেহার দিল দুটো দল। এতো অল্প সময়ে মানুষের কাছে তা পৌঁছাবে? নাকি এটা দেওয়ার জন্য দেওয়া? এটা একটা প্রশ্ন।   

অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যবিত্ত দেশের কাতারে পৌঁছানোর দিকে গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। নারীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে- কিন্তু কীভাবে তা বলেনি। নারীরা উচ্চ শিক্ষায় যেন সুযোগ পায়, অনগ্রসর নারীদের উন্নয়নে কথা বলা হয়েছে।

কৃষি ও মৎস্য খাতে উন্নত প্রযুক্তির ব্যবহারের কথা বলা হলেও এর ফলে প্রকৃতি ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে কোনো নির্দেশনা নেই।

বিএনপি সব শ্রেণির মানুষের দাবির কথা মাথায় রেখে ইশতেহারে প্রতিশ্রুত দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নের কর্মসূচি তারা দেয়নি।

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপি কোনো কথা বলেনি, জামায়াতকে তো ২২টা সিট দিয়েছে। মানবাধিকার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থানে দুর্বলতা দেখা যাচ্ছে।

বিএনপির ইশতেহারে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব ইতিবাচক। তবে প্রাধানমন্ত্রী পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবে না- তাদের এ প্রস্তাব স্পষ্ট নয়।

দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না- এটা শুনতে ভাল লাগে। কিন্তু বাংলাদেশের মানুষ তো পার্টিকে ভোট দেয়, প্রধানমন্ত্রীকে না। সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। প্রধানমন্ত্রী থাকল কি থাকল না, সেটা তো কোনো বিষয় না। তার ভাই বা তার সন্তানও তো থাকতে পারে।

বিএনপি দেওয়ার খাতিরে ইশতেহার দিয়েছে, কিভাবে বাস্তবায়ন করবে- তা স্পষ্ট নয়।

সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য বলে মনে হয়নি। কেউ যদি ৩৫ থেকে ৪০ বছর বয়সে সরকারি চাকরি শুরু করে, তাহলে সে কতটুকু দিতে পারবে? এখন তো বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটও নেই যে বয়সসীমা বাড়াতে হবে।